• ই-পেপার

ভাটারায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গ্রিল মিস্ত্রির মৃত্যু

আইজিপির সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
আইজিপির সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আইজিপি মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফের এইচ বিন আবিয়াহ সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল পুলিশ সদর দপ্তরে তিনি এই সাক্ষাৎ করেন। পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, সৌহার্দ্যপূর্ণ এই সাক্ষাৎকালে সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, ব্যাবসায়িক নিরাপত্তা কৌশল, গুজব ও ভুয়া তথ্য যাচাইসহ মানবপাচার ও নিরাপত্তা সহায়তা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। তিনি বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে সহযোগিতার ওপর আগ্রহ প্রকাশ করেন।

 

আদাবরে বিএনপি নেতা হত্যা

তদন্তে কিশোর গ্যাংয়ের একাধিক গ্রুপের সক্রিয় থাকার তথ্য

রেজোয়ান বিশ্বাস
তদন্তে কিশোর গ্যাংয়ের একাধিক গ্রুপের সক্রিয় থাকার তথ্য

রাজধানীর আদাবরে স্থানীয় বিএনপি নেতা মো. আবুল বাশার বাদশা মিয়া হত্যাকাণ্ডের তদন্তে এলাকায় কিশোর গ্যাংয়ের একাধিক সক্রিয় গ্রুপের তথ্য পাচ্ছে পুলিশ। তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য, দীর্ঘদিন ধরে এসব গ্রুপ মাদক কারবার, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধে জড়িত। সাম্প্রতিক হত্যাকাণ্ডেও কিশোর গ্যাংয়ের সদস্যদের সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে।

আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর কালের কণ্ঠকে বলেন, বিএনপি নেতা বাদশা মিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাংয়ের সদস্যরা জড়িত। তিনি বলেন, এলাকায় কিশোর গ্যাং নিয়ন্ত্রণ বড় চ্যালেঞ্জ। গতকাল বৃহস্পতিবার এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শায়েব, আরমান ও নয়নকে আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বুধবার আদাবর থানার নবোদয় হাউজিং এলাকায় ধারালো অস্ত্রের হামলায় গুরুতর আহত হন স্থানীয় বিএনপি নেতা মো. আবুল বাশার বাদশা মিয়া (৪৫)। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

তদন্তে জানা গেছে, ব্রাজিলের ফুটবল ম্যাচে জয় উদযাপনকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজনের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। পরে ওই ঘটনার জেরে স্থানীয় বিএনপি নেতাদের মধ্যস্থতায় একটি বৈঠক বসে। বৈঠক শেষে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের এক পর্যায়ে বাদশা মিয়াসহ কয়েকজন ধারালো অস্ত্রের হামলার শিকার হন। আহত সাদ্দাম বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর-আদাবর জোনের এডিসি জুয়েল রানা বলেন, ঘটনার পর সাদ্দাম আদাবর থানায় ছিনতাইয়ের অভিযোগে একটি লিখিত অভিযোগ দিয়েছিলেন। তবে তদন্তে ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। সব বিষয় যাচাই করা হচ্ছে।

র‌্যাব ও পুলিশ সূত্র জানায়, কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে র‌্যাবের ১৫টি ব্যাটালিয়ন একটি হালনাগাদ তালিকা করেছে। সেই তালিকা অনুযায়ী বর্তমানে দেশে কিশোর গ্যাংয়ের ৩৩৯টি গ্রুপ সক্রিয়।

তিনজনকে ছুরিকাঘাত : গত শুক্রবার রাতে মহাখালী ওয়্যারলেস গেটের শিশু মেলা স্কুলের সামনে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে একই পরিবারের তিনজন ছুরিকাহত হন। আহতরা হলেন সুমন মিয়া, তাঁর স্ত্রী সোনিয়া ও সোনিয়ার ভাই রাসেল। বনানী থানার এসআই মো. জানে আলম বলেন, এ ঘটনায়ও কিশোর গ্যাংয়ের সদস্যদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

কাঁঠালবাগানে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৩

নিজস্ব প্রতিবেদক
কাঁঠালবাগানে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৩

রাজধানীর কলাবাগান থানার কাঁঠালবাগান এলাকায় সেপটিক ট্যাংক থেকে রহস্যজনক বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। গত বুধবার রাতে একটি সাততলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেনমো. জুয়েল, তাঁর চাচাতো ভাই মো. পারভেজ ও রানা মিয়া। তাঁদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে। আহতরা সবাই ফার্নিচারকর্মী। তাঁদের বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জে।

চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে স্বজনরা বলছে, আগুনে আহতদের মধ্যে রানার শরীরের ৬৩ শতাংশ পুড়ে গেছে। তাঁকে আইসিইউতে রেখে চিকিৎসা চলছে। জুয়েলের ৩০ শতাংশ ও পারভেজের শরীরের ২১ শতাংশ পুড়ে গেছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনাস্থল পরিদর্শন শেষে কলাবাগান থানার ওসি মো. ফজলে আশিক বলেন, ওই বাসার কক্ষটির নিচে সেপটিক ট্যাংক ছিল। কক্ষটি দুই দিন ধরে বন্ধ ছিল। আবার সেপটিক ট্যাংকের সঙ্গে গ্যাসের পাইপের সংযোগ ছিল। সেখান থেকে গ্যাস বের হয়ে জমে ছিল বলে ধারণা করা হচ্ছে। তিন যুবক গত রাতে ওই কক্ষে ঢুকে লাইটার জ্বালানোর পর বিকট শব্দে বিস্ফোরিত হয়।

 

‘ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক’ শিক্ষকদের শাস্তি দাবি ঢাবি সাদা দলের

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
‘ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক’ শিক্ষকদের শাস্তি দাবি ঢাবি সাদা দলের

গত ১৭ বছরে ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক শিক্ষকদের শাস্তির দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাবির সিনেটে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মো. মোর্শেদ হাসান খানের নেতৃত্বে প্রায় ৩০০ শিক্ষক উপস্থিত হয়ে এ দাবি জানান।

এ বিষয়ে সাদা দলের যুগ্ম আহ্বায়ক ও ঢাবির কলা অনুষদের ডিন আবুল কালাম সরকার বলেন, গত ১৭ বছরে ফ্যাসিবাদের মদদদাতা ও পৃষ্ঠপোষক অনেক শিক্ষক এখনো বহাল তবিয়তে রয়েছেন। তিনি অভিযোগ করে বলেন, ফার্মেসি অনুষদের একজন শিক্ষক বলেছেন জুলাই গণ-অভ্যুত্থানের পরে সাদা দল নাকি ১৯৭১ সালের বুদ্ধিজীবী গণহত্যার মতো গণহত্যা করতে চেয়েছে। অথচ সাদা দল সব সময় শিক্ষকদের নিরাপত্তা রক্ষায় কার্যকর ভূমিকা রেখেছে।

তিনি আরো বলেন, গত ১৭ বছরে তাঁদের কার্যক্রমের জন্য কোনো শাস্তি ওই শিক্ষকদের পেতে হয়নি। এ জন্য তাঁরা এমন ভিত্তিহীন দাবি তোলার সাহস পাচ্ছেন। আজ আমরা আনুষ্ঠানিকভাবে সাদা দলের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক শিক্ষকদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছি।