• ই-পেপার

শিক্ষার্থী সংকটে বন্ধ হতে পারে ১১২ শিক্ষাপ্রতিষ্ঠান

চট্টগ্রাম বোর্ডের সব জেলার বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম বোর্ডের সব জেলার বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
সংগৃহীত ছবি

বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার বুধবার (৮ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন জেলাগুলো হলো চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি।

তবে দেশের অন্য সব শিক্ষা বোর্ডে নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত রাত ১টার পর বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার ৮ জুলাইয়ের এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে।

তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন জেলা ব্যতীত দেশের অন্যান্য সব শিক্ষা বোর্ডে পরীক্ষা যথারীতি চলবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও শিক্ষা কর্মকর্তাদের অনুরোধ জানানো হয়েছে।

নোবিপ্রবিতে নানা আয়োজনে ‘ইইই ডে-২০২৬’ উদযাপন

নোবিপ্রবি প্রতিনিধি
নোবিপ্রবিতে নানা আয়োজনে ‘ইইই ডে-২০২৬’ উদযাপন
ছবি : কালের কণ্ঠ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) দুই দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে ‘ইইই ডে-২০২৬’। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ এবং ইইই অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বর্ণাঢ্য র‍্যালি, পোস্টার প্রেজেন্টেশন, প্রজেক্ট শোকেস, প্রোগ্রামিং কনটেস্ট, সার্কিট অলিম্পিয়াড, মোবাইল গেমিং, লাইন ফলোয়িং রোবট, ট্রেজার হান্ট এবং পুরস্কার বিতরণীসহ নানা আয়োজন করা হয়। এবারের আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে ছিল দৈনিক কালের কণ্ঠ।

সোমবার (৬ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। র‍্যালিতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী, উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, ইইই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. বেল্লাল হোসাইন, বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

পরে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী পোস্টার প্রেজেন্টেশন, প্রজেক্ট শোকেস, মোবাইল গেমিং, সার্কিট অলিম্পিয়াড, প্রোগ্রামিং কনটেস্ট, লাইন ফলোয়িং রোবট ও ট্রেজার হান্টসহ বিভিন্ন প্রতিযোগিতার উদ্বোধন করেন।

দ্বিতীয় দিন মঙ্গলবার (৭ জুলাই) অনুষ্ঠিত হয় প্রোগ্রামিং কনটেস্ট, লাইন ফলোয়িং রোবট, ট্রেজার হান্টের চূড়ান্ত পর্ব এবং বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার মানজারী খোরশেদ আলম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইইই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. বেল্লাল হোসাইন, বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত প্রতিযোগীরা।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘ইইই বিভাগ বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের একটি গুরুত্বপূর্ণ বিভাগ। দুই দিনব্যাপী এ আয়োজনে বিভাগটি সফলভাবে বিভিন্ন প্রযুক্তিনির্ভর কর্মসূচি বাস্তবায়ন করেছে। পোস্টার প্রেজেন্টেশন, প্রজেক্ট শোকেস, প্রোগ্রামিং কনটেস্ট, লাইন ফলোয়িং রোবটসহ নানা আয়োজন শিক্ষার্থীদের দক্ষতা ও উদ্ভাবনী সক্ষমতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে আমরা আশা করি। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা করবে।’

ইইই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. বেল্লাল হোসাইন অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথি, শিক্ষক, শিক্ষার্থী ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন সফলভাবে বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন।

প্রসঙ্গত, চতুর্থবারের মতো আয়োজিত ‘ইইই ডে’ এবার অনুষ্ঠিত হয় ৬ ও ৭ জুলাই। এতে নোবিপ্রবির ইইই বিভাগের শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগ এবং দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞান, প্রযুক্তিগত দক্ষতা, উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীলতা বিকাশই ছিল এবারের আয়োজনের মূল লক্ষ্য।

ঢাবিতে আজ বড় পর্দায় দেখা যাবে না বিশ্বকাপ খেলা

অনলাইন ডেস্ক
ঢাবিতে আজ বড় পর্দায় দেখা যাবে না বিশ্বকাপ খেলা

বৈরী আবহাওয়ার কারণে আজ মঙ্গলবার (৭ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের পাঁচটি ভেন্যুতে বড় পর্দায় ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ম্যাচ সম্প্রচার সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সার্বিক সহযোগিতায় এ আয়োজন করা হয়েছিল। বড় পর্দায় খেলা সম্প্রচারের দায়িত্বে রয়েছে এথলেট স্পোর্টস গিয়ার।

আয়োজকরা জানিয়েছেন, আজ টিএসসি, হাজী মুহম্মদ মুহসীন হল খেলার মাঠ, কবি জসীমউদ্দীন হল খেলার মাঠ, জগন্নাথ হল উপাসনালয় এবং ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল খেলার মাঠ—এই পাঁচটি ভেন্যুতেই ম্যাচ সম্প্রচার বন্ধ থাকবে।

তারা আরও জানান, আবহাওয়া স্বাভাবিক থাকলে বুধবার (৮ জুলাই) থেকে পুনরায় এসব ভেন্যুতে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর প্রতিটি ম্যাচ বড়পর্দায় সম্প্রচার করা হবে।

সংসদ ভবন পরিদর্শন করল রূপগঞ্জের শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
সংসদ ভবন পরিদর্শন করল রূপগঞ্জের শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চা, রাষ্ট্র পরিচালনা সম্পর্কে ধারণা এবং জাতীয় প্রতিষ্ঠান সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সংসদ ভবন পরিদর্শন করেছে। তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎও করেছে।

মঙ্গলবার (৭ জুলাই) পরিদর্শনকালে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের পড়াশোনার পাশাপাশি দেশপ্রেম, নৈতিকতা ও সুশিক্ষায় নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

11

এ কর্মসূচির সার্বিক সমন্বয় ও সহযোগিতা করেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। শিক্ষার্থীদের জন্য এমন শিক্ষামূলক আয়োজন বাস্তবায়নে তার ভূমিকার প্রশংসা করেন সংশ্লিষ্ট শিক্ষক ও অভিভাবকরা।

শিক্ষার্থীরা জানান, জাতীয় সংসদ ভবন পরিদর্শন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের এই অভিজ্ঞতা তাদের জীবনের একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।