• ই-পেপার

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ৫২ লাখ টাকা টোল আদায়

সাভার ছাত্রদল নেতার তালাবদ্ধ ফ্ল্যাট থেকে স্ত্রীর লাশ উদ্ধার

সাভার (ঢাকা) প্রতিনিধি
সাভার ছাত্রদল নেতার তালাবদ্ধ ফ্ল্যাট থেকে স্ত্রীর লাশ উদ্ধার
সাভার পৌর ছাত্রদল নেতা রনি ইসলামের সঙ্গে তার স্ত্রী রিয়া মনি।

সাভারে ছাত্রদল নেতার তালাবদ্ধ ফ্ল্যাট থেকে তার স্ত্রী রিয়া মনির (১৯) লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে ঘটনার পর থেকে ওই ছাত্রদল নেতা আত্মগোপনে রয়েছেন। আজ সোমবার বিকেলে পৌরসভার ছায়াবিথি মহল্লার ডা. তৌহিদুজ্জামানের বাড়ির দ্বিতীয় তলার তালাবদ্ধ  ফ্ল্যাট থেকে ওই নারীর লাশ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ।

পরিবারের দাবি, রিয়ার স্বামী সদ্যঘোষিত পৌর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক রনি ইসলাম স্ত্রীকে হত্যা করে ঘরে তালা লাগিয়ে পালিয়ে গেছেন। নিহত রিয়া মনি (১৯) নোয়াখালী জেলার মাইজদী থানা এলাকার রৌফ চৌধুরীর মেয়ে। তার বাবা-মা দুজনই প্রবাসী। 

থানা ​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাভার পৌরসভার ছায়াবিথি মহল্লার ডা. তৌহিদুজ্জামানের ভাড়া বাড়ির দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে রনি ও রিয়া দম্পতি ভাড়া থাকতেন।  কিছুদিন ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। এর জেরেই রিয়াকে হত্যা করে ফ্ল্যাটে তালা লাগিয়ে পালিয়ে যায় রনি।

​নিহতের মামা সাদ্দাম হোসেন বলেন, রনি ইসলাম সম্প্রতি পৌর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক পদ পাওয়ার পর থেকেই বিভিন্ন বিষয়ে রিয়ার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়ে আসছিল। পারিবারিক বিরোধের জেরেই রনি রিয়াকে হত্যা করে বাইরে থেকে তালা মেরে পালিয়ে গেছে বলে দাবি করেন তিনি। এ ছাড়া রিয়াকে হত্যার বিষয়টি মুঠোফোনে রনি তার মাকে জানালে হত্যার কথা প্রকাশ পায়। পরে বিকেলে বিষয়টি থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তালা ভেঙে লাশটি উদ্ধার করেন। ঘটনার পর থেকেই রনি ইসলামের মুঠোফোনটি বন্ধ রয়েছে এবং তিনি আত্মগোপনে আছেন।

নিহতের নানি জাহানারা বেগম বলেন, ‘রিয়ার বাবা-মা দুজনই প্রবাসী। আমাদের মেয়েকে ওই রনি পরিকল্পিতভাবে খুন করে পালিয়ে গেছে। আমরা এর সুষ্ঠু বিচার ও রনির দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

​সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রমজান আলী বলেন, ‘খবর পেয়ে বিকেলে তালাবদ্ধ ফ্ল্যাটের তালা ভেঙে রিয়ার মরদেহ উদ্ধার করা হয়। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।’

এদিকে, ​রাজনৈতিক পদধারী নেতার বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝেও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে পলাতক পৌর ছাত্রদল নেতা রনি ইসলামের বিষয়ে জানতে ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবালের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তারা রিসিভ করেননি।

ট্রান্সফরমার চুরির তদন্তে গিয়ে ৯০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

নওগাঁ প্রতিনিধি
ট্রান্সফরমার চুরির তদন্তে গিয়ে ৯০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২
ছবি : কালের কণ্ঠ

নওগাঁর নিয়ামতপুরে ট্রান্সফরমার চুরির ঘটনার তদন্ত করতে গিয়ে ৯০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার (৭ জুন) রাত ১২টার দিকে উপজেলার পাড়ইল ইউনিয়নের তুলার বাঐল গ্রামের একটি বাড়ি থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়।

সোমবার (৮ জুন) বিকেলে নওগাঁ পুলিশ মিডিয়া সেলে আয়োজিত এক ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

গ্রেপ্তাররা হলেন তুলার বাঐল গ্রামের এজামুলের ছেলে হামিদুল ইসলাম (৩৫) এবং মৃত আজমুদ্দিনের ছেলে রশিদ (৪৪)।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, গত শনিবার পাড়ইল ইউনিয়নে একটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটে। এ ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয় নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলমকে।

এ ঘটনায় রবিবার রাতে হামিদুল ইসলামকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার তুলার বাঐল গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে ৯০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং অপর মাদক কারবারি রশিদকে গ্রেপ্তার করা হয়।

ফেনী টিচার্স ট্রেনিং কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু

ফেনী প্রতিনিধি
ফেনী টিচার্স ট্রেনিং কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু
প্রতীকী ছবি

ফেনী টিচার্স ট্রেনিং কলেজের সুতিপাল (২১) নামের এক ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। 

রবিবার (৭ জুন) বিকেল ৩টা থেকে ৫টার মধ্যে জোরারগঞ্জ থানা এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাইপাস সড়কের ওপর এ ঘটনা ঘটে। 

নিহতের পরিবার জানায়, চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার হাইলদর ইউনিয়নের আনোয়ারা গ্রামের টিটু পালের কন্যা সুতিপাল ফেনী সরকারি টিচার্স ট্রেনিং কলেজের বিএড কোর্সের দ্বিতীয় বর্ষের ছাত্রী। তিনি কলেজ ক্যাম্পাসে সরকারি হোস্টেলে থাকতেন। রবিবার বিকেলে তার এক বান্ধবী ও একই কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রাস্তি সুলতানা তাকে তার প্রেমিক তানভীরসহ ঘুরতে যাবেন বলে ডেকে নেন। পরে জোরারগঞ্জ বাইপাস সড়কে সুতিপাল সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে পরে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে তার পরিবার খবর পেয়ে সুতিপালের মরদেহ শনাক্ত করে। 

নিহতের বোন চেষ্টা পাল বলেন, বান্ধবী ও বান্ধবীর প্রেমিক তানভীর নামের এক যুবক তার বোনকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছেন। 

ফেনী টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ রমজান আলী শিকদার কালের কণ্ঠকে বলেন, ‘ওই ছাত্রী বিকেলে প্রাইভেট পড়তে হোস্টেল থেকে বের হয়, এমনটা শুনেছি। সন্ধ্যায় জানতে পারি সে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সে মারা যায়। তবে তাকে হত্যার বিষয়ে কিছু জানা নেই।’

জোরারগঞ্জ থানার ওসি মো. আবদুল হালিম কালের কণ্ঠকে জানান, চট্টগ্রাম পাঁচলাইশ থানার ওসির মাধ্যমে বিষয়টি জেনেছি। তবে তার পরিবারের পক্ষ থেকে কেউ কোনো অভিযোগ নিয়ে আসেনি।

পাবনায় গুলি ও ছুরিকাঘাতে দুজন খুন

পাবনা প্রতিনিধি
পাবনায় গুলি ও ছুরিকাঘাতে দুজন খুন
সংগৃহীত ছবি

পাবনায় পৃথক ঘটনায় গুলি ও ছুরিকাঘাতে দুজন খুন হয়েছেন। সোমবার (৮ জুন) সন্ধ্যা ৭টার দিকে শহরের মাসুম বাজার এলাকার জামেয়া আশরাফিয়া মাদরাসার প্রধান গেটের সামনে গুলির ঘটনা ঘটে। 

এর আগে একইদিন বিকেলে শহরের বাস টার্মিনাল এলাকায় ছুরিকাঘাতে মনিরুল ইসলাম নামের এক কলেজছাত্র নিহত হন। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) সঞ্জয় কুমার সাহা। 

গুলিতে নিহত আলী হোসেন সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের জাফরাবাদ এলাকার মৃত ময়েন উদ্দিনের ছেলে। তিনি চরমপন্থী দল নকশালের সদস্য বলে জানিয়েছে পুলিশ। আর নিহত কলেজছাত্র মনিরুল ইসলাম সাঁথিয়া থানার শিবরামপুর পশ্চিমপাড়ার মুন্নাফ আলীর ছেলে। এ ঘটনায় অভিযুক্ত রাকিবকে আটক করেছে পুলিশ। রাকিব একই এলাকার আলম হুজুরের ছেলে। 

আরো পড়ুন
লক্ষ্মীপুরে শিক্ষকের ইজারা নেওয়া জমি বিএনপি নেতার দখলে

লক্ষ্মীপুরে শিক্ষকের ইজারা নেওয়া জমি বিএনপি নেতার দখলে

 

পুলিশ জানায়, আলী হোসেনের ছেলে শহরের মাসুম বাজার এলাকার জামেয়া আশরাফিয়া মাদরাসায় পড়াশোনা করে। প্রতিদিনের মতো  আজও সন্ধ্যার দিকে বাড়ি থেকে রিকশায় করে ছেলেকে মাদরাসায় নামিয়ে দিতে এসেছিলেন আলী হোসেন। তাদের বহনকারী রিকশাটি জামেয়া আশরাফিয়া মাদরাসার প্রধান গেটে এসে পৌঁছালে রিকশা থেকে নামার মুহূর্তে দুটি মোটরসাইকেলে চারজন যুবক এসে তাকে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

এদিকে এদিন বিকেলে শহরের বাস টার্মিনাল এলাকার পাবনা পেট্রোলিয়াম পাম্পের পেছনে নিহত মনিরুল ও রাকিবের মধ্যে ঝামেলা বাধে। এ সময় রাকিব মনিরুলকে ছুরিকাঘাতে জখম করে পাশের একটি কচুরিপানা আচ্ছাদিত পুকুরে লুকিয়ে পড়ে। পরে পুলিশ সেখান থেকে তাকে আটক করে। এদিকে মনিরুলকে আহতাবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে পাঠালে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

পাবনা সদর থানার ওসি (অপারেশন) সঞ্জয় কুমার সাহা বলেন, আমরা আলী হোসেন হত্যার ঘটনাস্থলে রয়েছি। ঘটনাস্থলের পাশের একটি সিসিটিভির ফুটেজে দেখা গেছে, তিনি রিকশা থেকে নামবেন—এমন সময় দুটি মোটরসাইকেলে অল্প বয়সী চার তরুণ এসে পেছন থেকে গুলি করে পালিয়ে যাচ্ছে। নিহত আলী হোসেন নকশালদের সঙ্গে চলাফেরা করত বলে প্রাথমিকভাবে জানা গেছে। 

আর বিকেলে কলেজছাত্র মনিরুল হত্যার কারণ এখনো জানা যায়নি। উভয় হত্যা নিয়ে পুলিশ কাজ করছে। পরে এ বিষয়গুলোতে বিস্তারিত জানানো সম্ভব হবে বলে তিনি জানান।