• ই-পেপার

কৃষ্ণ সাগরে জাহাজে ড্রোন হামলা, নাবিক নিহত

লেবাননে ইসরায়েলি হামলা, হরমুজ বন্ধ করল ইরান

অনলাইন ডেস্ক
লেবাননে ইসরায়েলি হামলা, হরমুজ বন্ধ করল ইরান
রয়টার্স ছবি

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স ঘোষণা দিয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে ইরানি সামরিক কর্তৃপক্ষ জানায়, লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক হামলা যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির লঙ্ঘন এবং সেই কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য বন্ধ করা হলো। এটি শত্রুপক্ষের প্রতিশ্রুতি ভঙ্গের বিরুদ্ধে প্রথম পদক্ষেপ।’

এ ছাড়া আগ্রাসন অব্যাহত থাকলে শত্রুকে তার বাধ্যবাধকতা পালনে বাধ্য করতে আরো পদক্ষেপ নেওয়া হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

ইরানের দাবি, লেবাননে ইসরায়েলের হামলা তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সম্প্রতি হওয়া সমঝোতার চেতনার পরিপন্থী। তেহরান মনে করছে, যুক্তরাষ্ট্রের মদদে বা নীরব সমর্থনে ইসরায়েল এই হামলা চালিয়ে যাচ্ছে।

মজুরি থেকে কর : জুলাইয়ে বদলাচ্ছে অস্ট্রেলিয়া

শিপন আহমদ, (সিডনি) অস্ট্রেলিয়া
মজুরি থেকে কর : জুলাইয়ে বদলাচ্ছে অস্ট্রেলিয়া

নতুন অর্থবছরের শুরুতে ১ জুলাই থেকে অস্ট্রেলিয়াজুড়ে কার্যকর হচ্ছে একগুচ্ছ গুরুত্বপূর্ণ পরিবর্তন। মজুরি বৃদ্ধি, পিতা-মাতার বেতনসহ ছুটি সম্প্রসারণ, প্রতারণামূলক খুদে বার্তা নিয়ন্ত্রণ, ক্ষুদ্র ব্যবসার জন্য কর-সুবিধা, খাদ্যপণ্যের উৎস শনাক্তকরণ এবং ভোক্তা সুরক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে নতুন নিয়ম চালু হচ্ছে। এসব পরিবর্তনের বেশির ভাগই ফেডারেল সরকার, ফেয়ার ওয়ার্ক কমিশন এবং সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর ঘোষণার ধারাবাহিকতায় কার্যকর হচ্ছে বলে জানা গেছে।

সরকারি ঘোষণা ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর প্রকাশিত তথ্য অনুযায়ী, সবচেয়ে বড় পরিবর্তন আসছে কর্মক্ষেত্রে। গত ২ জুন ফেয়ার ওয়ার্ক কমিশন বার্ষিক মজুরি পর্যালোচনার রায় ঘোষণা করে। সেই সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় ন্যূনতম মজুরি ৪ দশমিক ৭৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ঘণ্টাপ্রতি ২৬ ডলার ৪৪ সেন্টে উন্নীত হচ্ছে। এর ফলে পূর্ণকালীন একজন কর্মীর সাপ্তাহিক আয় কর-পূর্ব ১ হাজার ৪ ডলার ৯০ সেন্টে পৌঁছাবে। একই সঙ্গে পুরস্কারভিত্তিক মজুরি কাঠামোর আওতাভুক্ত লাখো কর্মীর ন্যূনতম মজুরিও বাড়বে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও মূল্যস্ফীতির চাপে থাকা কর্মীদের জন্য এটি স্বস্তির খবর হলেও কিছু ক্ষুদ্র ব্যবসা বাড়তি শ্রম ব্যয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

পরিবারকেন্দ্রিক সামাজিক সুরক্ষা ব্যবস্থাতেও পরিবর্তন আসছে। সরকারি অর্থায়নে পরিচালিত পিতা-মাতার বেতনসহ ছুটির সুবিধা ১২০ দিন থেকে বাড়িয়ে ১৩০ দিনে উন্নীত করা হচ্ছে। অর্থাৎ নতুন বাবা-মায়েরা সর্বোচ্চ ২৬ সপ্তাহ পর্যন্ত এই সুবিধা পাবেন। একই সঙ্গে সঙ্গীর জন্য সংরক্ষিত ছুটির পরিমাণও বৃদ্ধি পাচ্ছে। ১ জুলাই বা এর পর জন্ম নেওয়া কিংবা দত্তক নেওয়া শিশুদের ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকর হবে। সরকারের ভাষ্য, এটি পরিবারকে সন্তান জন্মের পর অধিক সময় একসঙ্গে থাকার সুযোগ করে দেবে এবং কর্মজীবী অভিভাবকদের আর্থিক চাপ কমাতে সহায়তা করবে।

মোবাইল ফোনে প্রতারণামূলক খুদে বার্তার বিস্তার ঠেকাতে চালু হচ্ছে প্রেরক পরিচয় নিবন্ধন ব্যবস্থা। এর আওতায় নিবন্ধিত ব্যবসাপ্রতিষ্ঠানগুলো অনুমোদিত নাম ব্যবহার করে গ্রাহকদের কাছে বার্তা পাঠাতে পারবে। নিবন্ধনবিহীন প্রেরকদের পাঠানো বার্তা ‘অযাচাইকৃত’ হিসেবে প্রদর্শিত হবে। সাম্প্রতিক বছরগুলোতে সরকারি সংস্থা, ডাকসেবা ও আর্থিক প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে প্রতারণার ঘটনা বেড়ে যাওয়ায় এ ব্যবস্থা চালু করা হচ্ছে। এতে সাধারণ মোবাইল ব্যবহারকারীদের নিরাপত্তা আরো জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

ব্যবসা খাতেও কয়েকটি পরিবর্তন কার্যকর হচ্ছে। ব্যবসা নিবন্ধন, নবায়ন এবং কোম্পানির বার্ষিক পর্যালোচনাসহ বিভিন্ন প্রশাসনিক ফি বৃদ্ধি পাচ্ছে। ফলে নতুন কম্পানি নিবন্ধন এবং ব্যবসা পরিচালনার কিছু খরচ বাড়বে। তবে অন্যদিকে ক্ষুদ্র ব্যবসাগুলোর জন্য তাৎক্ষণিক সম্পদ ব্যয় করছাড় সুবিধা অব্যাহত রাখা হয়েছে। নির্ধারিত সীমার মধ্যে যোগ্য সম্পদের খরচ তাৎক্ষণিকভাবে কর ছাড় হিসেবে দাবি করা যাবে, যা নতুন বিনিয়োগে উৎসাহ জোগাতে পারে।

কর ব্যবস্থায়ও পরিবর্তনের পরিকল্পনা রয়েছে। ফেডারেল সরকারের ঘোষিত আয়কর সংস্কার কর্মসূচির আওতায় নিম্ন ও মধ্যম আয়ের করদাতাদের জন্য ধাপে ধাপে করহার কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে আগামী বছরগুলোতে বহু কর্মজীবী মানুষ অতিরিক্ত কর সাশ্রয়ের সুযোগ পেতে পারেন। পাশাপাশি কর্মসংক্রান্ত কিছু ব্যয়ের ক্ষেত্রে সহজ করছাড় সুবিধা চালুর পরিকল্পনাও রয়েছে।

খাদ্য নিরাপত্তা ও ভোক্তা অধিকার সুরক্ষার অংশ হিসেবে রেস্তোরাঁ, ক্যাফে, খাবার বিক্রয়কেন্দ্র ও বহনযোগ্য খাদ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে সামুদ্রিক খাদ্যের উৎস স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। খাদ্যটি অস্ট্রেলিয়ান, আমদানিকৃত নাকি মিশ্র উৎসের সেই তথ্য গ্রাহকদের জানানো বাধ্যতামূলক করা হয়েছে। এতে ক্রেতারা আরো সচেতনভাবে খাদ্য নির্বাচন করতে পারবেন। এ ছাড়া ভোক্তা সুরক্ষা জোরদারে জ্বালানি খাতেও কিছু পরিবর্তন আনা হচ্ছে। সংশ্লিষ্ট অঞ্চলে বিদ্যুৎ গ্রাহকদের জন্য সংযোগ বিচ্ছিন্নকরণ সংক্রান্ত সুরক্ষা ব্যবস্থা আরো শক্তিশালী করা হচ্ছে, যাতে আর্থিক সংকটে থাকা পরিবারগুলো অতিরিক্ত সহায়তা পেতে পারে।

নতুন অর্থবছরের এসব পরিবর্তনের সবচেয়ে বড় সুফল পাবেন নিম্ন ও মধ্যম আয়ের কর্মী, নতুন বাবা-মা, ক্ষুদ্র ব্যবসায়ী এবং সাধারণ ভোক্তারা। মজুরি বৃদ্ধির ফলে কর্মীদের আয় বাড়বে, পিতা-মাতার বেতনসহ ছুটি সম্প্রসারণ পরিবারকে বাড়তি সহায়তা দেবে এবং প্রতারণামূলক বার্তা নিয়ন্ত্রণে মোবাইল ব্যবহারকারীদের নিরাপত্তা আরো জোরদার হবে। ক্ষুদ্র ব্যবসাগুলো কর-সুবিধার মাধ্যমে নতুন বিনিয়োগে উৎসাহ পেলেও ব্যবসা নিবন্ধন ও পরিচালন ব্যয় বৃদ্ধির কারণে কিছু প্রতিষ্ঠানের খরচ বাড়তে পারে। তবে সার্বিকভাবে জীবনযাত্রার ব্যয় ও অর্থনৈতিক চাপের মধ্যে কর্মী, পরিবার ও ভোক্তাদের আর্থিক সুরক্ষা জোরদার করাই নতুন অর্থবছরের এসব পরিবর্তনের প্রধান লক্ষ্য বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সাড়ে ৩ হাজার পাকিস্তানিকে বহিষ্কার করল আরব আমিরাত

অনলাইন ডেস্ক
সাড়ে ৩ হাজার পাকিস্তানিকে বহিষ্কার করল আরব আমিরাত
সংগৃহীত ছবি

ইরান-যুক্তরাষ্ট্রের সংঘাত চলাকালে সামাজিক যোগাযোগ মাধ্যম আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৫০০ পাকিস্তানিকে বহিষ্কার করেছে সংযুক্ত আরব আমিরাত।

পাকিস্তানের জাতীয় পরিষদ (ন্যাশনাল অ্যাসেম্বলি) থেকে এমন তথ্য জানানো হয়েছে বলে জানায় পাক সংবাদ মাধ্যম দ্য নেশন

বিষয়টি নিশ্চিত করে পাকিস্তানের পার্লামেন্টারি অ্যাফেয়ার্স বিষয়ক ফেডারেল মন্ত্রী তারিক ফজল চৌধুরী বলেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও তাদের পরিবারের জন্য সরকার সর্বোচ্চ সহায়তা প্রদানের চেষ্টা করছে।

জাতীয় পরিষদের সদস্য (এমএনএ) সামিনা খালিদ ঘুরকির এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, স্পেন, পর্তুগাল ও যুক্তরাজ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো পাকিস্তানি নাগরিক নেই। 

তিনি বলেন, এসব দেশে পাকিস্তানি দূতাবাসগুলোতে বন্দি নাগরিকদের সহায়তার জন্য বিশেষ সেল রয়েছে। এসব সেল নিয়মিত কারাগার পরিদর্শন, বন্দিদের সমস্যার সমাধান এবং আর্থিকভাবে অসচ্ছলদের জন্য আইনি সহায়তা প্রদান করে থাকে।

এর আগে পাকিস্তান ও যুক্তরাজ্যের মধ্যে বন্দি স্থানান্তর চুক্তির আওতায় ২০২৪ ও ২০২৫ সালে মোট ৯ জন পাকিস্তানি বন্দিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে বলেও জানান তিনি।

তবে সংযুক্ত আরব আমিরাত থেকে বহিষ্কৃত ৩ হাজার ৫০০ পাকিস্তানির বিরুদ্ধে ঠিক কী ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছিল, সে বিষয়ে জাতীয় পরিষদে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

আমিরাতের ভিসা নিয়ে সুসংবাদ

অনলাইন ডেস্ক
আমিরাতের ভিসা নিয়ে সুসংবাদ
সংগৃহীত ছবি

সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণ করতে ইচ্ছুক পর্যটকদের জন্য এলো সুখবর। দেশটি এখন মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে ট্যুরিস্ট ভিসা দেওয়ার সুবিধা চালু করেছে। একই সঙ্গে হোটেল, ডেজার্ট সাফারি, জেট স্কি ও বিভিন্ন পর্যটন কার্যক্রমে উল্লেখযোগ্য ছাড় ঘোষণা করা হয়েছে। ফলে কম খরচে দুবাই ভ্রমণের সুযোগ তৈরি হওয়ায় বিশ্বজুড়ে ভ্রমণপিপাসুদের আগ্রহ বাড়ছে। শনিবার (২০ জুন) খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ট্রাভেল এজেন্টরা বলছেন, ভিসার দ্রুত সুবিধা ছাড়াও আমিরাতে হোটেল, আউটডোর অ্যাক্টিভিটি এবং বিভিন্ন দর্শনীয় স্থানে বিশাল ছাড় দেওয়া হয়েছে। এতে করে সাশ্রয়ী খরচে দুবাই ট্যুর এখন আকর্ষণীয় হয়ে উঠেছে। 

দেশটিতে এখন মাত্র ১৩৯ দিরহামে হোটেলের রুম সুবিধা মিলছে। এর বাইরে ডেজার্ট সাফারি, জেট স্কি এবং বাগি রাইডে অবিশ্বাস্য ছাড় দেওয়া হচ্ছে। ফলে দ্রুক বুকিং দিলে খুব সাশ্রয়ী খরচে ভ্রমণের সুযোগ মিলছে।  

খালিজ টাইমস সাশ্রয়ী ভ্রমণের জন্য কয়েকটি টিপসও তুলে ধরেছে। সংবাদমাধ্যমটি বলছে, পর্যটকদের সবচেয়ে বড় খরচের খাত হলো আবাসন। তবে গ্রীষ্মকালে অনেক হোটেল পর্যটকদের জন্য নানা ছাড় দেয়। তাই অনলাইনে দেখে বুকিং না দিয়ে সরাসরি আসার পর বুকিং দেওয়া উচিত। এতে করে খরচ অনেকটাই বেচে যেতে পারে। কারণ ভাড়া বিভিন্ন সময়ে কমবেশি হয়ে 

ওয়াইজফক্স ট্যুরিজমের সিনিয়র ম্যানেজার সুবাইর বলেন, গ্রীষ্মকালে দুবাই এখন অনেক সাশ্রয়ী গন্তব্যে পরিণত হয়েছে। হোটেলগুলোতে ভাড়া কম হওয়ায় এবং দর্শনীয় স্থানগুলোতে বিশেষ ছাড় থাকায় পর্যটকরা স্বাচ্ছন্দ্যে ঘুরতে পারেন।

ডেজার্ট সাফারি 

দুবাইয়ের অন্যতম জনপ্রিয় অভিজ্ঞতা হলো ডেজার্ট সাফারি। শীতকালে সাধারণত এর প্যাকেজ ১৫০ দিরহামের আশপাশে থাকে। তবে গরমকালে এটি ৫০ দিরহামের আশপাশে পাওয়া যায়। তবে বুকিং করার আগে কী কী সুবিধা পাওয়া যাবে তা যাচাই করে নেওয়া ভালো।

জেট স্কি রাইড 

বুর্জ আল আরব বা আটলান্টিস দেখার জন্য জেট স্কি রাইড পর্যটকদের খুব প্রিয়। গ্রীষ্মকালে অপারেটররা প্রায়ই সপ্তাহের কর্মদিবসগুলোতে বিশেষ অফার এবং অগ্রিম বুকিং করলে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দেয়। তবে এটির ক্ষেত্রে সরাসরি কাউন্টারে গিয়ে টিকেট না কেটে অনলাইনে অফারগুলো দেখে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে।

প্লুটো ট্রাভেলসের ম্যানেজিং পার্টনার ভরত আইদাসানি বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে ভিসা পাওয়ার কারণে পর্যটকরা দুবাই সফরে আরো আগ্রহী হয়ে উঠবেন। দ্রুত ভিসা পাওয়ার নিশ্চয়তা পেলে পর্যটকরা সেটিকে সহজেই গন্তব্য হিসেবে বেছে নিতে পারেন।