অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে পাকিস্তানকে হারাল বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
বাংলাদেশের মেয়েদের উইকেট উদযাপন। আজ সাউদাম্পটনে পাকিস্তানের বিপক্ষে। ছবি: আইসিসি
লক্ষ্য ১২৪ রান। সেটা তাড়া করতে নেমে ৭ ওভারে বিনা উইকেটে ৪৮ রান তুলে ফেলেছিল পাকিস্তান নারী দল।
এই অবস্থা থেকে ম্যাচের মোড় পুরোপুরি ঘুরে যাবে, তখন কি কেউ ঘুণাক্ষরেও ভেবেছিলেন?
তবে সবাইকে চমকে দিল সেই কাজই করে দেখাল বাংলাদেশ নারী দল। অবিশ্বাস্যভাবে ঘুরিয়ে পাকিস্তানকে ২৩ রানে হারাল লাল-সবুজের প্রতিনিধিরা।
সাউদাম্পটনের রোজ বোলে আজ টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১২৩ রান করেছিল বাংলাদেশ। জবাবে পাকিস্তান ৮ উইকেট হারিয়ে করতে পেরেছে ১০০ রান।
দুই ওপেনার মুনিবা আলী ও গুল ফিরোজার দারুণ শুরুর পর খেই হারিয়ে ফেলে পাকিস্তান। নাহিদা-মেঘলাদের দুর্দান্ত বোলিংয়ে দলটি ৩৫ রানের ব্যবধানে ৮ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে।
টানা তিন হারে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়ল পাকিস্তান। আর আজকের জয়ে সেমিফাইনালে খেলার আশাও জিইয়ে রাখল তারা।
আসরে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ৬ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে এক রকম অসহায় আত্মসমর্পণ করে নিগার সুলতানা জ্যোতির দল। তবে আজ পাকিস্তানের মুঠো থেকে ম্যাচ ছিনিয়ে নিল বাংলাদেশ।
বিশ্বকাপ দলে জায়গা না পাওয়া স্প্যানিশ তারকা এখন সংগীতশিল্পী
ক্রীড়া ডেস্ক
নিজের মিউজিক ভিডিওতে আনসু ফাতি। ছবি : এক্স
একসময় আনসু ফাতিকে ভবিষ্যৎ মহাতারকা হিসেবে দেখা হতো। লামিনে ইয়ামালের আবির্ভাবের আগে ফাতিকেই বার্সেলোনার সবচেয়ে প্রতিভাবান বিবেচনা করা হতো।
সেই ফাতির পারফরম্যান্সের ধার কমতে কমতে এতটাই নিচে নেমেছে যে, বার্সেলোনা ছেড়ে ধারে ব্রাইটন ও এএস মোনাকোয় খেলতে হয়েছে। স্পেনের বিশ্বকাপ স্কোয়াডেও জায়গা হয়নি তার।
তাতে অবশ্য জীবনের এক অধ্যায় শুরু করার সুযোগ পেয়েছেন ফাতি। আপাতত ফুটবলকে দূরে ঠেলে সংগীতশিল্পী বনে গেছেন ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড।
সম্প্রতি নিজের একক গানের ভিডিও প্রকাশ করেছেন ফাতি, স্প্যানিশ ভাষায় যার নাম Sea Como Sea (বাংলা অর্থ যাই হোক না কেন)। গানের রেকর্ডিং ও মিউজিক ভিডিওর শুটিং হয়েছে ব্রাজিলের রিও ডি জেনিরোতে।
সংগীত ব্যবস্থাপনা প্রতিষ্ঠান মিউজিক ব্রোকার্সের সঙ্গে একটি বৈশ্বিক বিতরণ চুক্তি করেছেন ফাতি, যা সনি মিউজিকের সহযোগী প্রতিষ্ঠান। এর মাধ্যমে তিনি বার্সেলোনার বিখ্যাত লা মাসিয়া একাডেমি থেকে উঠে আসা প্রথম খেলোয়াড় হিসেবে আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক গান প্রকাশ করলেন।
২ মিনিট ১৫ সেকেন্ড দৈর্ঘ্যের এই গানে আফ্রোবিটস, রেগেটন এবং অ্যামাপিয়ানো সঙ্গীতধারার মিশ্রণ রয়েছে। ফাতির জন্মস্থান গিনি-বিসাউয়ের সঙ্গীত প্রভাব, স্পেনের আন্দালুসিয়ায় বেড়ে ওঠার অভিজ্ঞতা এবং দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় অ্যামাপিয়ানো ধারার ছাপ এই গানে ফুটে উঠেছে।
ফাতির সংগীতচর্চার শুরু করেছেন বেশ আগেই। ২০২০ সালে করোনাকালে গুরুতর হাঁটুর চোটে দীর্ঘ পুনর্বাসনের সময় তিনি গান লেখা শুরু করেন। এএস মোনাকোয় যোগ দেওয়ার পর স্টুডিওতে নিয়মিত সময় কাটাতে থাকেন এবং ধীরে ধীরে এই ইচ্ছাকে বাস্তব রূপ দেওয়ার চেষ্টা করেন।
নিজের গান সম্পর্কে ফাতি বলেছেন, ‘অনেক মানুষ মনে করেন, তারা আমার গল্প জানেন। কারণ তারা আমাকে গোল করতে দেখেছেন। কিন্তু এই গান তাদের সামনে আমাদের জীবনের আরেকটি দিক তুলে ধরবে। বিশ্বকাপ চলাকালীন গান প্রকাশ করা পরিকল্পিত ছিল না। বরং এটি আমার বর্তমান জীবনেরই একটি অংশ।’
ফুটবল ও সংগীত—দুই জগৎকেই ফাতি সমানতারে এগিয়ে নিতে পারবেন কি না, তা সময়ই বলে দেবে। তবে তার এই নতুন যাত্রা এরই মধ্যে ফুটবলপ্রেমীদের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দিপোর্তিভো জানিয়েছে, এএস মোনাকোতে পাকাপাকিভাবে থেকে যাচ্ছেন ফাতি। ফরাসি লিগ আঁ-এর ক্লাবটি শিগগিরই তাকে বার্সেলোনার কাছ থেকে ছাড়িয়ে নেবে।
বিশ্বকাপে গ্রুপ ‘এফ’-এ নেদারল্যান্ডস ও সুইডেনের মধ্যকার ম্যাচটি হবে দারুণ উপভোগ্য। বৈশ্বিক এই আসরের মহারণে দুই লিভারপুল সতীর্থের এক জমজমাট দ্বৈরথ দেখবে গোটা বিশ্ব।
ডাচ ডিফেন্ডার ও লিভারপুল তারকা ভার্জিল ফন ডাইক মুখোমুখি হচ্ছেন লিভারপুল সতীর্থ সুইডিশ স্ট্রাইকার আলেকজান্ডার ইসাকের। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে হিউস্টনের মাঠে রাতে মুখোমুখি হবে দল দুটি।
প্রথম ম্যাচে সুইডেন তিউনিশিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দেয়। যেখানে ইসাক দারুণ ফর্মে থেকে ১টি গোল ও ২টি অ্যাসিস্ট করেন। অন্যদিকে নেদারল্যান্ডস তাদের প্রথম ম্যাচে জাপানের সঙ্গে ২-২ গোলে ড্র করে।
ডাচ রক্ষণভাগের প্রধান স্তম্ভ ছিলেন ভ্যান ডাইক এবং সুইডেনের হয়ে দলের আক্রমণভাগ সামলান ইসাক। লিভারপুলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় আন্তর্জাতিক মঞ্চে একে অপরের বাধা হয়ে দাঁড়াবেন।
ইসাক সাধারণত প্রতিপক্ষের রক্ষণভাগের জন্য বড় হুমকি। লিভারপুলের ক্লাব সতীর্থ হওয়ায় ফন ডাইক তাঁর খেলার ধরন আগে থেকেই খুব ভালো জানেন।
তাই ফন ডাইকের শারীরিক শক্তি এবং পজিশনিংয়ের বিপক্ষে ইসাকের গতি ও ড্রিবলিংয়ের দারুণ এক ট্যাকটিক্যাল লড়াই দেখবে বিশ্ব।
বিশেষ ব্যাজ পরে জাপান-তিউনিশিয়া ম্যাচ পরিচালনা করবেন রেফারি
ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপের ৩৩ ম্যাচ শেষ হয়েছে। এরই মধ্যে আয়োজক মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র নকআউট পর্ব চূড়ান্ত করেছে। আগামী রবিবার জাপান ও তিউনিশিয়ার ম্যাচটি বিশ্বকাপ ইতিহাসের এক মাইলফলক তৈরি করবে। জাপান ও তিউনিশিয়ার ম্যাচ দিয়ে বিশ্বকাপে ১০০০তম ম্যাচ অনুষ্ঠিত হবে। ৯৬ বছর পর বিশ্বকাপের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক।
ম্যাচটি স্মরণীয় করে রাখতে অভিনব উদ্যোগ নিয়েছে ফিফা। গোলাপি রঙের জার্সির সোনালি রঙের বিশেষ একটি ব্যাজ লাগিয়ে ম্যাচটি পরিচালনা করবেন রোমানিয়ার রেফারি ইস্তভান কোভাচ। জার্সিতে থাকবে সোনালি স্ট্রাইপও। যা ইতিমধ্যেই নজর কেড়েছে ফুটবলপ্রেমীদের একাংশের।
আরো পড়ুন
বিদেশি সমর্থকদের কাছে যেভাবে প্রিয় হয়ে উঠছে আয়োজক যুক্তরাষ্ট্র
কলিনা বলেছেন, ‘জাপান-তিউনিশিয়া ম্যাচটি হবে ১০০০তম। বিশ্বকাপের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষ একটি ম্যাচ। এই ম্যাচ যে রেফারি পরিচালনা করবেন, তাঁর তো একটা প্রাপ্তি হওয়া উচিত। সোনালি রঙের একটা ব্যাজ। তার ওপর ১০০০তম ম্যাচের কথা লেখা রয়েছে। বিশেষ জার্সিতে সোনালি স্ট্রাইপও থাকছে।’
আরো পড়ুন
প্যারাগুয়ে দুর্বল দল নয়—কোচ গুস্তাভো আলফারো
১৯৩০ সালে উরুগুয়েতে প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল, যেখানে মাত্র ১৩টি দল অংশগ্রহণ করেছিল। সেই সময়ে খুব কম মানুষই কল্পনা করতে পেরেছিল যে এই টুর্নামেন্টটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া প্রতিযোগিতায় পরিণত হবে। যেখানে ২০২৬ সালের বিশ্বকাপে ৪৮টি দল একত্রিত হবে এবং ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
তাই জাপান ও তিউনিশিয়ার মধ্যকার ম্যাচটিকে ফিফা ফুটবলের বৈশ্বিক বিকাশের সবচেয়ে সুস্পষ্ট প্রমাণ হিসেবে বিবেচনা করে।
১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ হয়েছিল। এবার ৯৬ বছর পূর্ণ হলো। আগামী বিশ্বকাপ হবে শতবর্ষে। তার আগেই ম্যাচ সংখ্যা ১০০০ পার হবে।