• ই-পেপার

খুদে ফুটবলারদের ‘ছায়া বিশ্বকাপ’

তেল চোরচক্রের ছয় সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
তেল চোরচক্রের ছয় সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে একটি অয়েল ট্যাংকারে অভিযান চালিয়েছে নৌ পুলিশ। অভিযানে ১২ হাজার ৭০০ লিটার চোরাই ডিজেলসহ ‘ওটি ইশরাত’ নামের একটি তেলবাহী ট্যাংকার জব্দ করা হয়েছে। এ সময় চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ট্যাংকারের সুপারভাইজার, মাস্টারসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার চট্টগ্রাম বন্দরের ৬ নম্বর ভেসেল পয়েন্ট জেটিসংলগ্ন কর্ণফুলী নদীতে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন আরিফুল ইসলাম, সাইদুল ইসলাম ওরফে ইশাদ, আব্দুল হালিম, নুরুল মোস্তফা, জালাল আহমদ ও নুরুল আমিন। জানা গেছে, ‘ওটি ইশরাত’ নামের ট্যাংকারটিতে তল্লাশি চালিয়ে তেলের বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় এতে থাকা কর্মকর্তা ও কর্মচারীদের আটক করা হয়।

 

পিকআপচালক হত্যায় মামলা, দুজন বহিষ্কার

ময়মনসিংহ প্রতিনিধি
পিকআপচালক হত্যায় মামলা, দুজন বহিষ্কার

ময়মনসিংহের গৌরীপুরে সাবেক শ্রমিক নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগে বহিষ্কৃত যুবদল নেতাসহ আটজনের বিরুদ্ধে গত বৃহস্পতিবার রাতে মামলা হয়েছে। নিহত মানিক মিয়া (৪০) গৌরীপুর উপজেলা শ্রমিক ইউনিয়নের সাবেক সহসভাপতি এবং পেশায় একজন পিকআপচালক ছিলেন। জমিসংক্রান্ত ও রাজনৈতিক বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে পরিবারের অভিযোগ। এ ঘটনায় দল থেকে বহিষ্কৃত দুজন হলেন ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সদস্য ও গৌরীপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল ইমরান খান এবং গৌরীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত হাসান। জানা যায়, গত ৩০ জুন রাতে গৌরীপুর পৌর শহরের সতিষা এলাকার বাসস্ট্যান্ড এলাকা থেকে মানিক মিয়াকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক স্থানীয় বাসিন্দা সোয়েব মুন্সির (টেরা সুয়েব) নেতৃত্বে ১০-১৫ জন তাঁকে দফায় দফায় বেধড়ক মারধর ও নির্যাতন করে হত্যা করেন।

এইচএসসি পরীক্ষা বিশেষ ব্যবস্থায়

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
এইচএসসি পরীক্ষা বিশেষ ব্যবস্থায়

এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র না পাওয়া বগুড়া ও নাটোরের দুটি কলেজের ১৮ পরীক্ষার্থী আজ শনিবার বিশেষ ব্যবস্থায় বসছে পরীক্ষায়। রাজশাহী শিক্ষা বোর্ড গতকাল শুক্রবার তাদের রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে। তারা শনিবারের বাংলা দ্বিতীয় পত্র বিষয়ের পরীক্ষায় অংশ নিতে পারবে। বগুড়া ও নাটোরের দুই কলেজের এই পরীক্ষার্থী এইচএসসির জন্য ফরম পূরণ করেছিল অফিস সহকারী ও কম্পিউটার অপারেটরের কাছে টাকা জমা দিয়ে। তবে রেজিস্ট্রেশন না হওয়ায় শেষ পর্যন্ত তাদের এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র আসেনি নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে। ভুক্তভোগীদের দাবি, ফরম পূরণের টাকা আত্মসাৎ ও শিক্ষা বোর্ডে জমা না দেওয়ার কারণে তাদের প্রবেশপত্র আসেনি। আব্দুলপুর সরকারি কলেজের অধ্যক্ষ মাহমুদুর রহমান বলেন, ‘অভিযুক্ত অফিস সহকারীর বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সীমান্তে পাঁচ কোটি টাকার ইয়াবা জব্দ

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
সীমান্তে পাঁচ কোটি টাকার ইয়াবা জব্দ

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযানে প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের এক লাখ ৬১ হাজার ৬০৮ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  তবে অভিযানের সময় চোরাকারবারিরা ইয়াবাভর্তি কার্টন ফেলে জঙ্গলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার রাতে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীন জারুলিয়াছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী প্রধানঝিরি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির, পিএসসি, ইঞ্জিনিয়ার্স বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে সীমান্ত এলাকায় নজরদারি আরো জোরদার করা হয়েছে। তিনি জানান, উদ্ধার হওয়া ইয়াবার বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন। একই সঙ্গে এ ঘটনায় জড়িত চোরাকারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।