‘সবুজে সুন্দর আগামী’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বসুন্ধরা টিস্যু ও বসুন্ধরা শুভসংঘের যৌথ উদ্যোগে তিতুমীর কলেজে সোমবার (২৯ জুন) বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজে ঘেরা একটি পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে কলেজ প্রাঙ্গণ ও আবাসিক হলসংলগ্ন এলাকায় বিভিন্ন প্রজাতির ফলজ ও সৌন্দর্যবর্ধনকারী গাছের চারা রোপণ করা হয়। এর মধ্যে ছিল আম, কাঁঠাল, জামসহ বিভিন্ন ফলদ গাছ এবং জবা ফুলের চারা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ তিতুমীর কলেজ শাখার সভাপতি নয়ন আলী, সহসভাপতি জাহিদ হাসান ও জাহিরুল ইসলাম জহির, সাধারণ সম্পাদক বায়জিদ হাসান বাঁধন, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম ও রবিন হাসান, কোষাধ্যক্ষ সাব্বির সরকার, সাংগঠনিক সম্পাদক চন্দন চন্দ্র দাশ, দপ্তর সম্পাদক জাকারিয়া ইসলাম, কর্ম ও পরিকল্পনা সম্পাদক সাব্বির হোসেন এবং সদস্য মীম, জিকু, আতিকসহ সংগঠনের অন্য সদস্যরা।
এ সময় বসুন্ধরা শুভসংঘ তিতুমীর কলেজ শাখার সাধারণ সম্পাদক বায়জিদ হাসান বাঁধন বলেন, ‘পরিবেশ রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু অক্সিজেন সরবরাহই করে না, বরং জীববৈচিত্র্য সংরক্ষণ, জলবায়ুর ভারসাম্য বজায় রাখা এবং সুস্থ পরিবেশ নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রত্যেকের উচিত অন্তত একটি করে গাছ রোপণ করা এবং তার নিয়মিত পরিচর্যা করা। বসুন্ধরা টিস্যু ও বসুন্ধরা শুভসংঘের এমন সবুজ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
কর্মসূচিতে অংশগ্রহণকারী সদস্যরা জানান, শুধু গাছ লাগানো নয়, রোপণ করা চারাগুলোর নিয়মিত পরিচর্যার মাধ্যমেই এ উদ্যোগের সফলতা নিশ্চিত করা হবে। পরিবেশবান্ধব সমাজ গঠনে তরুণদের সম্পৃক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।







