• ই-পেপার

শ্যামনগর

নদীর চর দখলে মৎস্য ঘের

  • বনায়নের গাছ কাটা হচ্ছে

অভিবাসীদের সুরক্ষায় ‘হাফওয়ে হোম’

বেনাপোল (যশোর) প্রতিনিধি
অভিবাসীদের সুরক্ষায় ‘হাফওয়ে হোম’

মানবপাচারের শিকার ব্যক্তি এবং ঝুঁকিপূর্ণ অভিবাসীদের নিরাপদ আশ্রয়, সুরক্ষা ও পুনর্বাসন নিশ্চিত করতে যশোরের বেনাপোলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সেফ স্পেস বা হাফওয়ে হোম। গতকাল মঙ্গলবার বেনাপোলের দ্য সান রুফ হোটেলে আয়োজিত উদ্বোধনী সভার মাধ্যমে এই কার্যক্রমের সূচনা করা হয়। বাংলাদেশ সরকারের সহযোগিতায় ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক সংস্থা (ইউএনওডিসি) পরিচালিত গ্লোবাল অ্যাকশন অ্যাগেইন্সট ট্রাফিকিং ইন পারসন্স অ্যান্ড স্মাগলিং অব মাইগ্রেন্টস প্রকল্পের আওতায় উদ্যোগটি বাস্তবায়ন করছে বেসরকারি উন্নয়ন সংস্থা রাইটস যশোর। সভায় জানানো হয়, মানবপাচারের শিকার ব্যক্তি ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের জন্য জেন্ডার-সংবেদনশীল এবং প্রতিবন্ধীবান্ধব সেবা নিশ্চিত করাই এই হাফওয়ে হোমের প্রধান লক্ষ্য। এখানে অস্থায়ী নিরাপদ আশ্রয়, খাবার, প্রয়োজনীয় সামগ্রী, প্রাথমিক চিকিৎসা, আইনি সহায়তা এবং মনস্তাত্ত্বিক কাউন্সেলিংসহ বিভিন্ন ধরনের সেবা দেওয়া হবে। একই সঙ্গে তাদের শারীরিক, মানসিক ও সামাজিক পুনর্বাসনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সহায়তা করা হবে।

 

ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল গৃহবধূর

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল গৃহবধূর

ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে ফাতেমা আক্তার নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। তিনি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়নের কোহলদিয়া গ্রামের সাইফুল শিকদারের স্ত্রী। গতকাল মঙ্গলবার সকালে খুলনা-ঢাকা রেলওয়ে লাইনের ভাঙ্গা পৌরসভার কাপুড়িয়া সদরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, গতকাল মঙ্গলবার সকালে রেললাইন ধরে হাঁটার সময় খুলনা থেকে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেসে কাটা পড়ে ওই গৃহবধূর মৃত্যু হয়। ভাঙ্গা রেলওয়ে থানার উপপরিদর্শক সাপুর আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

 

 

টঙ্গীতে বাড়িতে হামলা ভাঙচুর, আহত ৪

আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর
টঙ্গীতে বাড়িতে হামলা ভাঙচুর, আহত ৪

টঙ্গীর সাতাইশ এলাকায় জমিসংক্রান্ত ঘটনায় এবং রাজনৈতিক বিরোধের জেরে এক সংখ্যালঘুর বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় চারজন আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। গতকাল মঙ্গলবার দুপুরে টঙ্গী পশ্চিম থানা পুলিশ এ তথ্য জানায়। গ্রেপ্তারকৃতরা হলেন টঙ্গী দাঁড়াইল এলাকার মৃত কুদরত আলীর ছেলে মো. মনোয়ার হোসেন খোকন (৪৫), খোকনের ছেলে আশরাফুল ইসলাম অন্তর (২২) ও জনৈক আমিনুল ইসলামের ছেলে হুসেন বাদশা (২২)। পুলিশ জানায়, জমিজমা ও স্থানীয় রাজনৈতিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সোমবার (৬ জুলাই) রাতে টঙ্গীর সাতাইশ এলাকার জনৈক শ্রী নীল মোহনের (৫০) বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রধান অভিযুক্ত মনোয়ার হোসেন খোকনসহ তিনজনকে গ্রেপ্তার করে। খোকন টঙ্গী পশ্চিম থানা তাঁতি দলের সাধারণ সম্পাদক। এদিকে মঙ্গলবার রাতে গাজীপুর মহানগর তাঁতি দলের দপ্তর সম্পাদক মানিক মিয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মনোয়ার হোসেন খোকনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

 

 

দুই স্থানে সাপের কামড়ে মৃত্যু ২

জামালপুর ও কালকিনি প্রতিনিধি
দুই স্থানে সাপের কামড়ে মৃত্যু ২

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সাপের কামড়ে রমিছা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। নিহত রমিছা বেগম উপজেলার তারতাপাড়া এলাকার চান মিয়ার স্ত্রী। জানা গেছে, সোমবার রাতে সাপে কামড় দিলে রমিছা বেগমকে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার করা হয়। হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। এদিকে কালকিনিতে লাকড়ি আনতে গিয়ে লুকিয়ে থাকা বিষধর সাপের কামড়ে প্রাণ গেল খাদিজা বেগম (৪০) নামে এক গৃহবধূর। গতকাল মঙ্গলবার সকাল ৭টার দিকে মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর কোলচরি (সস্থাল) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খাদিজা বেগম ওই গ্রামের আব্দুর রাজ্জাক হাওলাদারের মেয়ে ও মো. জাকির বেপারীর স্ত্রী।