দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ার চতুর্থ বৃহত্তম দ্বীপ সুলাওয়েসিতে ৬.৭ মাত্রার ভূমিকম্প হয়েছে। সোমবার স্থানীয় সময় বেলা ১০টা ২৭ মিনিটে হয়েছে এ ভূমিকম্প। ইন্দোনেশিয়ার সরকারি আবহাওয়া, জলবায়ু এবং ভূতত্ত্ব গবেষণা সংস্থা জানিয়েছে, সুলাওয়েসির পালু জেলার সৈকত থেকে ৪২ কিলোমিটার দক্ষিণপূর্বে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল (এপিসেন্টার)। কম্পন সবচেয়ে বেশি অনুভূত হয়েছে সুলাওয়েসির দুই জেলা পালু এবং সিগিতে। তবে সাগরের তলদেশে উৎপত্তি হলেও এ ভূমিকম্পের কারণে সুনামির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার সরকারি সংস্থা। ভৌগোলিকভাবে প্রশান্ত মহাসাগরের ‘আগ্নেয় মেখলা’ বা রিং অব ফায়ারের ওপর অবস্থান হওয়ায় ভূমিকম্প ইন্দোনেশিয়ায় বিরল কোনো দুর্যোগ নয়। ২০১৮ সালে পালু দ্বীপে ৭.৫ মাত্রার ভূমিকম্প ও তার জেরে সুনামি হয়েছিল। ওই সময় দুই হাজার ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিল। সূত্র : এএফপি


