• ই-পেপার

ভারতের সীমান্ত এলাকায় জনমিতি পরিবর্তন খতিয়ে দেখার নির্দেশ অমিত শাহের

প্রেমের বিয়ে মেনে নেয়নি পরিবার, থানাতেই মেয়েকে কুপিয়ে হত্যা করলেন বাবা

অনলাইন ডেস্ক
প্রেমের বিয়ে মেনে নেয়নি পরিবার, থানাতেই মেয়েকে কুপিয়ে হত্যা করলেন বাবা
সংগৃহীত ছবি

ভারতের উত্তর প্রদেশের বান্দা জেলায় এক মর্মান্তিক ও নৃশংস ঘটনা ঘটেছে। ভালোবেসে বিয়ে করার অপরাধে খোদ থানা চত্বরের ভেতরেই মা-বাবার নির্মম হামলার শিকার হয়েছেন ১৯ বছর বয়সী এক তরুণী। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খবর এনডিটিভি

নিহত তরুণীর নাম শিবানী (১৯)। নিজের পছন্দের মানুষকে বিয়ে করার পর পরিবারের সঙ্গে বাড়ি ফিরে যেতে অস্বীকৃতি জানানোয় পুলিশের সামনেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়।

পুলিশ জানায়, গত ১৮ মে শিবানী তার প্রতিবেশী যুবক ললিত বর্মার সঙ্গে ঘর ছাড়েন। পরে তারা একটি মন্দিরে বিয়ে করেন এবং আইনিভাবে বিয়ের নিবন্ধন (রেজিস্ট্রি) সম্পন্ন করেন। তবে শিবানীর পরিবার এই বিয়ে মেনে না নিয়ে উল্টো ললিতের বিরুদ্ধে থানায় অপহরণের মামলা করে।

মামলার পর পুলিশ নিখোঁজ দম্পতির সন্ধান শুরু করে। গত শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে মধ্য প্রদেশের সাতনা জেলা থেকে ললিত ও শিবানীকে উদ্ধার করে বান্দা থানায় নিয়ে আসা হয়। থানায় জিজ্ঞাসাবাদের সময় এই দম্পতি পুলিশকে জানান, তারা নিজেদের স্বেচ্ছায় এবং প্রাপ্তবয়স্ক হিসেবে বিয়ে করেছেন। প্রমাণ হিসেবে তারা বিয়ের যাবতীয় কাগজপত্রও পুলিশের কাছে জমা দেন।

থানায় যখন শিবানীর জবানবন্দি রেকর্ড এবং তার স্বাস্থ্য পরীক্ষার প্রস্তুতি চলছিল, তখন খবর পেয়ে দুই পরিবারের সদস্যরা সেখানে হাজির হন। পরিস্থিতি শান্ত করতে পুলিশ দুই পক্ষকে নিয়ে একটি সমঝোতা বৈঠকে বসে।

বৈঠকে শিবানীর মা-বাবা তাকে ললিতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বাড়ি ফিরে যাওয়ার জন্য ক্রমাগত চাপ দিতে থাকেন। কিন্তু শিবানী স্পষ্ট জানিয়ে দেন, তিনি স্বামীর সঙ্গেই সংসার করবেন। এ নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

পুলিশ জানায়, কথা বলার মাঝেই হঠাৎ শিবানীর মা রান্নো পেছন থেকে নিজের মেয়েকে শক্ত করে জাপটে ধরেন। আর সেই সুযোগে শিবানীর বাবা পকেট থেকে ধারালো ছুরি বের করে মেয়ের ওপর ঝাঁপিয়ে পড়েন। পুলিশের উপস্থিতিতেই শিবানীর পেট, হাত ও তালুতে এলোপাতাড়ি কোপাতে থাকেন তিনি। আচমকা এই হামলায় হতভম্ব হয়ে পড়েন উপস্থিত পুলিশ সদস্যরা।

রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় শিবানীকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে আঘাত গুরুতর হওয়ায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বান্দা জেলার পুলিশ সুপার পলাশ বনশল সংবাদমাধ্যমকে বলেন, এই ঘটনায় সংশ্লিষ্ট ধারায় একটি হত্যা মামলা করা হয়েছে। পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে অভিযুক্ত পিতাকে গ্রেপ্তার করেছে। ঘটনা খতিয়ে দেখতে তদন্ত চলছে।

ইরান-যুক্তরাষ্ট্র

চুক্তি চূড়ান্তে তেহরানে কাতারের মধ্যস্থতাকারী

অনলাইন ডেস্ক
চুক্তি চূড়ান্তে তেহরানে কাতারের মধ্যস্থতাকারী
সংগৃহীত ছবি

ইরান ও যুক্তরাষ্ট্র  যুদ্ধ বন্ধের সম্ভাব্য চুক্তি চূড়ান্ত করতে তেহরান সফর করেছেন কাতারের মধ্যস্থতাকারীরা। রবিবার (১৪ জুন) ইসলামাবাদের দুজন আঞ্চলিক কর্মকর্তার বরাতে এপি এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই দুই আঞ্চলিক কর্মকর্তা জানান, ইরান ও যুক্তরাষ্ট্র  যুদ্ধ শেষ করার একটি চুক্তির আরো কাছাকাছি পৌঁছেছে। কারণ চুক্তিটি চূড়ান্ত করতে কাতারের মধ্যস্থতাকারীরা রবিবার তেহরানে গেছেন।

গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশ না করার শর্তে তারা জানান , যুক্তরাষ্ট্র ও ইরান অবশেষে এমন একটি চুক্তির কাছাকাছি পৌঁছেছে যা হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটানো সংঘাত বন্ধ করতে এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে পারে। 

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ শনিবার বলেছেন, চুক্তিটি রবিবার স্বাক্ষরিত হতে পারে। এ সময় ট্রাম্প আরো বলেন, ‘চুক্তি স্বাক্ষরের পরপরই হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে।’

অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, চুক্তিটি আগামী কয়েক দিনের মধ্যেই হতে পারে। 

চুক্তিটি কোনো সশরীরে উপস্থিতির অনুষ্ঠান ছাড়াই ইলেকট্রনিকভাবে স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে, যদিও কখন বা কিভাবে এই স্বাক্ষর অনুষ্ঠিত হবে তা এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছেন ওই কর্মকর্তারা।

তাদের ভাষ্য মতে, এই চুক্তিটি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সবচেয়ে জটিল সমস্যাগুলোর সমাধান করেতে পারে। কর্মকর্তারা আলোচনা পরিচালনায় পাকিস্তানের মাসব্যাপী প্রচেষ্টার কথা বর্ণনা করেছেন, যেখানে উভয় পক্ষকে আলোচনা কক্ষ ছেড়ে চলে যাওয়া থেকে বিরত রাখতে সংগ্রাম করতে হয়েছে এবং একাধিকবার আলোচনা পুরোপুরি ভেস্তে যাওয়ার কথাও বলেছেন তারা।

আলোচিত চুক্তি অনুযায়ী, ইরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা এবং এর প্রক্সি শক্তিগুলোর প্রতি সমর্থন বন্ধ করার মূল লক্ষ্য পূরণে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ব্যর্থ হয়েছে বলে মনে হচ্ছে। এই চুক্তিতে কীভাবে এই বিষয়গুলোর সমাধান করা হবে, বা এগুলো চূড়ান্ত চুক্তির অংশ হবে কি না, তা স্পষ্ট নয়।

এদিকে সোমবার থেকে শুরু হতে যাওয়া জি-৭ শীর্ষ সম্মেলনে ট্রাম্প হরমুজ প্রণালি থেকে মাইন অপসারণ নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। জলপথটি তেল, প্রাকৃতিক গ্যাস এবং সারের মতো সংশ্লিষ্ট পণ্যের উল্লেখযোগ্য পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এটি কার্যকরভাবে বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা লেগেছে।

উল্লেখ্য, এই চক্তির অগ্রগতি এসেছে সপ্তাহের শুরুতে ইরান ও যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে সংঘাতের পর, যা যুদ্ধবিরতি ভঙ্গ করে মধ্যপ্রাচ্যকে আবার পুরোদস্তুর যুদ্ধের দিকে ঠেলে দেওয়ার হুমকি সৃষ্টি করেছিল। ৭ এপ্রিল থেকে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর রয়েছে।

সাঁতারুদের সুরক্ষায় সৈকতে ড্রোন ব্যবহারের নিয়ম পাল্টাচ্ছে অস্ট্রেলিয়া

অনলাইন ডেস্ক
সাঁতারুদের সুরক্ষায় সৈকতে ড্রোন ব্যবহারের নিয়ম পাল্টাচ্ছে অস্ট্রেলিয়া
ছবি : রয়টার্স

অস্ট্রেলিয়ার সিডনির একটি সৈকতে হাঙরের হামলায় একজন নারী গুরুতর আহত হওয়ার পর, সেখানকার ড্রোন ওড়ানোর নিয়ম পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে একটি নিয়ন্ত্রক সংস্থা। কুগি নামের ওই সৈকতটিতে হাঙরের ওপর নজরদারি বাড়াতে যেন উদ্ধারকারীরা সহজে ড্রোন ব্যবহার করতে পারেন, সেজন্যই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

শনিবার (১৩ জুন) সকালে পূর্ব সিডনির কুগি সৈকতে তীর থেকে মাত্র ১০০ ফুট দূরে এক ৩৫ বছর বয়সী নারীকে একটি হাঙর কামড় দেয়। এতে তার বাম পায়ের নিচের অংশ এবং হাত গুরুতর জখম হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এই ঘটনার পর কুগি বিচসহ আশেপাশের কয়েকটি সৈকত ২৪ ঘণ্টার জন্য বন্ধ করে দেওয়া হয় এবং জরুরি ভিত্তিতে ড্রোনের সাহায্যে হাঙরটির সন্ধান করা হয়। ঘটনার সময় প্যাডেলবোর্ড চ্যাম্পিয়ন চার্লি ভার্কো (২৫) ওই নারীকে উদ্ধার করে তীরে নিয়ে আসেন। তিনি জানান, সাঁতারুদের কাছাকাছি প্রায় তিন থেকে চার মিটার লম্বা একটি হাঙর দেখে তিনি অত্যন্ত ভয় পেয়ে গিয়েছিলেন। সঙ্গে সঙ্গে তিনি ইশারার মাধ্যমে সৈকতে থাকা অন্য লাইফগার্ডদের সতর্ক করেন এবং পানি থেকে সবাইকে দ্রুত উঠে আসার ব্যবস্থা করেন।

সিডনির কুগি সৈকতটি মূলত আন্তর্জাতিক বিমানবন্দরের বিমান চলাচলের পথের নিচে অবস্থিত। বিমান সুরক্ষার কারণে এই এলাকায় সাধারণ বা বাণিজ্যিক ড্রোন ওড়ানোর ওপর কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু সাঁতারুদের নিরাপত্তার জন্য ড্রোন দিয়ে হাঙরের ওপর নজর রাখা জরুরি হওয়ায়, দেশের বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা কর্তৃপক্ষ এখন এই নিষেধাজ্ঞা শিথিল বা নিয়ম পরিবর্তনের বিষয়টি খতিয়ে দেখছে।

নিউ সাউথ ওয়েলস রাজ্যের কৃষিমন্ত্রী টারা মোরিয়ার্টি জানিয়েছেন, সিডনিতে হাঙরের উপদ্রব ও আক্রমণের কারণে এই গ্রীষ্মকালটা বেশ কঠিন যাচ্ছে। সাঁতারুদের নিরাপদ রাখতে সরকার ড্রোন ও অন্যান্য নতুন প্রযুক্তি ব্যবহারের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করছে।

সূত্র : রয়টার্স

যুক্তরাষ্ট্রে যুদ্ধবিমান বিধ্বস্ত, ধ্বংসাবশেষ থেকে পাহাড়ে দাবানল

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রে যুদ্ধবিমান বিধ্বস্ত, ধ্বংসাবশেষ থেকে পাহাড়ে দাবানল
ছবি : নাচেস ফায়ার ডিপার্টমেন্ট

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের ইয়াকিমা কাউন্টিতে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় পাহাড়ে দাবানলের সৃষ্টি হয়েছে। স্থানীয় সময় শনিবার দুপুর ১২টার দিকে রিমরক লেকের কাছে এ ঘটনা ঘটে।

স্থানীয় কর্মকর্তাদের বরাতে সিবিসি নিউজ এ তথ্য জানিয়েছে।

ইয়াকিমা কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, বিমান বিধ্বস্তের পর পাইলট নিরাপদে বের হতে সক্ষম হন। পরে আহতাবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়।

কর্মকর্তারা আরো জানান, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর আশপাশের এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে।

মার্কিন মেরিন কোরের এক বিবৃতির বরাতে কিরো টিভি জানায়, বিধ্বস্ত বিমানটি ছিল এফ/এ-১৮ হরনেট মডেলের। এটি ‘মেরিন এয়ারক্রাফট গ্রুপ ১১, তৃতীয় মেরিন এয়ারক্রাফট উইং’-এর অধীনে নিয়োজিত ছিল।

বিবৃতিতে বলা হয়, ওয়াশিংটনের সিয়াটল শহরের প্রায় ৫৫ মাইল দক্ষিণ-পূর্বে নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার সময় বিমানটি দুর্ঘটনার শিকার হয়।

নাচেস ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে হেলিকপ্টার ও ওকানোগান-ওয়েনাচি ন্যাশনাল ফরেস্ট ফায়ার সার্ভিসের একটি ফায়ার ইঞ্জিন মোতায়েন করা হয়েছে। তবে আগুনে ঠিক কতটুকু এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, সে ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ ছাড়া বিমান বিধ্বস্তের কারণ সম্পর্কেও কোনো তথ্য দিতে পারেননি সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানান তারা।