‘সবুজে সুন্দর আগামী’ গড়ার প্রত্যয়ে বসুন্ধরা টিস্যু ও বসুন্ধরা শুভসংঘের যৌথ উদ্যোগে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) বসুন্ধরা শুভসংঘ পীরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে উপজেলার দোয়েল কিন্ডারগার্টেন স্কুলে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর হাতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়। পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ করা হয়।
সভায় বক্তারা বলেন, 'জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু পরিবেশকে সবুজ করে না, মানুষের জীবন ও জীববৈচিত্র্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যার অভ্যাস গড়ে তুলতে হবে।'
বক্তারা আরও বলেন, 'একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। শিক্ষার্থীদের হাতে একটি করে গাছের চারা তুলে দেওয়া মানে তাদের হাতে একটি সুন্দর ভবিষ্যতের দায়িত্ব তুলে দেওয়া।'
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সাংবাদিক মামুনুর রশিদ মিন্টু, বসুন্ধরা শুভসংঘ পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি তারেক হোসেন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল, সদস্য বেলাল হোসেন, গোলাম রব্বানী, রেজাউল ইসলাম, সুকদেব সাহা, শিক্ষক শিমুল দাশ, ফারুক হোসেন, আশরাফুল ইসলাম, সাইফুন নাহার, বৃষ্টি আক্তার, রিমু আক্তার, ইমরুল কায়েস মনা, মিতুসহ স্থানীয় শিক্ষক, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা।





