• ই-পেপার

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলে ভুল দেখেন না স্বাস্থ্যমন্ত্রী

  • পদ ছাড়লেন নির্বাহী পরিচালক

শোভাযাত্রা

শোভাযাত্রা
আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি শুভ কামনা জানিয়ে রাজধানীর শাহবাগে গতকাল শোভাযাত্রা বের করে আর্জেন্টিনাভক্তরা। ছবি : মোহাম্মদ আসাদ

শিশু খুনের ঘটনায় উত্তাল আদিতমারী

সন্দেহভাজনের বাড়িতে আগুন ডিসি-এসপির গাড়ি ভাঙচুর আরো ৫ জেলায় ৫ খুন

কালের কণ্ঠ ডেস্ক
শিশু খুনের ঘটনায় উত্তাল আদিতমারী
লালমনিরহাটের আদিতমারীতে শিশু নন্দিনী রায়ের সন্দেহভাজন হত্যাকারীর বাড়িতে ভাঙচুর ও আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। ছবি : কালের কণ্ঠ

লালমনিরহাটের আদিতমারীতে সাত বছর বয়সী এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সন্দেহভাজন এক যুবকের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ লোকজন। জেলা প্রশাসক ও পুলিশ সুপারের গাড়িসহ একাধিক সরকারি যানবাহন ভাঙচুর করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। এ ঘটনায় পুলিশ সদস্য, সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। একই সঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে আদিতমারী থানার ওসি নাজমুল হককে প্রত্যাহার করা হয়েছে।

শিশু খুনের ঘটনায় উত্তাল আদিতমারীপুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত নন্দিনী রায় (৭) আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী গ্রামের নলিনী কান্তের মেয়ে। সে ব্র্যাক পরিচালিত স্থানীয় একটি বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল। গত সোমবার বিকেল থেকে নিখোঁজ ছিল নন্দিনী। গতকাল মঙ্গলবার সকালে বাড়ির পাশের একটি ভুট্টাক্ষেত থেকে মাটিচাপা অবস্থায় বস্তাবন্দি তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একই গ্রামের রনজিৎ চন্দ্র রায়ের ছেলে বিধান চন্দ্র (২০) এবং তাঁর বাবাকে আটক করেছে পুলিশ। তবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে।

নিহতের পরিবার ও এলাকাবাসীর অভিযোগ, সোমবার রাতে নন্দিনীর নিখোঁজ হওয়ার বিষয়টি জানাতে আদিতমারী থানায় গেলেও ওসি নাজমুল হক বিষয়টিকে গুরুত্ব দেননি।

মরদেহ উদ্ধারের পর ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানায়, পুলিশ সন্দেহভাজনদের আটক করার পর হাজারো মানুষ তাদের ছেড়ে দেওয়ার দাবি জানায়। এক পর্যায়ে সন্দেহভাজনের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়। ঘটনাস্থলে যান জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হকসহ অন্য কর্মকর্তারা। আটক ব্যক্তিদের নিয়ে যাওয়ার সময় তাঁদের বহর লক্ষ্য করে হামলা ও ভাঙচুর করা হয়। পরে পুলিশ তিন দফা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে পুলিশের একটি সূত্র জানিয়েছে, গত সোমবার সন্ধ্যায় বিধান চন্দ্রকে কোদাল হাতে ওই ভুট্টাক্ষেত থেকে ফিরতে দেখেছিলেন এক ব্যক্তি। বিষয়টি জানাজানি হলে তাঁর বাড়িতে হামলার ঘটনা ঘটে।

নন্দিনীর মা সাবিত্রী রানী অভিযোগ করেন, তাঁর মেয়ের কানে থাকা সোনার রিংয়ের লোভে নন্দিনীকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে পুলিশ এখনো কোনো মন্তব্য করেনি।

পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, ঘটনাস্থলে তিনি নিজেও ইটের আঘাতে আহত হয়েছেন। বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন এবং সরকারি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় আদিতমারী থানার ওসি নাজমুল হককে প্রত্যাহার করা হয়েছে।

 

মাতামুহুরীতে শিশুর গলিত মরদেহ উদ্ধার

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলায় নিখোঁজ হওয়ার ৪৫ ঘণ্টা পর ওয়াহিদুল ইসলাম (৭) নামের এক শিশুর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল সকালে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ফজুমিয়াজির চরের একটি পরিত্যক্ত ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ওয়াহিদুল ইসলাম মাইজপাড়া নূরানী মাদরাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী এবং তৌহিদুল ইসলাম লিটনের ছেলে।

পরিবার ও স্থানীয়দের ধারণা, শিশুটিকে ফুসলিয়ে নিয়ে হত্যার পর মরদেহ ডোবার কচুরিপানার মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

মাতামুহুরী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ মাসুদ বলেন, সন্দেহভাজন হিসেবে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

 

রায়পুরায় সংঘর্ষে দুজনের মৃত্যু

নরসিংদীর রায়পুরা উপজেলার নীলক্ষা ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এর মধ্যে গুলিবিদ্ধ হয়ে বুলবুল (৩৫) নামের একজনের মৃত্যু হয়েছে। তিনি সোনাকান্দি এলাকার হরজু মিয়ার ছেলে এবং আলাল মুন্সী গ্রুপের সমর্থক ছিলেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এর আগে মঙ্গলবার ভোর থেকে সকাল পর্যন্ত সংঘর্ষে অনিক (২০) নামের এক যুবক নিহত হন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সংঘর্ষে অংশ নেওয়া কয়েকজনের পরনে বুলেট প্রুফ ভেস্ট এবং হাতে আগ্নেয়াস্ত্র দেখা গেছে।

 

পদ্মা নদীতে জেলের মরদেহ উদ্ধার

নাটোরের লালপুর উপজেলার রাইটার চর এলাকায় পদ্মা নদীতে মাছ ধরার সময় গুলিতে নিহত হয়েছেন জেলে মো. সাহাবুল ইসলাম (৪৫)। এ ঘটনায় আহত হয়েছেন মো. রবিউল ইসলাম (৩৭)।

পুলিশ জানায়, সোমবার রাতে দুর্বৃত্তরা নদীতে একটি মাছ ধরার নৌকাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে সাহাবুল ইসলাম গুরুতর আহত হন। পরে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত সাহাবুল ইসলাম পাবনার ঈশ্বরদী উপজেলার সাঁড়া গোপালপুর গ্রামের বাসিন্দা।

লালপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।

 

ব্রাহ্মণবাড়িয়ায় সালিশ বৈঠকে হামলা, নিহত ১

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের সুলতানপুর উত্তরপাড়া এলাকায় সালিশ বৈঠকে হামলার ঘটনায় মো. জাহাঙ্গীর আলম (৫০) নিহত হয়েছেন।

গত সোমবার সন্ধ্যায় পারিবারিক বিরোধ নিষ্পত্তির জন্য অনুষ্ঠিত বৈঠকে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জাহাঙ্গীর আলমসহ কয়েকজন আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম রকিব উর রাজা বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

টিকটক নিয়ে বিরোধ, স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক

নড়াইলের লোহাগড়া উপজেলায় সুমনা ফেরদৌসী (৩৮) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগে তাঁর স্বামী লিমন মল্লিককে (২৭) আটক করেছে পুলিশ।

লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে।

(প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়ে সহযোগিতা করেছেন কালের কণ্ঠের প্রতিনিধিরা)

যুক্তরাষ্ট্র ‘বিশ্বাসঘাতক’ শান্তিচুক্তি না মানার ঘোষণা ইসরায়েলের

কালের কণ্ঠ ডেস্ক
যুক্তরাষ্ট্র ‘বিশ্বাসঘাতক’ শান্তিচুক্তি না মানার ঘোষণা ইসরায়েলের

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি অন্তর্বর্তী শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান গত রবিবার গভীর রাতে ঘোষণা করেছে। এই ঘোষণার পরদিন গত সোমবার সকালে ইসরায়েলে ছড়িয়ে পড়েছে তীব্র ক্ষোভ ও হতাশা। পাকিস্তান ও ইরান উভয় দেশ জানিয়েছে, এই চুক্তির মধ্যে লেবাননসহ সব ফ্রন্টে বা যুদ্ধক্ষেত্রে শত্রুতা অবসানের বিষয়টি রয়েছে। তবে ইসরায়েলি কর্মকর্তারা এ শর্তটি সরাসরি প্রত্যাখ্যান করে জানিয়েছেন, ইসরায়েল এই চুক্তির শর্ত মানতে বাধ্য নয়। এ বক্তব্যের পরপরই সোমবার ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননজুড়ে ধারাবাহিক হামলা চালিয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট গত সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে, দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখনো এই চুক্তির বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তবে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন, ইসরায়েল এই চুক্তি মানতে বাধ্য নয় এবং লেবানন নিয়ে ইরানের কোনো শর্ত তাঁরা মানবেন না। এ বক্তব্যের সুর ধরে গত সোমবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাত্জ বলেন, ইসরায়েলি সেনাবাহিনী কোনো সময়সীমা ছাড়াই লেবানন, সিরিয়া ও গাজার নিরাপত্তা অঞ্চলগুলোতে অবস্থান করবে।

চুক্তিটি নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করে এক্স অ্যাকাউন্টে একটি পোস্ট করেছেন চরম কট্টরপন্থী ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। তিনি লিখেছেন, ইরানের সঙ্গে এ চুক্তি ইসরায়েল এবং পুরো মুক্ত বিশ্বের জন্য ক্ষতিকর। তিনি আরো বলেন, ইসরায়েলকে এখন একাই ইরানের বিরুদ্ধে তাদের অভিযান চালিয়ে যেতে হবে। এদিকে ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির এক্সে লিখেছেন, ট্রাম্পের চুক্তি আমাদের ওপর বাধ্যবাধকতা তৈরি করে না। ইসরায়েল যুক্তরাষ্ট্রের কোনো অধীন রাষ্ট্র নয়, আমরা একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র।

ইসরায়েলের মন্ত্রীরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নিজ দেশের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরাসরি সমালোচনা এড়িয়ে গেলেও বিরোধী দল ও ডানপন্থী শিবিরের নেতাদের মধ্যে তীব্র ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা গেছে। এমনকি নেতানিয়াহুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সাংবাদিকরাও ট্রাম্পের ওপর চরম ক্ষোভ উগরে দিয়েছেন। ইসরায়েলের চ্যানেল ১৪ নিউজ-এর সাংবাদিক ইনন মাগাল, যাঁকে ইসরায়েলে দেশটির প্রধানমন্ত্রীর মুখপাত্র হিসেবে গণ্য করা হয়, এক্স অ্যাকাউন্টে লিখেছেন, ইরান ও লেবাননের যুদ্ধে ইসরায়েলকে একা ফেলে দেওয়া হয়েছে। তিনি ট্রাম্পকে পরাজিত ব্যক্তি এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে ঘৃণ্য ব্যক্তি বলে আখ্যা দেন। ইনন মাগাল মধ্যপ্রাচ্যে নিযুক্ত মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারকে ইঙ্গিত করে একটি সাধারণ ইহুদিবিদ্বেষী গালি ব্যবহার করে লিটল জিউস (ছোট ইহুদি) বলে উল্লেখ করেন। একই টেলিভিশন চ্যানেলের আরেক সাংবাদিক শিমন রিকলিন গতকাল বলেন, এ মুহূর্তে ইসরায়েলের সবচেয়ে বেশি যা প্রয়োজন, তা হলো নিজের সার্বভৌমত্ব। তিনি বলেন, ইসরায়েলের যে নিজস্ব স্বার্থ আছে, তা এই বিশ্বাসঘাতক আমেরিকাকে মনে করিয়ে দেওয়ার জন্যই সার্বভৌমত্ব প্রয়োজন।

ট্রাম্প যা বললেন : প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, লেবাননে প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে আরো দায়িত্বশীল হতে হবে এবং ইসরায়েলের আগ্রাসন ও হিজবুল্লাহকে সামলানোর পদ্ধতিতে তিনি খুশি নন। এদিকে ইরান সতর্ক করে বলেছে, এখন থেকে লেবাননের ওপর যেকোনো ইসরায়েলি হামলা অথবা এর ভূখণ্ডে অব্যাহত দখলদারি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত অন্তর্বর্তী চুক্তির লঙ্ঘন বলে গণ্য হবে। যুদ্ধের শুরুতে মার্কিন ও ইসরায়েলি হামলায় অসংখ্য ইরানি কর্মকর্তা নিহত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, তিনি মনে করেন ইরানের এখন যৌক্তিক নেতৃত্ব রয়েছে। তিনি বলেছেন, যে ইরানি নেতারা সম্পূর্ণ অযৌক্তিক ছিলেন, তাঁরা এখন আর নেই। 

ফ্রান্সে অনুষ্ঠিত জি৭ সম্মেলনের ফাঁকে ইরানের পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেছেন, ইরানের বর্তমান নেতারা চরমপন্থী নন এবং তাঁরা তাঁদের দেশকে সাহায্য করতে চান। তিনি আশা প্রকাশ করেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাঁদের একটি ভালো সম্পর্ক থাকবে। চূড়ান্ত চুক্তি হয়ে গেলে ইরানের অর্থনৈতিক সম্ভাবনা ভালো হবে, কিন্তু ইরানের নেতাদের প্রথমে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে

কাতারের আশাবাদ : কাতার বলেছে, ইরান-মার্কিন চুক্তির ফলে বিশ্বে এলএনজি সরবরাহ শুরু হবে বলে আশা করা যায়। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা স্মারকের আনুষ্ঠানিক স্বাক্ষরের জন্য শুক্রবার জেনেভায় কাতারের প্রতিনিধি উপস্থিত থাকবেন।

মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার : ইরানের সঙ্গে প্রাথমিক চুক্তি স্বাক্ষরের পর অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর এ ঘোষণার পর অন্তত তিনটি ইরানি তেলবাহী ট্যাংকার এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী দুটি কার্গো জাহাজ সফলভাবে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) ইরানের আধাসরকারি সংবাদমাধ্যম মেহের নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সন্ধ্যায় জাহাজগুলো যাত্রা শুরু করেছে। প্রেস টিভিকে দেওয়া সাক্ষাৎকারে সংশ্লিষ্ট সামুদ্রিক সূত্রগুলো বলছে, জাহাজগুলো এখন কোনো বাধা ছাড়াই আন্তর্জাতিক জলসীমা দিয়ে চলাচল করছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে থাকবেন গালিবাফ : ইরানের শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ সমাপ্তকারী চুক্তির স্বাক্ষর অনুষ্ঠানে সুইজারল্যান্ডে যোগ দেবেন বলে মঙ্গলবার জানিয়েছেন ইরানের এক উপপররাষ্ট্রমন্ত্রী। রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া তথ্য মতে, মজিদ তাখত-রাভাঞ্চি বলেছেন, চুক্তি স্বাক্ষরের স্থান হবে সুইজারল্যান্ড, তবে সঠিক অবস্থান এখনো নির্ধারণ করা হয়নি। স্বাক্ষরের পরপরই পরবর্তী দফার আলোচনা শুরু হবে। সূত্র : মেহের নিউজ, এএফপি, আল জাজিরা, মিডল ইস্ট আই

‘আমগোর জীবন গেলে যাক বাচ্চা দুইডারে বাচাইন’

৩ দিন ধরে শূন্যরেখায় মানবেতর জীবন

কালের কণ্ঠ ডেস্ক
‘আমগোর জীবন গেলে যাক বাচ্চা দুইডারে বাচাইন’

সবুজ মাঠের মাঝখানে ছোট এক টুকরা জমি। মাথার ওপর একটি ছাতা। তার নিচে দুই শিশুকে নিয়ে বসে আছেন মা সুমি আক্তার। ক্ষুধায় কাঁদছে শিশুরা, কিন্তু বুকের দুধও শুকিয়ে গেছে মায়ের। তিন দিন ধরে দুই দেশের সীমান্তের মাঝখানে আন্তর্জাতিক শূন্যরেখায় আটকে থাকা এই পরিবারের একটাই আকুতি—‘আমগোর জীবন গেলে যাক, বাচ্চা দুইডারে বাঁচাইন।

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে এমন মানবিক সংকটের মধ্যেই দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে আবারও বাংলাদেশে পুশ ইনের চেষ্টা চালিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। কুড়িগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ ও জামালপুর সীমান্তে সাম্প্রতিক কয়েকটি ঘটনায় বিজিবি ও স্থানীয় লোকজনের প্রতিরোধের মুখে পুশ ইনের চেষ্টা ব্যর্থ হয়েছে। কোথাও কয়েকজন নাগরিক শূন্যরেখায় আটকা পড়েছে, কোথাও সীমান্তে দীর্ঘ সময় ধরে অনিশ্চয়তায় কাটছে তাদের জীবন।

কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া সীমান্তের আন্তর্জাতিক ১০৬০ নম্বর মেইন পিলারের ১ নম্বর সাবপিলার এলাকায় তিন দিন ধরে অবস্থান করছে ছয় বাংলাদেশি নাগরিক। গত রবিবার বিএসএফ তাদের বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশ ইন) চেষ্টা করে বলে জানিয়েছে বিজিবি।

পুশ ইন চেষ্টার শিকার ব্যক্তিরা হলো বিল্লাল হোসেন (৩৫), তাঁর স্ত্রী সুমি আক্তার (২৫), তাঁদের দুই সন্তান ফাতেমা ও ফাহিমা এবং বিল্লালের চাচাতো ভাই সজীব মিয়া (২৬) ও হিমেল মিয়া।

চারপাশে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানের মধ্যে কয়েকটি কাপড়, কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আর স্থানীয় লোকজনের দেওয়া খাবার ও বিশুদ্ধ পানির ওপর নির্ভর করেই দিন কাটছে তাদের।

কান্নাজড়িত কণ্ঠে সুমি আক্তার বলেন, তিন দিন হইলো সীমান্তে বইসা আছি। কোনো দেশেই নিচ্ছে না। প্রকৃতির ডাকে সাড়া দেওয়ারও উপায় নাই। না খাইতে পেরে বুকের দুধ শুকায় গেছে। বাচ্চাডা ঠিকমতো দুধ পায় না। ভাই, আমগোর জীবন গেলে যাক, আমগোর বাচ্চা দুইডারে বাঁচাইন। এইভাবে আর দুইডা দিন ফালায় রাখলে বাচ্চাগুলো মইরা যাইবো।

স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, গত রবিবার ভোরে ভারতের ঝালুরচর বিএসএফ ক্যাম্পের সদস্যরা এক নারী, তিন পুরুষ, দুই শিশুসহ ছয়জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেন। স্থানীয় বাসিন্দাদের বাধা এবং বিজিবির সতর্ক অবস্থানের কারণে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। এর পর থেকেই তারা আন্তর্জাতিক সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছে।

ঘটনার পর রবিবার দুপুরে বিজিবি ও বিএসএফের মধ্যে কম্পানি কমান্ডার পর্যায়ে জরুরি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে দীর্ঘ আলোচনার পরও কোনো সমাধান হয়নি।

গয়টাপাড়া বিজিবি ক্যাম্পের সুবেদার মো. শফিকুল ইসলাম বলেন, যথাযথ রাষ্ট্রীয় ও কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ ছাড়া কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। তারা বাংলাদেশি হলে নিয়ম অনুযায়ী গ্রহণ করা হবে; কিন্তু রাতের আঁধারে কাঁটাতারের বেড়া দিয়ে ঠেলে দিলে সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

 

গোমস্তাপুর সীমান্তে নারীকে পুশ ইনের চেষ্টা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর সীমান্ত এলাকা দিয়ে পুনর্ভবা নদীপথে এক নারীকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করেছে বিএসএফ। তবে বিপুলসংখ্যক সীমান্তবাসীকে সঙ্গে নিয়ে সেই চেষ্টা প্রতিহত করেছে বিজিবি।

গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ওই নারী সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছিলেন বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ।

বিজিবি জানায়, গত সোমবার রাত পৌনে ১১টার দিকে রোকনপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার ২২৫/৩-আর-এর কাছে ৮৮ বিএসএফ ব্যাটালিয়নের আরকে ওয়াদা ক্যাম্পের সদস্যরা ওই নারীকে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করেন; কিন্তু বিজিবির পদক্ষেপে সেই চেষ্টা ব্যর্থ হয়।

এ ঘটনায় পুশ ইনে সহায়তার অভিযোগে সাত বাংলাদেশিকে আটক করেছে বিজিবি ও পুলিশ। গোমস্তাপুর থানার ওসি নূরে আলম বলেন, বিশেষ ক্ষমতা আইনে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। আটক সাতজনকে আদালতে পাঠানো হবে।

নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম বলেন, বিজিবি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সীমান্তে সার্বক্ষণিক নজরদারি ও টহল অব্যাহত রয়েছে।

 

জামালপুর সীমান্তে শূন্যরেখায় আটকা যুবক

জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত দিয়েও এক যুবককে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয় লোকজনের প্রতিরোধের মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

গতকাল উপজেলার ঝাওডাঙ্গা এলাকার ১০৭৮ নম্বর সীমান্ত পিলারের কাছে ওই যুবককে শূন্যরেখায় আটকা অবস্থায় দেখা যায়।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার রাত ১০টার দিকে বিএসএফ ওই যুবককে সীমান্ত অতিক্রম করিয়ে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। এ সময় বিজিবি সদস্য ও স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে তা সম্ভব হয়নি। পরে তিনি শূন্যরেখায় অবস্থান নেন।

জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, দেওয়ানগঞ্জের ঝাওডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে এক ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়েছে। বিষয়টি প্রতিহত করতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়ে সহযোগিতা করেছেন কালের কণ্ঠের প্রতিনিধিরা]