নওগাঁর ধামইরহাট উপজেলায় দৃষ্টিপ্রতিবন্ধী একজন ক্ষুদ্র ব্যবসায়ী আইয়ুব আলীকে তার ব্যবসা পরিচালনা ও জীবিকার মানোন্নয়নের লক্ষ্যে বিভিন্ন ধরণের পণ্যসামগ্রী বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ।
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলার ধামইরহাট ইউনিয়নের সীমান্তবর্তী আলতাদিঘী জাতীয় উদ্যানের উত্তর প্রান্ত সীমান্ত পিলারঘেঁষা এলাকায় অবস্থিত দৃষ্টিপ্রতিবন্ধী আইয়ুব আলীর দোকানে গিয়ে এসব পণ্যসামগ্রী বিতরণ করা হয়।
দৃষ্টি প্রতিবন্ধী আইয়ুব আলী বলেন, গত ২৫ বছর পূর্বে আমার দুই চোখে সমস্যা দেখা দেয়। চোখের প্রেসারে আমি পরবর্তীতে দুই চোখের দৃষ্টি সম্পূর্ণভাবে হারিয়ে ফেলি। জীবিকার তাগিদে সেই থেকে আমি ক্ষুদ্র ব্যবসার সঙ্গে জড়িত। আমাকে ব্যবসায় সহযোগিতা করেন আমার স্ত্রী আক্তার বানু। আমার মতো একজন ক্ষুদ্র ব্যবসায়ীর পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ। আমার দোকানে নিত্যপ্রয়োজনীয় মালামাল প্রদান করায় অভাব-অনটন কিছুটা দূর হবে। এতে আমার সংসার চালাতে পারব। আমি বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানাচ্ছি।
ধামইরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এটিএম বদিউল আলম জানান, একজন অন্ধ মানুষ জীবিকার তাগিদে ক্রেতাদের ওপর বিশ্বাস রেখে ব্যবসা করে। এর থেকে বড় কিছু আর নেই। সমাজের পিছিয়ে পড়া ও প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাবলম্বী করে তুলতে মানবিক সহায়তার কোনো বিকল্প নেই। বসুন্ধরা শুভসংঘের এই সহায়তা তার ব্যবসা পরিচালনায় নতুন করে উদ্দীপনা জোগাবে। পাশাপাশি তাকে আত্মনির্ভরশীল হওয়ার পথে আরো এগিয়ে আনবে।
ধামইরহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হায়দার আলী সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে বসুন্ধরা শুভসংঘ এর মতো সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন ধামইরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এটিএম বদিউল আলম, ধামইরহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.হায়দার আলী, বসুন্ধরা শুভসংঘের ধামইরহাট উপজেলা শাখার উপদেষ্টা সাংবাদিক মো. হারুন আল রশীদ, সাংবাদিক রেজুয়ান আলম, সাংবাদিক মুমিনুল ইসলাম, বসুন্ধরা শুভসংঘের উপজেলা শাখার সদস্য শাকিলা খাতুন,আইয়ুব আলীর স্ত্রী আক্তার বানু।
আইয়ুব আলীর স্ত্রী আক্তার বানু জানান, দুই ছেলে দুই মেয়ে থাকার পরও অন্ধ মানুষটিকে দু’মুঠো ভাতের জন্য দোকানদারি করতে হচ্ছে। ছেলেমেয়েদের বিয়ে দেওয়ার পর ছেলেরা আলাদা হয়ে গেছে। তাই বাধ্য এ বয়সে ক্রেতার ওপর বিশ্বাস রেখে ব্যবসা করতে হচ্ছে। আমাদের জীবিকার কথা চিন্তা করে যে সহায়তা প্রদান করা হয়েছে তা দিয়ে যেন আমরা সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করে যেতে পারি। আমরা সবার নিকট দোয়া প্রার্থনা করি।









