অস্ট্রেলিয়ার জাতীয় বিমান সংস্থা কান্তাস বিশ্বের দীর্ঘতম বাণিজ্যিক ফ্লাইট চালুর পথে আরো এক ধাপ এগিয়েছে। সংস্থাটি জানিয়েছে, ২০২৭ সালের অক্টোবর থেকে সিডনি-লন্ডন রুটে সরাসরি (ননস্টপ) ফ্লাইট চালু করা হবে, যেখানে যাত্রীরা কোনো বিরতি ছাড়াই প্রায় ২২ ঘণ্টায় গন্তব্যে পৌঁছাতে পারবেন।
শুক্রবার (১৯ জুন) সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এই দীর্ঘ দূরত্বের ফ্লাইট পরিচালনার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে অত্যাধুনিক এয়ারবাস এ৩৫০-১০০০ ইউএলআর উড়োজাহাজ। সম্প্রতি ফ্রান্সের তুলুজে এয়ারবাসের কারখানায় কান্তাস তাদের প্রথম এ৩৫০-১০০০ ইউএলআর উন্মোচন করে, যা ‘প্রজেক্ট সানরাইজ’-এর মূল অংশ হিসেবে ব্যবহৃত হবে।
এই প্রকল্পের আওতায় শুধু সিডনি-লন্ডন নয়, ভবিষ্যতে সিডনি-নিউইয়র্ক রুটেও সরাসরি ফ্লাইট চালানোর পরিকল্পনা রয়েছে। প্রায় এক শতাব্দী ধরে অস্ট্রেলিয়া থেকে ইউরোপে বিরতিহীন ফ্লাইট চালু করা এভিয়েশন জগতের বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হয়ে আসছিল, যা এবার বাস্তবায়নের পথে।
কান্তাসের প্রধান নির্বাহী কর্মকর্তা ভেনেসা হাডসন বলেন, অস্ট্রেলিয়ার ভৌগোলিক দূরত্বের সীমাবদ্ধতা কাটিয়ে ওঠাই তাদের প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল, আর ‘প্রজেক্ট সানরাইজ’ সেই লক্ষ্য পূরণের অংশ।
এই দীর্ঘ যাত্রা সম্ভব করতে এয়ারবাস উড়োজাহাজে অতিরিক্ত জ্বালানি ট্যাংক যুক্ত করেছে এবং রেঞ্জ প্রায় ১,০০০ নটিক্যাল মাইল বাড়ানো হয়েছে, যাতে টানা প্রায় ২২ ঘণ্টা আকাশে উড়তে পারে।
যাত্রীদের স্বাচ্ছন্দ্যের জন্য বিমানে আসনসংখ্যা কমানো হয়েছে। যেখানে সাধারণ এ৩৫০-১০০০ ইউএলআর বিমানে প্রায় ৪০০ যাত্রী থাকে, সেখানে কান্তাসের বিশেষ সংস্করণে থাকবে মাত্র ২৩৮টি আসন।
বিমানে থাকবে ‘ওয়েলনেস জোন’, যেখানে যাত্রীরা হাঁটাচলা ও হালকা ব্যায়াম করতে পারবেন। পাশাপাশি বিশেষ আলো ও কেবিন ডিজাইনের মাধ্যমে যাত্রীদের জেট ল্যাগ কমানোর ব্যবস্থা রাখা হয়েছে।
প্রথম শ্রেণিতে থাকবে বিলাসবহুল স্যুট, যেখানে ৮০ ইঞ্চি লম্বা ফ্ল্যাট বেড, ব্যক্তিগত কেবিন ও আরামদায়ক বসার ব্যবস্থা থাকবে। বিজনেস ক্লাসে ৫২টি স্যুট, প্রিমিয়াম ইকোনমিতে ৪০টি আসন এবং ইকোনমিতে ১৪০টি আসন থাকবে।
কান্তাস জানিয়েছে, দীর্ঘ দূরত্বের এই ফ্লাইটের জন্য যাত্রীদের আগ্রহ আগে থেকেই প্রমাণিত হয়েছে। বর্তমানে তারা পার্থ-লন্ডন ও অকল্যান্ড-নিউইয়র্কের মতো বিশ্বের দীর্ঘতম রুটগুলো সফলভাবে পরিচালনা করছে।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী বছর প্রথম উড়োজাহাজ সরবরাহ করা হবে এবং ২০২৭ সালের অক্টোবর থেকে সিডনি-লন্ডন ননস্টপ ফ্লাইটের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। এর মাধ্যমে বৈশ্বিক বিমান চলাচলে নতুন এক যুগের সূচনা হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।




