
মাটন দম বিরিয়ানি
উপকরণ
বাসমতী চাল ১ কেজি, খাসির মাংস ২ কেজি (মাঝারি টুকরা, হাড়সহ), আদা বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, দারচিনি ৩-৪টি, সবুজ এলাচ ৮-১০টি, কালো এলাচ ৪-৫টি, লবঙ্গ আধা চা চামচ, জয়ত্রি গুঁড়া ১ চা চামচ, জায়ফল আধা চা চামচ, টক দই ১ কাপ, ঘি ৩-৪ কাপ, শাহি জিরা আধা চা চামচ, আলু (মাঝারি) ৪-৫টি, পেঁয়াজ কুচি ১ কাপ, পানি ৬ কাপ, লবণ স্বাদমতো, গুঁড়া দুধ ২ টেবিল চামচ, জাফরান ১ চিমটি, আলুবোখারা ১০-১২টি, ময়দা ২ কাপ।
যেভাবে তৈরি করবেন
♦ প্রথমেই চাল ধুয়ে পানি ঝরতে দিন। এবার মাংস ধুয়ে লবণ দিয়ে ১৫ থেকে ২০ মিনিট ভিজিয়ে রেখে দিন। ২০ মিনিট পর ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এবার শুকনা মরিচ, দারচিনি, এলাচ, জিরা, লবঙ্গ, জয়ত্রি, জায়ফল, কাবাবচিনি, শাহি জিরাসহ সব মসলা গুঁড়া করে নিতে হবে। এবার একটি হাঁড়িতে মাংস, গুঁড়া মসলা ও দই মাখিয়ে ৩০ মিনিট রেখে দিন।
♦ এবার অন্য একটি হাঁড়িতে ৬ কাপ পানি ফুটিয়ে নিন। পানি ফুটে ওঠা মাত্র চাল দিন। চাল একটু ফুটে এলেই পানি ঝরিয়ে একটি পাত্রে সংরক্ষণ করুন। জাফরান কুসুম গরম পানিতে গুলিয়ে নিতে হবে।
♦ চাল ঝরানো গরম পানিতে ঘি মিশিয়ে নিতে হবে। মাংসের হাঁড়িতে এবার এক এক করে ভাজা আলু, পেঁয়াজ বেরেশতা, আলুবোখারা ও ঘি মিশ্রিত গরম পানি দিতে হবে। এবার ওপরে চাল দিয়ে জাফরানের মিশ্রণ ঢেলে দিন এবং বাকি ঘি মিশ্রিত গরম পানি দিয়ে দিন। মনে রাখতে হবে, পানি যেন চালের ওপরে না আসে।
♦ এবার ময়দা গুলিয়ে হাঁড়ির ঢাকনা দিয়ে ভালোমতো সিল করে চুলায় দিন। কোনো ফাঁকা যেন না থাকে। ময়দার গোলা একটু নরম করে নিয়ে তবেই ঢাকনা সিল করতে হবে। এক-দেড় ঘণ্টা মাঝারি আঁচে রান্না করুন।

কাটা মাসালা মাংস
উপকরণ
১ কেজি মাংস (টুকরা করা), ২ কাপ পেঁয়াজ কুচি, ১ টেবিল চামচ রসুন কুচি, ১ টেবিল চামচ আদা কুচি, ১ চা চামচ ধনে গুঁড়া, আধা চা চামচ মরিচ গুঁড়া, ৬-৭টি শুকনা মরিচ, ১ চা চামচ হলুদ গুঁড়া, ১ চা চামচ জিরা গুঁড়া, লবণ পরিমাণমতো, ১ কাপ সয়াবিন তেল, ৪-৫টি এলাচ, ৪-৫টি দারচিনি, ৪-৫টি লবঙ্গ, ২-৩টি তেজপাতা, আধা কাপ টক দই, আধা চা চামচ চিনি।
যেভাবে তৈরি করবেন
♦ চিনি বাদ দিয়ে সব উপকরণ মেশাতে হবে। এখন ৩০ মিনিট মেরিনেট করে একটি গরম সসপ্যানে মিশ্রণটি ঢেলে দিন এবং উচ্চ তাপে ২০ মিনিট রান্না করুন। রান্নার সময় বারবার নাড়তে হবে।
♦ যখন পানি শুকিয়ে যাবে এবং তেল ওপরে উঠে আসবে তখন আরো ২ কাপ পানি যোগ করুন। নাড়ুন এবং ৪০ মিনিটের জন্য অল্প আঁচে ঢাকনা দিয়ে রান্না করুন। বারবার নাড়ুন।
♦ এবার চুলা থেকে নামিয়ে ওপরে চিনি ছিটিয়ে পরিবেশন করুন।

বাদাম-আমের শরবত
উপকরণ
কাঠবাদাম ২ টেবিল চামচ, কাজুবাদাম ২ টেবিল চামচ, পেস্তাবাদাম কুচি ১ টেবিল চামচ, আমের রস ৪ গ্লাস, লবণ ১ চিমটি, চিনি প্রয়োজন হলে।
যেভাবে তৈরি করবেন
আমের রসে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে ভালোভাবে ব্লেন্ড করতে হবে যেন দানা না থাকে। হালকা একটু চিনি দিয়ে পরিবেশন করুন মজাদার বাদাম-আমের শরবত।

আম-খেজুরের শরবত
উপকরণ
আমের রস ২ গ্লাস, পাস্তুরিত দুধ ২ গ্লাস, খেজুর কুচি নরম (দানা ছাড়া) আধা কাপ।
যেভাবে তৈরি করবেন
আমের রসের মধ্যে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে যেন দানা দানা না থাকে। হালকা একটু চিনি দিয়ে পরিবেশন করুন মজাদার আম-খেজুরের শরবত।



















