বাগেরহাটের মোরেলগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে গলায় ফাঁস দিয়ে লিমন মোল্লা ওরফে হৃদয় (২৬) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (৪ জুন) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের উমাজুরি গ্রামে এই ঘটনা ঘটে। মোরেলগঞ্জ থানা-পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মাহামুদুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত লিমন মোল্লা ওই গ্রামের সিরাজ মোল্লার ছেলে। তিনি পেশায় একজন চালক ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। লিমনের এক কন্যাসন্তান রয়েছে। তিনি বর্তমানে পৌর সদরের কুঠিবাড়ি এলাকায় তার নানির কাছে থাকে।
পারিবারিক সূত্রে জানা গেছে, আত্মহত্যার সময় লিমন ঘরে একাই ছিলেন। ফেসবুক লাইভে এসে ঘরের আড়ার সঙ্গে কাপড় পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। ঘটনার ঠিক আগেই তিনি ঢাকায় অবস্থানরত তার স্ত্রী উর্মির সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন। স্ত্রীর সঙ্গে দীর্ঘদিনের মনোমালিন্য, পারিবারিক দ্বন্দ্ব ও তীব্র মানসিক চাপের কারণে তিনি এই চরম পথ বেছে নিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পরিবার।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ আজ সকালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি পারিবারিক কলহের জেরে আত্মহত্যা বলে মনে হচ্ছে।
ওসি আরও বলেন, এ ঘটনায় মোরেলগঞ্জ থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।




