মঞ্চ নাটকের গান নিয়ে ‘গাই বাংলার গান পর্ষদ’-এর নিয়মিত আয়োজন ‘থিয়েটারের গান’। নাটক ও সংগীতের মেলবন্ধনে বাংলার শিল্প-ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে আয়োজকরা। ১৮ জুন এই আয়োজনের প্রথম আসরে থাকবে নাট্যদল ‘আরণ্যক’-এর পরিবেশনা। নাটক ও সংগীতের সমন্বয়ে দলটি থিয়েটার-সংগীতের শেকড়, সংগ্রাম ও সমকালীন প্রাসঙ্গিকতা তুলে ধরবে। সেদিন সন্ধ্যা ৭টায় ধানমণ্ডি ২৭ নম্বরের ভিনটেজ কনভেনশন হলে বসবে প্রথম আসর। আরণ্যকের পরিবেশনায় থাকবে ‘রাঢ়াঙ’, ‘সংক্রান্তি’, ‘ময়ূর সিংহাসন’, ‘জয়জয়ন্তী’, ‘পাথর’, ‘দি জুবলী হোটেল’, ‘ঘুমের মানুষ’, ‘মূর্খ লোকের মূর্খ কথা’ ও ‘আগুনের জবানবন্দি’সহ বিভিন্ন আলোচিত মঞ্চ ও পথনাটকের গান। আরণ্যক নাট্যদলের প্রশিক্ষণ সম্পাদক অপু মেহেদী বলেন, ‘আমরা মূলত মঞ্চনাটক ও পথনাটক—দুই মাধ্যমের গান নিয়েই পারফরম করব। শুধু গান নয়, গানের ভেতরের নাট্যভাব ও সংলাপের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ থিয়েট্রিক্যাল আবহ তৈরি করা হবে, যা দর্শকদের কাছে হয়ে উঠবে ভিন্ন এক অভিজ্ঞতা।’