দেশে উগ্রবাদ দমনে নিয়োজিত পুলিশের বিশেষায়িত কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) ও অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) নাম পরিবর্তনের চিন্তা-ভাবনা চলছে। গত ৭ জুন পুলিশ সদর দপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এ দুটি ইউনিটের নাম পরিবর্তন করার প্রস্তাব করা হয়েছে। গতকাল মঙ্গলবার পুলিশ সদর দপ্তর সূত্র এ তথ্য দেয়। প্রস্তাব অনুযায়ী, এটিইউর নাম হবে স্পেশাল সিকিউরিটি ইউনিট (এসএসইউ) এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সিটিটিসির নাম হবে স্পেশাল সিকিউরিটি ইউনিট-ডিএমপি (এসএসইউ-ডিএমপি)। পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসেন গতকাল কালের কণ্ঠকে বলেন, এ বিষয়ে পুলিশ সদর দপ্তর থেকে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে প্রস্তাব পাঠানো হয়েছে।

