• ই-পেপার

‘ব্রাজিল, ব্রাজিল’ স্লোগানে মুখরিত শ্রীমঙ্গল

প্রীতি ফুটবল ম্যাচ

জামালপুরে আর্জেন্টিনাকে ৫ গোলে হারাল ব্রাজিল

জামালপুর প্রতিনিধি
জামালপুরে আর্জেন্টিনাকে ৫ গোলে হারাল ব্রাজিল

জামালপুরের দেওয়ানগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনাকে ৫-০ গোলে পরাজিত করেছে ব্রাজিল। শুক্রবার (১২ জুন) বিকেল সাড়ে ৪টায় দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।

ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। নির্ধারিত ৬০ মিনিটের খেলায় আর্জেন্টিনা কয়েকটি সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে পারেনি। অন্যদিকে ব্রাজিল ধারাবাহিক আক্রমণের মাধ্যমে আর্জেন্টিনার রক্ষণভাগে চাপ সৃষ্টি করে পাঁচ গোলের দাপুটে জয় নিশ্চিত করে।

ব্রাজিলের হয়ে রহিদ দুটি গোল করেন। এ ছাড়া তামরিজ, রিফাত ও সুমন একটি করে গোল করেন। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে ব্রাজিল সমর্থকদের উল্লাসে মুখর হয়ে ওঠে মাঠ।

আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে পারলে তারা মাদক, জুয়া ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে থাকবে। ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন নিয়মিত চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তারা।

বগুড়ায় শিশু হত্যায় প্রতিবেশী দম্পতিসহ ৪ জনের নামে মামলা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ায় শিশু হত্যায় প্রতিবেশী দম্পতিসহ ৪ জনের নামে মামলা

বগুড়ার আদমদীঘিতে নিখোঁজের ৬ ঘণ্টা পর বস্তাবন্দি রাকিকা আক্তার রাকার মরদেহ উদ্ধারের ঘটনায় চারজনের নামে মামলা হয়েছে। শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় ওই শিশুর বাবা রায়হান আলী বাদী হয়ে মামলাটি করেন। মামলায় প্রতিবেশী আমজাদ হোসেন ও তার স্ত্রী বন্যা বেগমসহ ৪ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, রাকিকা আক্তার রাকার মা মনিরা বেগম তালাকপ্রাপ্ত হওয়ার পর থেকে শিশুটিকে তার বাবা রায়হান ও ফুপু লিপি বেগম লালন-পালন করে আসছিল। সে স্থানীয় নুরানি ইসলামী একাডেমি মাদরাসায় শিশু শ্রেণিতে লেখাপড়া করতো। গত বৃহস্পতিবার বিকেল ৫টায় রাকা মনি প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। পরিবারের লোকজন, আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির এক পর্যায়ে রাত ১০টায় প্রতিবেশী আমজাদ হোসেনের বাড়ির একটি কক্ষ থেকে রাকা মনির বস্তাবন্দি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। ওই রাতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাকা মনির মরদেহ উদ্ধার করে এবং ঘটনার সঙ্গে জড়িত প্রতিবেশী আমজাদ হোসেন, তার স্ত্রী বন্যা এবং বাবু হোসেন ও তার স্ত্রী আয়েশা সিদ্দিকাকে গ্রেপ্তার করেছে।

শাহজাহান আলম স্বপন বলেন, স্বর্ণের দুল ছিনিয়ে নিতে শিশুটিকে শ্বাসরোধ ও মাথায় আঘাত করে হত্যা করে মরদেহ ঘরের ভেতর বস্তায় লুকিয়ে রাখা হয়েছিল। আমাদের একটাই চাওয়া, হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক।

আদমদীঘি থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, শিশুটির বাবা বাদী হয়ে ৪ জনের নামে মামলাটি করেছেন। গ্রেপ্তার চারজনের মধ্যে বাবুকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

কক্সবাজারে প্রধানমন্ত্রী

বৃষ্টির মাঝেও পাতলি খাল পাড়ে হাজার হাজার মানুষের ঢল

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার
বৃষ্টির মাঝেও পাতলি খাল পাড়ে হাজার হাজার মানুষের ঢল
সংগৃহীত ছবি

দিনব্যাপী সফরে কক্সবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সকাল দশটার একটু আগেই বাংলাদেশ বিমানের ফ্লাইটটি কক্সবাজার বিমান বন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রী বিমান বন্দর থেকে সার্কিট হাউসে গেছেন। সেখান থেকে যাবেন পাতলি খাল খনন অনুষ্ঠান স্থলে।

এদিকে সকাল থেকেই কক্সবাজারে বর্ষণ শুরু হয়েছে। গত দুদিন ধরে এখানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও আজ সকাল থেকে ভারি বর্ষণ শুরু হয়েছে। বৃষ্টির কারণে উৎসব মুখর পরিবেশ কিছুটা বিঘ্ন ঘটলেও এলাকার মানুষ আনন্দে ভাসছে। সকাল থেকে ভারি বর্ষণ উপেক্ষা করেও কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পাতলি খাল খনন কর্মসূচি স্থানে মানুষ জড়ো হতে শুরু করে। বর্ষণমুখর সকাল সোয়া দশটা নাগাদ সময়ে হাজার হাজার মানুষ পাতলি খাল পাড়ে সমবেত হয়েছেন। এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি কখনো বাড়ছে আবার কখনো কমছে।

কক্সবাজারের বহুল আলোচিত পাতলি খালটি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রয়াত বাবা শহীদ জিয়াউর রহমানের স্মৃতি জড়িত রয়েছে। আজ থেকে ৪৮ বছর আগে ১৯৭৯ সালের নভেম্বরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান পাতলি খালটি খনন করে পাল্টে দিয়েছিলেন এলাকাবাসীর ভাগ্য। ভরাট খালে পানি সংকটে যখন স্থানীয় কৃষকরা চাষাবাদ করতে পারছিলেন না, সেখানে জিয়ার খাল খনন কর্মসূচি পরিস্থিতি পাল্টে দিয়েছিল।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দশক পর আজ কক্সবাজার এসেছেন। সবশেষ ১৯৯৬ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের এক অনুষ্ঠানে যোগ দিতে তিনি কক্সবাজার এসেছিলেন। 

মহাসড়কে থ্রি-হুইলার চলাচল বন্ধের দাবিতে ৫ জেলায় পরিবহন ধর্মঘটের ডাক

বাগেরহাট প্রতিনিধি
মহাসড়কে থ্রি-হুইলার চলাচল বন্ধের দাবিতে ৫ জেলায় পরিবহন ধর্মঘটের ডাক
ফাইল ছবি

মহসড়কে থ্রি-হুইলার চলাচল বন্ধসহ তিন দফা দাবিতে খুলনা ও বরিশাল বিভাগের ৫ জেলায় পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন।

শুক্রবার (১২ জুন) রাতে বাগেরহাট আন্তঃজেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতারা জানান, স্থানীয় প্রশাসনের সঙ্গে কয়েক দফায় বৈঠকের পরও তাদের দাবি পূরণ না হওয়ায় রবিবার থেকে তারা ধর্মঘট শুরু করবেন। ধর্মঘট শুরু হলে বাগেরহাট, খুলনা, পিরোজপুর, ঝালকাঠি ও বরিশাল জেলায় এই ধর্মঘটের আওতায় থাকবে।

বাগেরহাট আন্তঃজেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বলেন, খুলনা ও বরিশাল বিভাগে সরকারি ১৮টি বিআরটিসি বাস চলাচলের কথা থাকলেও বাস্তবে অনেক বেশি চলে। এ ছাড়া মহাসড়কগুলোতে অবৈধ থ্রি হুইলার অবাধে চলাচল করছে। এসব সমস্যা সমাধানের জন্য বিভিন্ন সময় স্থানীয় প্রশাসনের সঙ্গে দফায় দফায় সভা হয়েছে। কিন্তু প্রশাসন বারবার আশ্বাস দিলেও কোনো সমাধান হয়নি। তাই বাধ্য হয়ে খুলনা ও বরিশাল বিভাগের বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন যৌথভাবে এ সিদ্ধান্ত নিয়েছে।

বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন বলেন, ‘বাস মালিক সমিতির তিন দফা দাবির বিষয়ে আমরা অবগত আছি। মহাসড়কে পরিবহণ ধর্মঘট যেনো না হয় সে বিষয়ে আলোচনা চলছে।’

বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের ৩ দফা দাবিগুলো হলো—

১. সরকারি নীতিমালা লঙ্ঘন করে অনুমোদনের বাইরে অতিরিক্ত বিআরটিসি ও লিজকৃত গাড়ি চলাচল বন্ধ করা এবং নীতিমালা অনুযায়ী জেলা টার্মিনালে একটি মাত্র কাউন্টার চালু রেখে অন্যসব কাউন্টার অপসারণ করা।

২. আঞ্চলিক মহাসড়কগুলোতে অবৈধ থ্রি-হুইলার, মাহেন্দ্র, নছিমন, করিমন, অটোরিকশার চলাচল সম্পূর্ণ বন্ধ করা।

৩. দূরপাল্লার পরিবহনে নীতিমালা বহির্ভূতভাবে লোকাল বা মাঝপথের যাত্রী পরিবহন বন্ধ করা।