রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকায় বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তার স্ত্রী ফারাহ দীবা (৬০) হত্যা মামলার প্রধান আসামি গাড়িচালক মো. সবুজ বিশ্বাসকে হত্যাকাণ্ডের প্রায় দুই বছর পর গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে র্যাব। কুষ্টিয়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, ২০২৪ সালের ২৭ অক্টোবর মিরপুর ডিওএইচএস এলাকায় বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা উইং কমান্ডার কাজী আব্দুল মতিনের স্ত্রী ফারাহ দীবাকে নিজ বাসায় হত্যা করা হয়। এ ঘটনায় পল্লবী থানায় হত্যা মামলা করা হয়। ঘটনার পরদিন ২৮ অক্টোবর অভিযুক্ত নিরাপত্তাকর্মী মো. মিলন মিয়াকে গ্রেপ্তার করে র্যাব। তাঁর আদালতে দেওয়া ১৬৪ ধারার জবানবন্দি এবং মামলার চার্জশিট অনুযায়ী, নিরাপত্তাকর্মী মিলন মিয়া ও গাড়িচালক সবুজ বিশ্বাস একসঙ্গে বাসায় প্রবেশ করে ফারাহ দীবাকে আক্রমণ করেন।
তাঁরা ভুক্তভোগী নারীকে পেছন থেকে জাপটে ধরে মেঝেতে ফেলে দেন। এ সময় সবুজ বিশ্বাস তাঁর মুখ চেপে ধরেন। পরে মিলন মিয়া তাঁর হাত-পা রশি দিয়ে বেঁধে ফেলেন এবং মুখ গামছা দিয়ে পেঁচিয়ে দেন। এতে শ্বাসরোধ হয়ে ফারাহ দীবার মৃত্যু হয়।

