এক বছরের ব্যবধানে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থের পরিমাণ বৃদ্ধি নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব। সম্প্রতি কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার কালের সংলাপ অনুষ্ঠানে এ প্রশ্ন তুলেন তিনি।
সৈয়দ মামুন মাহবুব অভিযোগ করে বলেন, গত ১৮ মাসে যারা ক্ষমতায় ছিল তারাই এই অর্থ পাচার করেছেন। বিএনপি কেবল চার মাস হলো ক্ষমতায় এসেছে। গত ১৮ মাসে ক্ষমতায় ছিলেন ডক্টর ইউনূস, আসিফ নজরুল, রিজওয়ানা, আদিলুর রহমান, প্রেসসচিব শফিকুল আলমসহ অন্যান্য উপদেষ্টারা—এজন্য আমাদের সিনিয়র আইনজীবী মহসিন রশিদ হাইকোর্টে একটা রিট ফাইল করেছিল। যদিও কোর্ট আদেশ দেয়নি।
তিনি বলেন, এটা দিয়ে বোঝা যায় যে তারা শুধু রাষ্ট্র ব্যবস্থাকে আরো ধ্বংসের দিকে নিয়ে যায়নি। তারা দুর্নীতি সঙ্গেও যুক্ত হয়েছে। এগুলো রিপোর্ট তার প্রমাণ, আর নাহলে তারা নিজেরা বলুক যে আমরা অর্থ পাঠাইনি।
উল্লেখ্য, সুইজারল্যান্ডের ব্যাংকগুলোয় এক বছরের ব্যবধানে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ প্রায় ৪১ শতাংশ বেড়েছে। সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদনে এই তথ্য সামনে আসার পর এ নিয়ে নানা আলোচনা চলছে।
বৈধ কিংবা অবৈধ অর্থ গচ্ছিত রাখতে বিশ্বের ধনী এবং বিখ্যাত ব্যক্তি বা প্রতিষ্ঠান সুইজারল্যান্ডের ব্যাংকগুলোকে (যা একসাথে সুইস ব্যাংক হিসেবে পরিচিত) পছন্দ করেন।




