দেশে ভোজ্যতেলের নিরাপত্তা ও পুষ্টিগুণ নিশ্চিত করতে বাজারজাতকরণের সব পর্যায়ে অস্বচ্ছ ও ফুড-গ্রেড প্যাকেজিং বাধ্যতামূলক করার আহ্বান জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাঁদের মতে, স্বচ্ছ বোতলে আলো প্রবেশের রণে সমৃদ্ধকৃত ভোজ্যতেলের ভিটামিন ‘এ’ নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। একই কা সঙ্গে অধিক তাপমাত্রায় তেল পরিশোধন করলে ট্রান্সফ্যাটের পরিমাণ বেড়ে যায়, যা হৃদরোগসহ বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি বাড়ায়।
গতকাল রাজধানীর একটি হোটেলে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ আয়োজিত ‘স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ ও মানসম্মত ভোজ্যতেল : বিশেষজ্ঞ সংলাপ’ অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরা হয়। আলোচনায় বলা হয়, ক্রুড ভোজ্যতেল আমদানি থেকে শুরু করে খুচরা বিক্রি পর্যন্ত পুরো সরবরাহব্যবস্থায় ভিটামিন ‘এ’ অক্ষুণ্ন রাখতে অস্বচ্ছ ও ফুড-গ্রেড প্যাকেজিং নিশ্চিত করা জরুরি। এ জন্য স্বচ্ছ প্যাকেজিং ধীরে ধীরে পরিহার করার সুপারিশ করা হয়। বিএসটিআইয়ের প্রতিনিধি এস এম আবু সাঈদ বলেন, ভোজ্যতেলের প্যাকেজিংয়ের ক্ষেত্রে ফুড-গ্রেড সনদ নেওয়া বাধ্যতামূলক হলেও প্যাকেজে ফুড-গ্রেড প্রতীক ব্যবহার এখনো বাধ্যতামূলক করা হয়নি।