• ই-পেপার

রাষ্ট্র ও সমাজকে পদক্ষেপ নিতে হবে

  • প্রবীণদের দুর্দশা বেড়েই চলেছে

অবিলম্বে রায় কার্যকর হোক

রামিসা হত্যা : দুই আসামির মৃত্যুদণ্ড

অবিলম্বে রায় কার্যকর হোক

ঢাকার পল্লবীতে শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যার ঘটনার মাত্র ১৯ দিনের মাথায় গতকাল দুই আসামির মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। যেখানে বিচারহীনতা, দীর্ঘসূত্রতাই আমাদের তিক্ত বাস্তবতা; সেখানে স্বল্প সময়ে এই রায় অনন্য দৃষ্টান্ত। রামিসার নৃশংস ঘটনা জনমনে যে গভীর ক্ষত সৃষ্টি করেছিল, সেই দিক থেকেও এটি স্বস্তির খবর। আমরা এই রায়কে স্বাগত জানাই।

প্রকাশিত খবরে জানা গেছে, মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রধান আসামি সোহেল রানাকে পাঁচ লাখ এবং তাঁর স্ত্রী স্বপ্না আক্তারকে দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। তাঁদের সম্পত্তি বিক্রি করে অর্থদণ্ডের টাকা আদায় করে ভুক্তভোগী পরিবারকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা ও রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আজিজুর রহমান দুলু। বিচারসংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, অতীতে এ ধরনের মামলার বিচারকাজ এত কম সময়ে সম্পন্ন হয়নি। আলোচিত মামলাটি বিচার শুরু থেকে রায়ের পর্যায়ে এসেছে মাত্র পাঁচ কার্যদিবসে। এর আগে গত বছর মাগুরায় আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচারকাজ সম্পন্ন হয় ১৪ কার্যদিবসে। এই প্রেক্ষাপটে আমাদের সামনে প্রশ্ন আসে, রায় দ্রুত হয়েছে ঠিকই, কিন্তু রায় কার্যকর কি দ্রুত হয়েছে? তথ্য-উপাত্ত বলছে, রায় কার্যকর হওয়ার নজির অত্যন্ত হতাশাজনক। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফাহমিদা আক্তার কালের কণ্ঠকে বলেন, যদিও আমাদের আইনে মৃত্যুদণ্ডের মতো সর্বোচ্চ কঠোর সাজার বিধান আছে, কিন্তু এর যথাযথ প্রয়োগের অভাবে আইনটি শুধু কাগজে-কলমেই সীমাবদ্ধ।

১৯ মে পাশের ফ্ল্যাটে অবর্ণনীয় নৃশংসতার শিকার হয় সাত বছরের শিশু রামিসা। এ ঘটনার প্রতিবাদে গোটা দেশ ফুঁসে ওঠে। ঘটনার শুরু থেকেই সরকারের তরফ থেকে তৎপরতা দেখা যায়। প্রধানমন্ত্রী তারেক রহমান রামিসার বাসায় ছুটে যান এবং দ্রুত বিচারের আশ্বাস দেন। দ্রুতই আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। তিন দিনের মধ্যে ডিএনএ ও ফরেনসিক রিপোর্ট হস্তান্তর করা হয়। মাত্র পাঁচ দিনের মাথায় চার্জশিট দেওয়া হয়।

দেখা যাচ্ছে, যেসব ঘটনা আলোচিত হয়, প্রতিবাদ হয়; সেসব ঘটনার বিচারপ্রক্রিয়া গতি পায়। কিন্তু বাকি ঘটনাগুলো কালের গহ্বরে হারিয়ে যায়। এমনকি আলোচিত ঘটনাগুলোর ক্ষেত্রেও নিম্ন আদালতের রায় উচ্চ আদালতে বছরের পর বছর আটকে থাকে। গতকাল কালের কণ্ঠের খবরে বলা হয়েছে, রামিসার মামলা দ্রুত বিচারের মুখ দেখলেও চট্টগ্রামে শিশু জান্নাতুল নাইমা ইরার মামলা ঝুলে আছে। এমন উদাহরণ একটি-দুটি নয়। গত ১০ বছরে দেশে ছয় হাজারের বেশি শিশু ধর্ষণের ঘটনা নথিভুক্ত হয়েছে। তিন শতাধিক শিশুকে হত্যা করা হয়েছে, যাদের পরিবার এখনো বিচার পায়নি।

এমন পরিস্থিতিতে দিন দিন আমাদের সমাজ কন্যাশিশুর বসবাসের অযোগ্য হয়ে উঠছে। রামিসার বাবার করুণ কণ্ঠেও তা শোনা গেছে। তিনি বলেছেন, বর্তমান সমাজে তিন ফুটের ভেতরেও শিশুদের নিরাপত্তা দেওয়া যাচ্ছে না। কাজেই কন্যাশিশুর জন্য নিরাপদ সমাজ গড়তে হলে অবশ্যই ধর্ষকদের সর্বোচ্চ সাজা কার্যকর করতে হবে।

আমরা মনে করি, রামিসা হত্যা মামলায় দ্রুত রায়ের ক্ষেত্রে যে দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে, তা রায় কার্যকরের ক্ষেত্রেও অক্ষুণ্ন থাকবে। শিশু নিপীড়কদের সর্বোচ্চ শাস্তি কার্যকর হোকএটাই কাম্য।

সমন্বিত উদ্যোগ নিতে হবে

হাম বিভীষিকার মধ্যে ডেঙ্গুর চোখ-রাঙানি

সমন্বিত উদ্যোগ নিতে হবে

হাম এখনো নিয়ন্ত্রণে আসেনি। থামেনি শিশুমৃত্যুর ঘটনা। হাম ও হামের উপসর্গ নিয়ে সরকারি হিসাবেই গত ১৫ মার্চ থেকে মারা গেছে ৬১০ জন এবং শনাক্ত রোগীর সংখ্যা ৮৬ হাজারের বেশি। অনেক বিশেষজ্ঞের মতে, মৃত ও আক্রান্তের প্রকৃত সংখ্যা অনেক বেশি। হামের এমন ভয়াবহ অবস্থার মধ্যেই শুরু হয়েছে প্রাণঘাতী ডেঙ্গুর চোখ-রাঙানি। প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। কালের কণ্ঠে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত মার্চে ডেঙ্গু রোগী শনাক্ত হয় ৩৫৩ জন, এপ্রিলে ৬৪০ জন এবং মে মাসে ৭১৪ জন। উদ্বেগের বিষয়, জুন মাসে চার দিনেই আক্রান্ত হয়েছে ৩৫৩ জন। ফলে অচিরেই হাম ও ডেঙ্গুর মিলিত চাপে স্বাস্থ্য খাতে দুর্বিষহ অবস্থা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত শুক্রবার সকাল ৮টার পূর্ববর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে এক হাজার ১৬৮ জন। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৫১৯ শিশু এবং নিশ্চিত হামে ৯১ জনের মৃত্যু হয়েছে। এ সময় হামের উপসর্গ দেখা দিয়েছে ৭৬ হাজার ৮৭৬ জনের এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৯ হাজার ৫০৩ জনের শরীরে। তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত এক মাসে হাম পরিস্থিতিতে উল্লেখযোগ্য পরিবর্তন আসেনি, সংক্রমণের চাপ এখনো উচ্চ পর্যায়েই রয়েছে।

এদিকে হামের উচ্চঝুঁকির মধ্যে দ্রুত বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশের ৫৭ জেলায় এরই মধ্যে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯১ জন। চলতি বছর এ পর্যন্ত আক্রান্ত হয়েছে তিন হাজার ৫৫০ জন এবং মারা গেছে ছয়জন। আক্রান্তদের প্রায় ৭৬ শতাংশ ঢাকার বাইরের বাসিন্দা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ববিদ অধ্যাপক ড. কবিরুল বাশার বলেন, সাম্প্রতিক মাঠ জরিপে ঢাকার অনেক এলাকায় এডিস মশার লার্ভার ঘনত্ব অত্যন্ত উদ্বেগজনক মাত্রায় পাওয়া গেছে। তাঁর মতে, চলতি বছর ডেঙ্গু পরিস্থিতি গত বছরের চেয়েও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। গতকাল ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন সতর্ক করে বলেন, এবার ডেঙ্গু ভয়াবহ রূপ নিতে পারে। হেমোরেজিক (রক্তক্ষরণ) ডেঙ্গু বেশি হতে পারে।

পরিস্থিতি সামলাতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এডিস মশা নিধন অভিযান জোরদার করতে হবে। হাসপাতালগুলোতে হাম ও ডেঙ্গুর চিকিৎসায় সুযোগ-সুবিধা বাড়াতে হবে।

দক্ষ জনশক্তির বিকল্প নেই

শ্রমবাজারে যুদ্ধের প্রভাব

দক্ষ জনশক্তির বিকল্প নেই

আমাদের দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হলো প্রবাসী শ্রমিকদের পাঠানো রেমিট্যান্স। আবার সেই শ্রমবাজারের প্রায় পুরোটাই মধ্যপ্রাচ্যনির্ভর। সংগত কারণে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে শ্রমবাজারে বড় ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। নতুন শ্রমিক পাঠানো প্রায় বন্ধ, সেই সঙ্গে পুরনো অনেক শ্রমিক কাজ হারিয়ে পথে বসার উপক্রম। এর সরাসরি ধাক্কা লেগেছে দেশের অর্থনীতিতে। এই পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে কবে, কখন এই সংকটের সুরাহা হবে, তার কোনো দিশা নেই। 

কালের কণ্ঠে গতকাল প্রকাশিত খবরে বলা হয়েছে, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পর থেকে সৌদি আরব, কুয়েত ও কাতারের মতো দেশগুলোর নতুন কর্মীর চাহিদা ব্যাপক হারে কমে গেছে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য বলছে, গত মার্চ থেকে মে পর্যন্ত তিন মাসে বিদেশে কর্মসংস্থানের জন্য গেছেন এক লাখ ৫৩ হাজার ৬৩৬ জন বাংলাদেশি কর্মী। অথচ এর আগের বছর একই সময়ে এই সংখ্যা ছিল দুই লাখ ৬০ হাজার ৪৩৮। অর্থাৎ এক বছরের ব্যবধানে বিদেশগামী কর্মীর সংখ্যা কমেছে প্রায় ৪১ শতাংশ। বিশ্লেষকদের মতে, যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবকাঠামো নির্মাণ কমেছে, ব্যবসা-বাণিজ্যে খরা, সেবা খাত বিপর্যস্তসব মিলিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শ্রমবাজার সংকুচিত হয়ে পড়েছে। আবার এদিকে আগের তুলনায় বিমানভাড়াও অনেক বেড়েছে। এসব প্রতিবন্ধকতার কারণে বাংলাদেশি শ্রমিকদের বিদেশ গমন বেশ কঠিন হয়ে পড়েছে।

অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) সেক্রেটারি মাজহারুল ভূইয়া কালের কণ্ঠকে বলেন, আমাদের সৌদি আরব রুট এখন অনেকটা বন্ধের মুখে। যুদ্ধের কারণে বর্তমান পরিস্থিতিতে ওখানে কাজ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মুনীর জানিয়েছেন, বাংলাদেশের শ্রমবাজার মূলত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক এবং সবচেয়ে বড় নির্ভরতা সৌদি আরবের ওপর। তাঁর ভাষ্য অনুযায়ী, আমাদের শ্রমবাজার সম্প্রসারণ, ঝুঁকি কমানো এবং বিকল্প বাজার তৈরি নিয়ে নানা সময় আলোচনা হলেও এ বিষয়ে কার্যকর উদ্যোগ দৃশ্যমান হয়নি।

প্রবাসী শ্রমিকদের রেমিট্যান্স দেশের অর্থনীতির প্রাণশক্তি হলেও দক্ষ জনবল তৈরিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেই। কিন্তু বৈশ্বিক বাস্তবতা হলো, অদক্ষ শ্রমিকদের কাজের অভাব হলেও দক্ষ কর্মীর চাহিদা রয়েছে বিশ্বব্যাপী। আইটি, কেয়ারগিভিং, নার্সিং এবং ড্রাইভিংয়ের মতো প্রশিক্ষিত কর্মীর কাজের সুযোগ রয়েছে অনেক দেশেই।

এ ছাড়া আমাদের দেশের শ্রমিকরা বিদেশের মাটিতে নানা সময় প্রতারণার শিকার হন। সেই সময় প্রয়োজনীয় আইনি সহায়তা পান না। মানবেতর পরিবেশে কাজ করা এবং থাকা-খাওয়ার কষ্ট প্রবাসী শ্রমিকদের জন্য একপ্রকার নিয়তি হয়ে দাঁড়িয়েছে। এসব কারণেও অনেকে বিদেশে গিয়ে কাজ করার উৎসাহ হারিয়ে ফেলেন।

আমরা মনে করি, দেশের জনশক্তি রপ্তানিতে খরা কাটাতে হলে মধ্যপ্রাচ্যনির্ভরতা থেকে বের হয়ে বিকল্প শ্রমবাজারের সন্ধান করতে হবে। অনেক দেশে দক্ষ কর্মীর বিপুল চাহিদা রয়েছে। সেই চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী তৈরি করতে উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে প্রবাসে শ্রমিকদের নিরাপত্তা, আইনি সহায়তা, সুস্থ কর্মপরিবেশসর্বোপরি শ্রমিকের স্বার্থ রক্ষায় সরকারকে সর্বদা সচেষ্ট থাকতে হবে।

সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করুন

বন্ধ কারখানা চালুর উদ্যোগ

সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করুন

দেশের অর্থনীতিতে অচলাবস্থা নিয়ে নতুন করে বলার কিছু নেই। অন্তর্বর্তী সরকারের আমল থেকে অর্থনীতিতে স্থবিরতা বিরাজ করছে। এর নেতিবাচক প্রভাব পড়েছে সর্বস্তরে। এই প্রেক্ষাপটে বর্তমান সরকার বন্ধ কারখানা পুনরায় চালুর যে উদ্যোগ নিয়েছে, তা নিঃসন্দেহে সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ। দীর্ঘদিন বন্ধ থাকা এসব শিল্পপ্রতিষ্ঠান শুধু রাষ্ট্রীয় অপচয়ই বাড়াচ্ছিল না, দেশের অর্থনীতিতে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছিল। চলমান অচলাবস্থা থেকে বের হওয়ার ক্ষেত্রে সরকারের এই উদ্যোগ হতে পারে দেশের শিল্প খাতে নতুন মাইলফলক।

কালের কণ্ঠে প্রকাশিত খবরে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান বন্ধ শিল্প-কারখানা চালুর উদ্যোগ নিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দিয়েছেন। গত বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসংক্রান্ত সভায় প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অপর এক খবরে বলা হয়েছে, বন্ধ থাকা শিল্প ও সেবা প্রতিষ্ঠান চালু করতে ২০ হাজার কোটি টাকার তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক স্বল্প সুদে এই অর্থ ব্যাংকগুলোকে ঋণ হিসেবে দেবে এবং ব্যাংকগুলো যাচাই-বাছাই করে যোগ্য প্রতিষ্ঠানকে ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে ঋণ দেবে। জানা গেছে, একক কোনো প্রতিষ্ঠান বা গ্রুপ সর্বোচ্চ ২০০ কোটি টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে। প্রতিটি ঋণের মেয়াদ হবে সর্বোচ্চ এক বছর। তবে সন্তোষজনক পারফরম্যান্স থাকলে তা নবায়নযোগ্য। ব্যাংক পর্যায়ে সুদের হার নির্ধারণ করা হয়েছে ৪ শতাংশ এবং গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ৭ শতাংশ।

অতীতে দেখা গেছে, সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে নানা অনিয়মের অভিযোগ ওঠে। যাদের ঋণ সহায়তা পাওয়ার কথা, তারা পায় না; পায় মুষ্টিমেয় সুবিধাভোগী কিছু লোক। এতে কাজের কাজ কিছু হয় না, বরং খেলাপি ঋণের বোঝা ভারী হয় মাত্র। কাজেই বন্ধ কারখানা চালুর ঘোষণাই যথেষ্ট নয়, এই উদ্যোগ সফল ও টেকসই করতে সুনির্দিষ্ট এবং বাস্তবসম্মত কর্মপরিকল্পনা প্রয়োজন। কোন কারখানাগুলো সামান্য আর্থিক ও নীতিগত সহায়তায় ঘুরে দাঁড়াতে পারবে, আর কোনগুলোর আমূল সংস্কার প্রয়োজন, তা প্রথমেই যাচাই করতে হবে। বর্তমান জ্বালানি পরিস্থিতি বিবেচনায় রেখে শিল্প এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি নিশ্চিত করতে হবে। এসব বিবেচনায় বিশেষজ্ঞরা বলছেন, দেশের অর্থনীতি চাঙ্গা করতে সমন্বিত পদক্ষেপ জরুরি।

আমরা মনে করি, সরকারের সিদ্ধান্ত মাঠ পর্যায়ে বাস্তবায়নের ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা দূর করে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা একান্ত প্রয়োজন। ঋণ সহায়তা প্রদানের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের কঠোর নজরদারি থাকা দরকার। অপাত্রে যেন কোনো ঋণ সহায়তা না যায়, তা শুরুতেই রোধ করতে হবে।