• ই-পেপার

ব্রাজিলের বিপক্ষে নিজেদের ‘সেরা’ তারকাকে পাচ্ছে না জাপান

বর্ণবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ভিনিসিয়ুসের

ক্রীড়া ডেস্ক
বর্ণবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ভিনিসিয়ুসের
ভিনিসিয়ুস জুনিয়র। ছবি : রয়টার্স

ব্রাজিলের হয়ে ২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে একমাত্র গোল করার পর হাইতির বিপক্ষেও জালের দেখা পান তিনি। এরপর স্কটল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় উঠে এসেছেন রিয়াল মাদ্রিদের এই তারকা উইঙ্গার।

বিশ্বকাপে তার অসাধারণ পারফরম্যান্সের পর রিয়াল মাদ্রিদও তার চুক্তি নবায়নের প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিচ্ছে বলে জানা গেছে।

তবে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি বর্ণবাদের বিরুদ্ধে নিজের অবস্থান নিয়েও কথা বলেছেন ভিনিসিয়ুস। তিনি বলেন, ‘মাঠের বাইরের এই অর্জনগুলো আমার ফুটবল অর্জনের চেয়েও গুরুত্বপূর্ণ। কারণ এর মাধ্যমে আমি আরো অনেক মানুষের পাশে দাঁড়াতে পারি।’

ব্রাজিলিয়ান এই তারকা মনে করেন, বর্ণবাদ পুরোপুরি দূর করতে এখনো অনেক পথ বাকি। তিনি বলেন, ‘অবশ্যই পরিবর্তন ধীরে হচ্ছে। তবে আমি আশা করি, ভবিষ্যৎ প্রজন্মকে যেন এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে না হয়। আমার সাত বছরের ছোট ভাই আছে, আমি চাই না সেও বর্ণবাদের শিকার হোক।’

তিনি আরো যোগ করেন, ‘আমি মাঠে বড় সাফল্য অর্জন করতে চাই, একই দসঙ্গে সেই তরুণ কৃষ্ণাঙ্গদের অনুপ্রাণিত করতে চাই, যাদের কণ্ঠস্বর আমার মতো জোরালো নয়।’

ব্রাজিলের বর্তমান দল নিয়েও আশাবাদ ব্যক্ত করেছেন ভিনিসিয়ুস। তার ভাষায়, ‘এটি এমন একটি প্রজন্ম, যারা ব্রাজিলকে আবারও শীর্ষে ফিরিয়ে নিতে লড়াই করছে। ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার অপেক্ষা অনেক দীর্ঘ হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে আমরা অনেক কিছু শিখেছি।’

তিনি মনে করেন, কোচ কার্লো আনচেলত্তির অধীনে দল আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। ‘আনচেলত্তি আমাদের স্বাধীনতা, মানসিক স্বস্তি এবং বিশ্বাস দিয়েছেন যে আমরা আবারও সেরাদের কাতারে ফিরতে পারি।’

নেইমার, কাসেমিরো, মারকিনিওস, দানিলো ও অ্যালেক্স সান্দ্রোর মতো অভিজ্ঞ ফুটবলারদের উপস্থিতিও তরুণদের জন্য বড় সহায়তা বলে উল্লেখ করেন তিনি। ‘তাদের অভিজ্ঞতা আমাদের আরো স্বাধীনভাবে খেলতে সাহায্য করে। একই সঙ্গে এন্দ্রিক ও রায়ানের মতো তরুণরাও দলে নতুন শক্তি যোগ করছে।’

নিজের দুর্দান্ত ফর্মের রহস্য জানাতে গিয়ে ভিনিসিয়ুস বলেন, ‘বিশ্বকাপ শুরুর আগেই বলেছিলাম, আমি টেকনিক্যালি, শারীরিকভাবে এবং মানসিকভাবে ক্যারিয়ারের সেরা অবস্থায় আছি। পুরো মৌসুম কঠোর পরিশ্রম করেছি। কোনো ইনজুরিতে পড়িনি, রিয়াল মাদ্রিদের কোনো ম্যাচও মিস করিনি। যত বেশি পরিশ্রম করবেন, ভাগ্যও তত বেশি আপনার পক্ষে থাকবে।’

স্কটল্যান্ডের বিপক্ষে হেড থেকে গোল করার প্রসঙ্গে তিনি হাসতে হাসতে বলেন, ‘আমি সাধারণত হেডে গোল করি না। কোচের সঙ্গে এ নিয়ে বাজি ছিল। ক্যারিয়ারে মাত্র দুই-তিনটি হেডে গোল করেছি। এবার বাজি জেতার উপহারটা বেছে নিতে হবে।’

ব্রাজিল-জাপান ম্যাচে সেই ক্রোয়েশিয়ান রেফারি

ক্রীড়া ডেস্ক
ব্রাজিল-জাপান ম্যাচে সেই ক্রোয়েশিয়ান রেফারি
অ্যাসিস্ট্যান্ট ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি ইভান বেবেক। ছবি : সংগৃহীত

২০২৬ বিশ্বকাপে আবারও গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ক্রোয়েশিয়ার অভিজ্ঞ রেফারি ইভান বেবেক। তার পারফরম্যান্সে সন্তুষ্ট হয়ে ব্রাজিল ও জাপানের মধ্যকার শেষ ৩২-এর ম্যাচে তাকে অ্যাসিস্ট্যান্ট ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (এভিএআর) হিসেবে নিয়োগ দিয়েছে ফিফা।

৪৪ বছর পর বিশ্বকাপে ম্যাচ পরিচালনার দায়িত্ব পাওয়া প্রথম ক্রোয়েশিয়ান কর্মকর্তা হিসেবে আগেই ইতিহাস গড়েছিলেন বেবেক। এবার নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচেও দায়িত্ব পাওয়ায় তার প্রতি ফিফার আস্থারই প্রতিফলন দেখা যাচ্ছে।

সোমবার (২৯ জুন) অনুষ্ঠিত হবে ব্রাজিল ও জাপানের মধ্যকার এই হাইভোল্টেজ ম্যাচ। বাংলাদেশ সময় রাত ১১টায় অনুষ্ঠিতব্য এই লড়াইয়ে জয়ী দল জায়গা করে নেবে শেষ ষোলোতে।

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলাকে আড়াই লাখ ডলার দিলেন নেইমার

ক্রীড়া ডেস্ক
ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলাকে আড়াই লাখ ডলার দিলেন নেইমার

ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলার মানুষের পাশে দাঁড়িয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। জরুরি উদ্ধারকাজ ও মানবিক সহায়তার জন্য তিনি ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার অনুদান দিয়েছেন বলে জানিয়েছে ভেনেজুয়েলার সংবাদমাধ্যম এল সুমারিও।

প্রতিবেদনে বলা হয়েছে, নেইমারের দেওয়া অর্থ ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জরুরি খাদ্য, বিশুদ্ধ পানীয় জল, চিকিৎসাসামগ্রী এবং অস্থায়ী আশ্রয়কেন্দ্র তৈরিতে ব্যয় করা হবে।

অনুদানের বিষয়ে নেইমার বলেন, ‘ভেনেজুয়েলার মানুষের জন্য আমার হৃদয় কাঁদছে। আমি আশা করি, এই সামান্য সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্দিনে কিছুটা হলেও শক্তি ও স্বস্তি এনে দেবে।’

এর আগে সিএনএনের প্রতিবেদনে জানানো হয়, গত বুধবার ভেনেজুয়েলায় আঘাত হানা ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৪৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩ হাজার ২৩৮ জন এবং বাড়িঘর হারিয়ে বাস্তুচ্যুত হয়েছেন ৩ হাজার ১৪২টি পরিবার।

এদিকে মাঠেও ফিরতে প্রস্তুত হচ্ছেন নেইমার। দীর্ঘ ইনজুরি কাটিয়ে স্কটল্যান্ডের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমে জাতীয় দলে প্রত্যাবর্তন করেছেন তিনি। ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, গত এক সপ্তাহে নেইমারের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে এবং এখন তিনি আগের তুলনায় অনেক বেশি সময় মাঠে খেলতে সক্ষম।

আজ সোমবার বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে জাপানের বিপক্ষে নেইমারকে আরো দীর্ঘ সময় মাঠে দেখা যেতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন ব্রাজিল কোচ।

বিশ্বকাপের দাবিদার কারা, জানালেন রোনালদো

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপের দাবিদার কারা, জানালেন রোনালদো
রোনালদো নাজারিও। ছবি : রয়টার্স

২০২৬ বিশ্বকাপের নকআউট পর্ব শুরু হতেই শিরোপার সম্ভাব্য দাবিদারদের নাম জানিয়ে দিলেন ব্রাজিল কিংবদন্তি রোনালদো নাজারিও। তার মতে, ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন ও জার্মানি এবারের বিশ্বকাপ জয়ের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। তবে নিজের দেশ ব্রাজিলকেও শিরোপা দৌড় থেকে বাদ দিতে নারাজ তিনি।

জাপানের বিপক্ষে ব্রাজিলের শেষ ৩২-এর ম্যাচের আগে ফরাসি সংবাদমাধ্যম ‘লেকিপ’-কে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘ফ্রান্স, স্পেন ও আর্জেন্টিনা দারুণ ফুটবল খেলছে। তারা খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল। আর জার্মানি সব সময়ই বিপজ্জনক। এই চার দলই ব্রাজিলের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী।’

রোনালদোর মতে, ব্রাজিলের শিরোপা স্বপ্ন অনেকটাই নির্ভর করছে নেইমারের ওপর। দীর্ঘ ইনজুরি কাটিয়ে বিশ্বকাপে ফিরেছেন ৩৪ বছর বয়সী এই তারকা। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ মিস করার পর স্কটল্যান্ডের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমে প্রায় তিন বছর পর জাতীয় দলে প্রত্যাবর্তন করেন তিনি।

ব্রাজিল কিংবদন্তি বলেন, ‘নেইমারই এই দলের সবচেয়ে বড় ম্যাচ উইনার। তার মতো ম্যাচের ভাগ্য বদলে দেওয়ার সামর্থ্য বর্তমান দলে আর কারো নেই। সে এখন ফিট এবং চিকিৎসকদের ছাড়পত্রও পেয়েছে। আমি বিশ্বাস করি, নকআউট পর্বে সে সমালোচকদের জবাব দেবে।’

২০০২ বিশ্বকাপে চোট কাটিয়ে ফিরে ব্রাজিলকে শিরোপা জেতানো রোনালদো নিজের অভিজ্ঞতার কথাও স্মরণ করেন। তিনি বলেন, ‘আমি জানি ইনজুরি থেকে ফিরে বড় মঞ্চে খেলাটা কতটা কঠিন। তাই নেইমারের জন্য আমি রোমাঞ্চিত। তার আর কিছু প্রমাণ করার নেই, তবে সে যদি নিজের সেরাটা খেলতে পারে, তাহলে সবাইকে ভুল প্রমাণ করবে।’

যদিও এবারের বিশ্বকাপে ব্রাজিলের সবচেয়ে উজ্জ্বল পারফর্মার ভিনিসিয়ুস জুনিয়র। চার গোল করে তিনি গোল্ডেন বুটের লড়াইয়ে রয়েছেন। তবে রোনালদোর বিশ্বাস, ভিনিসিয়ুসের ফর্মের পাশাপাশি নেইমারের অভিজ্ঞতা যোগ হলে ব্রাজিলের হেক্সা জয়ের স্বপ্ন আরো শক্তিশালী হবে।