• ই-পেপার

গণতন্ত্র ও দারিদ্র্য

মেডিক্যাল বিশ্ববিদ্যালয়গুলোর বাজেটবৈষম্য : প্রশ্নের মুখে উচ্চশিক্ষা ও স্বাস্থ্য খাত

সাইফুল ইসলাম
মেডিক্যাল বিশ্ববিদ্যালয়গুলোর বাজেটবৈষম্য : প্রশ্নের মুখে উচ্চশিক্ষা ও স্বাস্থ্য খাত

২০২৬–২৭ অর্থবছরের জন্য দেশের ৫৮টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) জন্য মোট ১২,৩০০ কোটি টাকার বাজেট অনুমোদন করা হয়েছে। এর মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর জন্য বরাদ্দ রাখা হয়েছে ১২,০০১.৮২ কোটি টাকা। উচ্চশিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির এ উদ্যোগ নিঃসন্দেহে ইতিবাচক। তবে বাজেটের খাতভিত্তিক বিশ্লেষণে দেশের মেডিক্যাল বিশ্ববিদ্যালয়গুলোর বরাদ্দের দিকে তাকালে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসে—স্বাস্থ্যশিক্ষা ও চিকিৎসা গবেষণার বিকেন্দ্রীকৃত উন্নয়ন কি যথাযথ গুরুত্ব পাচ্ছে?

প্রকাশিত বাজেট অনুযায়ী, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১৭৯ কোটি ২৫ লাখ টাকা। অন্যদিকে রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয় পেয়েছে ১৩ কোটি ৭৭ লাখ টাকা, চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ১৩ কোটি ৩৪ লাখ টাকা, খুলনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ৮ কোটি ১৭ লাখ টাকা এবং সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয় মাত্র ৬৩ লাখ টাকা। সংখ্যাগুলো স্বাভাবিকভাবেই দৃষ্টি আকর্ষণ করে এবং মেডিক্যাল বিশ্ববিদ্যালয়গুলোর অর্থায়ন কাঠামো নিয়ে আলোচনা সৃষ্টি করে।

অবশ্যই এ কথা স্বীকার করতে হবে যে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় দেশের সবচেয়ে বড় এবং দীর্ঘদিনের চিকিৎসা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। এর অধীনে বিপুলসংখ্যক শিক্ষার্থী, শিক্ষক, রেসিডেন্ট চিকিৎসক, গবেষক এবং বিশেষায়িত প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হয়। উন্নত গবেষণাগার, উচ্চতর চিকিৎসা শিক্ষা এবং বিশেষায়িত চিকিৎসাসেবার কারণে এ প্রতিষ্ঠানের ব্যয়ও তুলনামূলকভাবে বেশি। ফলে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় বড় বরাদ্দ পাওয়ার যৌক্তিক ভিত্তি রয়েছে।

তবে এখানেই আলোচনার শেষ নয়। কারণ একটি আধুনিক রাষ্ট্রের স্বাস্থ্যব্যবস্থা শুধু রাজধানীকেন্দ্রিক একটি প্রতিষ্ঠানের ওপর নির্ভর করে গড়ে ওঠে না। দেশের বিভিন্ন অঞ্চলে প্রতিষ্ঠিত মেডিক্যাল বিশ্ববিদ্যালয়গুলোও ভবিষ্যতের চিকিৎসক, গবেষক ও স্বাস্থ্যব্যবস্থাপনা বিশেষজ্ঞ তৈরিতে সমানভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাজশাহী, চট্টগ্রাম, খুলনা ও সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়গুলোর অধীনে একাধিক মেডিক্যাল কলেজ, নার্সিং ও স্বাস্থ্যশিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। এসব বিশ্ববিদ্যালয়কে শক্তিশালী করা মানে দেশের স্বাস্থ্যশিক্ষার ভিত্তিকে শক্তিশালী করা।

বাজেট বিশ্লেষণের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো—শুধু বরাদ্দের অঙ্ক দেখে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায় না। একটি বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন নির্ধারণে শিক্ষার্থীসংখ্যা, শিক্ষকসংখ্যা, অধিভুক্ত কলেজের সংখ্যা, গবেষণা কার্যক্রম, অবকাঠামোগত প্রয়োজন, নিজস্ব ক্যাম্পাস ও হাসপাতালের উপস্থিতি এবং চলমান উন্নয়ন প্রকল্প বিবেচনায় নিতে হয়। এসব সূচকের আলোকে বরাদ্দ নির্ধারিত হলে তা অধিকতর যৌক্তিক বলে বিবেচিত হয়।

কিন্তু একই সঙ্গে এটাও সত্য যে একটি বিশ্ববিদ্যালয়ের কার্যকর প্রশাসন, একাডেমিক কার্যক্রম, গবেষণা, তথ্য-প্রযুক্তি উন্নয়ন, গ্রন্থাগার পরিচালনা এবং শিক্ষার্থীসেবা নিশ্চিত করতে একটি ন্যূনতম আর্থিক সক্ষমতা প্রয়োজন। সে বিবেচনায় খুব কম বরাদ্দ পাওয়া বিশ্ববিদ্যালয়গুলোর পক্ষে দীর্ঘ মেয়াদে শক্তিশালী শিক্ষা ও গবেষণা পরিবেশ গড়ে তোলা কঠিন হয়ে যেতে পারে। বিশেষত নতুন ও বিকাশমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির জন্য অতিরিক্ত বিনিয়োগ অপরিহার্য।

বাংলাদেশ বর্তমানে চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যসেবায় একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি। বিশেষজ্ঞ চিকিৎসকের ঘাটতি, গবেষণার সীমাবদ্ধতা, আন্তর্জাতিক মানের প্রকাশনা ও উদ্ভাবনের অভাব, আধুনিক চিকিৎসা প্রযুক্তিতে দক্ষ জনবলের সংকট এবং স্বাস্থ্যসেবার আঞ্চলিক বৈষম্য এখনো বড় সমস্যা হিসেবে রয়ে গেছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলার জন্য শুধু হাসপাতাল নির্মাণ যথেষ্ট নয়; প্রয়োজন শক্তিশালী মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ও গবেষণাকেন্দ্র।

বিশ্বের উন্নত দেশগুলোর অভিজ্ঞতা দেখায়, স্বাস্থ্য খাতের দীর্ঘমেয়াদি উন্নয়নের মূল ভিত্তি হচ্ছে চিকিৎসা শিক্ষা ও গবেষণায় ধারাবাহিক বিনিয়োগ। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, জাপান কিংবা দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো চিকিৎসা গবেষণাকে জাতীয় উন্নয়নের অংশ হিসেবে বিবেচনা করে। কারণ তারা জানে, চিকিৎসাবিজ্ঞানে বিনিয়োগ মানে মানুষের জীবনমান, উৎপাদনশীলতা এবং জাতীয় অর্থনীতির ভবিষ্যতে বিনিয়োগ।

বাংলাদেশেও মেডিক্যাল বিশ্ববিদ্যালয়গুলোর জন্য একটি স্বচ্ছ ও প্রয়োজনভিত্তিক অর্থায়ননীতি প্রণয়ন সময়ের দাবি। বরাদ্দ নির্ধারণের ক্ষেত্রে শিক্ষার্থীসংখ্যা, গবেষণার পরিমাণ, অধিভুক্ত প্রতিষ্ঠানের সংখ্যা, আঞ্চলিক চাহিদা, অবকাঠামোগত ঘাটতি এবং ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনাকে স্পষ্ট সূচক হিসেবে ব্যবহার করা উচিত। একই সঙ্গে নবীন ও আঞ্চলিক মেডিক্যাল বিশ্ববিদ্যালয়গুলোর জন্য একটি ন্যূনতম উন্নয়ন তহবিল গঠন করা যেতে পারে, যাতে তারা প্রাথমিক সক্ষমতা অর্জন করতে পারে।

স্বাস্থ্য খাতের উন্নয়ন নিয়ে আমরা প্রায়ই কথা বলি। কিন্তু উন্নত স্বাস্থ্যব্যবস্থার ভিত্তি নির্মিত হয় শ্রেণিকক্ষ, গবেষণাগার এবং প্রশিক্ষণকেন্দ্রে। আজকের মেডিক্যাল শিক্ষার্থীই আগামী দিনের চিকিৎসক, গবেষক, শিক্ষক ও স্বাস্থ্যনীতিনির্ধারক। তাই মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বাজেটকে শুধু ব্যয় হিসেবে নয়, বরং জাতীয় মানবসম্পদ উন্নয়ন ও জনস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি বিনিয়োগ হিসেবে বিবেচনা করা প্রয়োজন।

বাজেটের অঙ্ক শুধু অর্থের পরিমাণ প্রকাশ করে না; এটি রাষ্ট্রের অগ্রাধিকারও নির্দেশ করে। তাই মেডিক্যাল বিশ্ববিদ্যালয়গুলোর অর্থায়ন কাঠামো নিয়ে একটি গভীর ও তথ্যভিত্তিক জাতীয় আলোচনা প্রয়োজন। লক্ষ্য হওয়া উচিত কোনো প্রতিষ্ঠানকে অন্যটির বিপরীতে দাঁড় করানো নয়; বরং এমন একটি ভারসাম্যপূর্ণ ব্যবস্থা গড়ে তোলা, যেখানে দেশের প্রতিটি মেডিক্যাল বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা ও মানবসম্পদ উন্নয়নে কার্যকর অবদান রাখতে সক্ষম হয়। তাহলেই বাংলাদেশের স্বাস্থ্য খাত ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় আরো শক্তিশালী ও টেকসই ভিত্তি লাভ করবে।

অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ইউনূস সরকার!

অদিতি করিম
অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ইউনূস সরকার!

সময় যতই গড়াচ্ছে, ইউনূস সরকারের দেড় বছরের অপকর্মের ফিরিস্তি ততই লম্বা হচ্ছে। শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেড় বছরের শাসনকাল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অন্ধকার অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। এই দেড় বছরে শুধু দেশের অর্থনীতি নয়, আইনশৃঙ্খলা, সমাজ, শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্য সব ক্ষেত্রে এক ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়েছিল বাংলাদেশের জনগণ।

অর্থ পাচারেও ইউনূস সরকারের রেকর্ড দুর্নীতি এবং অর্থ পাচারেও ইউনূস ও তাঁর সহযোগীরা অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। সম্প্রতি একটি খবর ইউনূস সরকারের দেড় বছরে অর্থ পাচার আর লুটপাটের এক অবিশ্বাস্য চিত্র উন্মোচন করেছে।

এক বছরের ব্যবধানে সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ প্রায় ৪১ শতাংশ বেড়েছে। ২০২৫ সালের হিসাব অনুসারে, ওই দেশের ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৮৩ কোটি ৪১ লাখ সুইস ফ্রাঁ (সুইজারল্যান্ডের মুদ্রা)। ২০২৪ সালে এর পরিমাণ ছিল প্রায় ৫৯ কোটি সুইস ফ্রাঁ।

গত বৃহস্পতিবার প্রকাশিত সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংকের (এসএনবি) বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বর্তমান বাজারদর অনুসারে ১ সুইস ফ্রাঁতে ১৫২ থেকে ১৫৩ টাকা পাওয়া যায়। প্রতি সুইস ফ্রাঁ ১৫২ টাকা ধরলে সুইস ব্যাংকের প্রতিবেদন অনুসারে সুইস ব্যাংকে ২০২৫ সালের শেষে বাংলাদেশিদের অর্থ জমার পরিমাণ ১২ হাজার ৬৭৮ কোটি টাকা।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালের পর গত বছরই (২০২৫ সাল) বাংলাদেশিদের সর্বোচ্চ পরিমাণ অর্থ জমা হয়েছে সুইস ব্যাংকগুলোতে। গত ১০ বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ অর্থ জমা ছিল ২০২৫ সালে।

এসএনবির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে ৩.২ বিলিয়ন সুইস ফ্রাঁ আমানত নিয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে ভারতীয় নাগরিক ও দেশটির ব্যাংকগুলো। যদিও আগের বছরের তুলনায় তাদের আমানত ৮ শতাংশ কমেছে। বাংলাদেশ ৮৩৪.২ মিলিয়ন সুইস ফ্রাঁ নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে এবং ভারতের বিপরীতে বাংলাদেশের আমানতের পরিমাণ বেড়েছে ৪১ শতাংশ। এর আগে ২০২১ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত সর্বোচ্চ ৮৭১.১ মিলিয়ন সুইস ফ্রাঁতে পৌঁছেছিল। এরপর দুই বছর ধারাবাহিকভাবে আমানত কমে গেলেও ২০২৪ সালে তা আবার বাড়তে শুরু করে এবং ২০২৫ সালে আরও বড় উল্লম্ফন দেখা গেল। উল্লেখ্য, সুইস ব্যাংকই বাংলাদেশ থেকে অর্থ পাচারের একমাত্র ঠিকানা নয়। বরং পরিসংখ্যান বলে, বাংলাদেশ থেকে যে অর্থ পাচার হয়, তার খুবই ক্ষুদ্র একটি অংশ সুইস ব্যাংকে জমা হয়। বিভিন্ন গবেষণা ও অবৈধ অর্থপ্রবাহের ঘটনা থেকে দেখা যাচ্ছে, ১০টি দেশ বা অঞ্চলেই বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি অর্থ পাচার হয়। এ ১০ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, হংকং, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, কেম্যান আইল্যান্ড ও ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস। অতীতের পরিসংখ্যান অনুযায়ী, সুইস ব্যাংকে যে পরিমাণ অর্থ বৃদ্ধি পায়, তার অন্তত ১০ গুণ অর্থ এসব দেশে পাচার হয়। সেই গত এক বছরে বাংলাদেশ থেকে অন্তত ২ লাখ কোটি টাকা পাচার হয়েছে বলে ধারণা করা যায়। এক বছরের হিসাবে এটি সর্বোচ্চ। অর্থাৎ ইউনূস সরকারের দেড় বছরে অর্থ পাচারের অতীতের সব রেকর্ড ভেঙে গেছে।

আওয়ামী লীগের চেয়েও বেশি পাচার হয়েছে ইউনূস আমলে : বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে বলে অভিযোগ রয়েছে। এ অর্থ পাচার নিয়ে তদন্তে একটি শ্বেতপত্র কমিটি গঠিত হয়েছিল অন্তর্বর্তী সরকারের আমলে। অন্তর্বর্তী সরকারের সময়ে গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির তথ্যের উদ্ধৃতি দিয়ে প্রধানমন্ত্রী তারেক বলেন, ‘২০০৯ থেকে ২০২৩ সালের মধ্যে বাংলাদেশ থেকে অবৈধ অর্থপ্রবাহের পরিমাণ আনুমানিক ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার, যা প্রতি বছর গড়ে ১৬ বিলিয়ন ডলার (প্রায় ১ লাখ ৮০ হাজার কোটি টাকা)। সুইস ব্যাংকে জমা টাকার ভিত্তিতে হিসাব করলে দেখা যায়, ইউনূস আমলে আওয়ামী লীগের গড় বার্ষিক পাচারের চেয়ে অন্তত ২০ হাজার কোটি টাকা বেশি পাচার হয়েছে। প্রধানমন্ত্রী একাধিক ভাষণে বলেছেন, আর অর্থ পাচার হবে না। তিনি পাচারকৃত অর্থ ফেরত আনার ব্যাপারে সরকারের দৃঢ় অবস্থানের কথাও বলেছেন। পাচারের সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা বর্তমান সরকারের অন্যতম নির্বাচনি অঙ্গীকার।

এবারের বাজেটে পাচার হওয়া অর্থ ফেরত আনার ব্যাপারে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু সুইস ব্যাংকের তথ্য আমাদের সামনে নতুন প্রশ্ন এনেছে। ইউনূস আমলে পাচার হওয়া অর্থ ফেরত আনতে কী ব্যবস্থা নেবে বর্তমান সরকার? নাকি তাদের পাচারের বিষয়টি উপেক্ষা করা হবে?

অর্থ পাচার নিয়ে ইউনূস সরকারের মিথ্যাচার

ড. মুহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণের পর জাতিকে অর্থ পাচার রোধের বাণী শোনান। তিনি নিজের প্রচারের জন্য বিভিন্ন দেশ সফর করে অর্থ পাচার নিয়ে কথা বলেন বটে কিন্তু তাতে কাজের কাজ কিছুই হয়নি। ইউনূস বলেছিলেন, খুব দ্রুত পাচার হওয়া অর্থ ফেরত আনা হবে। কিন্তু ইউনূসের এ আশ্বাসও ছিল স্রেফ ফাঁকা বুলি।

ইউনূসের চেয়েও এক কাঠি সরেস ছিল তাঁর নিযুক্ত বাংলাদেশ ব্যাংকের গভর্নর। যিনি পাচার হওয়া অর্থ ছয় মাসের মধ্যে ফেরত আনার গল্প শুনিয়েছিলেন। রাষ্ট্রের টাকায় বিভিন্ন দেশ সফর করেন পাচার হওয়া অর্থ ফেরত আনার কথা বলে। কিন্তু বেলা শেষে তিনি বলেন, পাচার হওয়া অর্থ ফেরত আনা সময়সাপেক্ষ ব্যাপার।

বাস্তবে তাঁর বিরুদ্ধেই অর্থ পাচারের অভিযোগ রয়েছে। গভর্নর থাকাকালেই তিনি দুবাইয়ে তাঁর মেয়ের নামে বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন। এটা যে অর্থ পাচারের মাধ্যমে কেনা হয়েছে তা সহজেই অনুমেয়। কারণ আহসান এইচ মনসুর বা তাঁর মেয়ে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিয়ে দুবাইয়ে ফ্ল্যাট কেনার টাকা নিয়ে যাননি।

শুধু বাংলাদেশ ব্যাংকের গভর্নর নন, অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতি এবং অর্থ পাচারের অভিযোগ রয়েছে। অন্তর্বর্তী সরকারের বিদায়ের পর দুর্নীতি দমন কমিশনে ইউনূস সরকারের বেশির ভাগ উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ জমা পড়েছে। সাবেক উপদেষ্টা আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ দু-একজন ছাড়া সব উপদেষ্টার বিরুদ্ধে শত শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ এখন ওপেন সিক্রেট। বিশেষ করে সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং আসিফ মাহমুদ কেন সুইজারল্যান্ড সফর করেছিলেন সে প্রশ্ন এখন নতুন করে আলোচনায় এসেছে। এনসিপি নেতা নাহিদ ইসলামসহ ’২৪-এর আন্দোলনে জড়িত অনেকেই ইউনূস সরকারের সময়ে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে বলে বিভিন্ন সময়ে অভিযোগ করেছেন।

এসব অভিযোগ তদন্ত হওয়া প্রয়োজন : ইউনূস সরকার প্রকৃত অর্থ পাচারকারী ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে এ ইস্যুতে নোংরা রাজনীতি করেছে। ইউনূস অর্থ পাচার ইস্যুকে তাঁর প্রতিপক্ষদের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার করেন। অর্থ পাচারের নিরপেক্ষ তদন্তের আগেই প্রতিহিংসার কারণে অনেককে অর্থ পাচারকারী হিসেবে চিহ্নিত করে তাদের হয়রানি করেছেন। তাদের মিডিয়া ট্রায়ালের মাধ্যমে বেসরকারি খাতের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করে ইউনূস সরকার। এর ফলে একদিকে যেমন প্রকৃত অর্থ পাচারকারীরা আড়ালে থেকে যায়, তেমন নতুন করে অর্থ পাচারের পথ উন্মুক্ত হয়। সবচেয়ে বড় কথা, এ ধরনের কর্মকাণ্ড দেশের বেসরকারি খাত এবং অর্থনীতিতে ভয়াবহ বিপর্যয় ডেকে আনে।

বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে কারা অর্থ পাচার করেছে তা সবাই জানে। কিন্তু ইউনূস সরকারের দেড় বছরে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান ও ব্যবসায়ীকে হয়রানি করা হয়। অর্থ পাচারকারী অনেকের সম্পদ রক্ষার দায়িত্ব নিয়েছিলেন ইউনূস সরকারের কিছু উপদেষ্টা। তাদের সম্পদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করেন অনেক উপদেষ্টা এবং তাঁদের স্বজনরা। এই অর্থ পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জনগণের দাবি। আশা করি বর্তমান সরকার সম্পূর্ণ নিরপেক্ষভাবে এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেবে। পাশাপাশি আওয়ামী লীগের পতনের পর যারা বিদেশে অর্থ পাচার করেছেন তাদের বিরুদ্ধেও তদন্ত করতে হবে। বাংলাদেশ যদি বিগত ১৭ বছরের পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সক্ষম হয়, তাহলে বাংলাদেশের অর্থনীতি পাল্টে যাবে। আর অর্থ পাচার রোধ করতে হলে সব পাচারকারীকে আইনের আওতায় আনতে হবে। কারা আওয়ামী লীগের, কারা অন্তর্বর্তী সরকারের সেই বাছবিচার করা চলবে না। এমনকি বিএনপির কেউ যদি অর্থ পাচারের সঙ্গে জড়িত থাকেন তার বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। মনে রাখতে হবে, অর্থ পাচারকারী এবং দুর্নীতিবাজদের কোনো দল নেই। তাদের পরিচয় একটাই-তারা দেশের শত্রু, জনগণের শত্রু।

অদিতি করিম, লেখক ও নাট্যকার
ইমেইল : [email protected]

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

সীমান্তে পুশ ইনের চেষ্টা : মানবাধিকারের বিরুদ্ধে ভারতের আগ্রাসন

আহসান হাবিব বরুন
সীমান্তে পুশ ইনের চেষ্টা : মানবাধিকারের বিরুদ্ধে ভারতের আগ্রাসন

ভারতের সীমান্তে কথিত ‘পুশ ইন’ নীতির বিরুদ্ধে আমি অতীতের একাধিক লেখায় যে উদ্বেগ প্রকাশ করেছি, সাম্প্রতিক হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন যেন সেই আশঙ্কারই আন্তর্জাতিক স্বীকৃতি। দীর্ঘদিন ধরে সীমান্তে ঘটে চলা ঘটনাগুলো এখন আর অনুমান বা অভিযোগের পর্যায়ে নেই—এগুলো এখন নথিভুক্ত মানবাধিকার উদ্বেগের অংশ বাংলাদেশ-ভারত সীমান্তে যা ঘটছে, সেটি আর কেবল সীমান্ত ব্যবস্থাপনার প্রশ্ন নয়; এটি সরাসরি মানবাধিকার, নাগরিকত্ব, রাষ্ট্রের দায়িত্ব এবং আন্তর্জাতিক আইনের প্রশ্নের সঙ্গে যুক্ত। যখন কোনো রাষ্ট্র কোনো ব্যক্তিকে যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া, পরিচয় যাচাই ছাড়া, আদালতের সিদ্ধান্ত ছাড়া কিংবা সংশ্লিষ্ট দেশের সম্মতি ছাড়া সীমান্ত পেরিয়ে অন্য দেশে ঠেলে দেয়, তখন সেটিকে প্রশাসনিক পদক্ষেপ বলা যায় না—এটি আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে উঠে এসেছে যে, পশ্চিমবঙ্গের বহু মুসলিম বাঙালি বাসিন্দাকে কথিত বাংলাদেশি আখ্যা দিয়ে সীমান্তের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। অনেকের কাছে আধার কার্ড রয়েছে, দীর্ঘদিনের বসবাসের প্রমাণ রয়েছে, এমনকি পারিবারিক শিকড়ও ভারতের অভ্যন্তরে গভীরভাবে প্রোথিত। তবু তাদের আটক করা হচ্ছে, সীমান্তে নিয়ে যাওয়া হচ্ছে এবং বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

এখানে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো—কোনো ব্যক্তির প্রকৃত নাগরিকত্ব নির্ধারণের জন্যও কোনো গ্রহণযোগ্য ও স্বচ্ছ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে না। রাষ্ট্র যদি শুধুমাত্র সন্দেহ বা প্রশাসনিক সিদ্ধান্তের ভিত্তিতে নাগরিকত্ব নির্ধারণ শুরু করে, তাহলে নাগরিকত্ব আর আইনগত পরিচয় থাকে না; সেটি রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষমতার একটি অনিয়ন্ত্রিত অস্ত্রে পরিণত হয়।

বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির তথ্য অনুযায়ী, চলতি মাসের শুরু থেকে বিএসএফের অন্তত ২১টি পুশ ইনের চেষ্টা প্রতিহত করা হয়েছে। দুই শতাধিক মানুষ, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে, তাদের বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা হয়েছে। এই সংখ্যাগুলো কেবল পরিসংখ্যান নয়; প্রতিটি সংখ্যার পেছনে রয়েছে চরম মানবিক বঞ্চনা, অনিশ্চয়তা এবং রাষ্ট্রীয় দায়িত্বহীনতার নির্মম বাস্তবতা।

সবচেয়ে বেদনাদায়ক দৃশ্যটি হলো সীমান্তের জিরো লাইনে আটকে পড়া মানুষদের চিত্র। কোনো রাষ্ট্রের নাগরিক নয়, কোনো দেশের নিরাপত্তার আওতায় নয়, কোনো আইনি সুরক্ষা ছাড়া—দুই সশস্ত্র সীমান্তরক্ষী বাহিনীর মাঝখানে তারা যেন মানবিক অস্তিত্বের সবচেয়ে নিষ্ঠুর পরীক্ষার মুখোমুখি।

পঞ্চগড় সীমান্তের ঘটনাটি বিশেষভাবে উদ্বেগজনক। ঝড়-বৃষ্টি, অনিশ্চয়তা এবং আতঙ্কের মধ্যে মানুষকে ৭৫ ঘণ্টারও বেশি সময় নো-ম্যানস ল্যান্ডে আটকে থাকতে হয়েছে। খাদ্য, পানি, চিকিৎসা কিংবা মৌলিক নিরাপত্তা ছাড়া এভাবে মানুষকে ফেলে রাখা শুধু অমানবিকই নয়; আন্তর্জাতিক মানবাধিকার আইনের আলোকে এটি নিষ্ঠুর ও অবমাননাকর আচরণ হিসেবেও বিবেচিত হতে পারে।

আন্তর্জাতিক আইনের দৃষ্টিকোণ থেকে বিষয়টি আরো গুরুতর। জাতিসংঘের বিভিন্ন মানবাধিকার সনদ, নাগরিক ও রাজনৈতিক অধিকারবিষয়ক আন্তর্জাতিক চুক্তি এবং শিশু অধিকার সনদ স্পষ্টভাবে বলে যে প্রতিটি ব্যক্তির মর্যাদা, নিরাপত্তা এবং ন্যায্য আইনি প্রক্রিয়ার অধিকার নিশ্চিত করতে হবে। কোনো রাষ্ট্র চাইলে কাউকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করতে পারে, কিন্তু সেই ঘোষণার মাধ্যমে তার মৌলিক মানবাধিকার হরণ করার অধিকার রাষ্ট্রের নেই।

বিশেষত শিশুদের সীমান্তে ঠেলে দেওয়ার অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। একটি শিশু তার জন্মস্থান, জাতীয়তা কিংবা রাজনৈতিক বিতর্কের জন্য দায়ী নয়। অথচ আজ সেই শিশুকেই সীমান্ত রাজনীতির সবচেয়ে দুর্বল ও অরক্ষিত শিকার হিসেবে দেখা যাচ্ছে। এটি শুধু মানবাধিকারের সংকট নয়; এটি সভ্যতার নৈতিক ব্যর্থতাও।

ভারত নিজেদের গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে উপস্থাপন করলেও বাস্তব আচরণ সেই দাবির সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ—তা নিয়ে প্রশ্ন উঠছে। গণতন্ত্রের প্রকৃত শক্তি শুধু নির্বাচন বা অর্থনৈতিক অগ্রগতিতে নয়; বরং দুর্বলতম মানুষের অধিকার রক্ষার মধ্যেই তার সত্যিকারের মানদণ্ড নির্ধারিত হয়।

আরো উদ্বেগের বিষয় হলো, এই ঘটনাগুলো কেবল বিচ্ছিন্ন প্রশাসনিক ত্রুটি হিসেবে দেখা কঠিন। পশ্চিমবঙ্গের রাজনৈতিক বক্তব্যে ‘ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট’ ধরনের নীতিগত ভাষা একটি বৃহত্তর প্রবণতার ইঙ্গিত দেয়। কিন্তু কোনো নীতিই আইনের ঊর্ধ্বে নয়। রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করার অধিকার যেমন আছে, তেমনি মানবাধিকার রক্ষার বাধ্যবাধকতাও সমানভাবে বিদ্যমান।

বাংলাদেশের অবস্থান এখানে স্পষ্ট এবং নীতিগতভাবে যুক্তিসংগত। ঢাকা বারবার বলেছে, যাচাই-বাছাই ছাড়া কাউকে গ্রহণ করা হবে না। প্রত্যাবাসন হলে তা অবশ্যই দ্বিপাক্ষিক সমঝোতা, প্রমাণ এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইনি কাঠামোর মাধ্যমে হতে হবে। অন্যথায় এটি হবে রাষ্ট্রীয় সার্বভৌমত্বেরও অবমাননা।

এই সংকটের আরেকটি গভীর দিক হলো আঞ্চলিক সম্পর্কের ওপর এর প্রভাব। দক্ষিণ এশিয়া ইতিমধ্যেই রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তাজনিত নানা চ্যালেঞ্জে জর্জরিত। এর মধ্যে সীমান্তকে যদি মানবাধিকারবিহীন একটি পরীক্ষাগারে পরিণত করা হয়, তাহলে পারস্পরিক আস্থা ক্ষয়প্রাপ্ত হবে এবং ভবিষ্যতে আরো জটিল কূটনৈতিক সংকট তৈরি হতে পারে।

হিউম্যান রাইটস ওয়াচের পর্যবেক্ষণ তাই কেবল একটি প্রতিবেদন নয়; এটি একটি আন্তর্জাতিক সতর্কবার্তা। এটি মনে করিয়ে দেয় যে শক্তিশালী রাষ্ট্র হওয়া আর ন্যায়ভিত্তিক রাষ্ট্র হওয়া এক বিষয় নয়। প্রকৃত শক্তি পরিমাপ হয় দুর্বল মানুষের প্রতি আচরণের মাধ্যমে।

সীমান্ত কোনো মানুষের মানবিক পরিচয় মুছে দেওয়ার জায়গা হতে পারে না। কাঁটাতারের বেড়া কোনো রাষ্ট্রকে আইনের ঊর্ধ্বে তুলে দেয় না। নাগরিকত্ব নিয়ে বিতর্ক কখনোই একজন মানুষকে খাদ্য, পানি, চিকিৎসা কিংবা মর্যাদা থেকে বঞ্চিত করার বৈধতা দিতে পারে না।

লেখক : সাংবাদিক, কলামিস্ট, রাজনৈতিক বিশ্লেষক

কথার বন্যায় হারিয়ে যাচ্ছে শোনার সংস্কৃতি

হাসান আলী
কথার বন্যায় হারিয়ে যাচ্ছে শোনার সংস্কৃতি

কোনো সামাজিক অনুষ্ঠান, পারিবারিক মিলনমেলা কিংবা সভা-সমাবেশে গেলে একটি দৃশ্য প্রায়ই চোখে পড়ে। কেউ কেউ সুযোগ পেলেই কথা বলতে আগ্রহী হয়ে ওঠেন। হাতে মাইক এলে যেন কথার প্রবাহ থামতেই চায় না। নিজের অভিজ্ঞতা, মূল্যবোধ, নৈতিকতা, বিশ্বাস, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কিংবা জীবনের দর্শন নিয়ে দীর্ঘ আলোচনা শুরু হয়। অনেক সময় শ্রোতারা আগ্রহী কি না, মনোযোগ ধরে রাখতে পারছেন কি না, কিংবা অন্য কারো কিছু বলার সুযোগ আছে কি না—সেসব বিষয় তেমন বিবেচনায় আসে না।

বিশেষ করে কিছু প্রবীণের মধ্যে এই প্রবণতা বেশি দেখা যায়। অবশ্য এর পেছনে কারণও রয়েছে। দীর্ঘ জীবনের অভিজ্ঞতা, অর্জন এবং সংগ্রামের গল্প তাদের কাছে মূল্যবান। তারা মনে করেন, এই অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়া প্রয়োজন। অনেক ক্ষেত্রেই এই ভাবনা আন্তরিক। কিন্তু সমস্যা তখনই তৈরি হয়, যখন অভিজ্ঞতা বিনিময় একতরফা বক্তৃতায় পরিণত হয় এবং সংলাপের জায়গা সংকুচিত হয়ে যায়।

আসলে মানুষ কেন কথা বলতে এত ভালোবাসে? কারণ কথা বলা শুধু তথ্য আদান-প্রদান নয়, এটি নিজের অস্তিত্ব জানান দেওয়ারও একটি উপায়। আমরা কথা বলে বোঝাতে চাই—‘আমি আছি’, ‘আমার অভিজ্ঞতা আছে’, ‘আমার মতামত গুরুত্বপূর্ণ’। অনেক সময় কথা বলার মধ্যে স্বীকৃতি পাওয়ার আকাঙ্ক্ষাও কাজ করে। ফলে কোনো অনুষ্ঠানে উপস্থিত হয়ে কিছু না বললে যেন নিজের উপস্থিতিই অদৃশ্য হয়ে যাবে—এমন একটি অচেতন অনুভূতি কাজ করতে পারে।

কিন্তু একটি প্রশ্ন থেকে যায়। মানুষ কি সত্যিই কথার মাধ্যমে বদলায়?

বাস্তব অভিজ্ঞতা বলে, কথার চেয়ে কাজের প্রভাব অনেক বেশি। একটি অনুপ্রেরণামূলক বক্তৃতা মানুষকে সাময়িকভাবে উৎসাহিত করতে পারে, কিন্তু দীর্ঘস্থায়ী পরিবর্তন সাধারণত আসে বাস্তব কর্মকাণ্ড থেকে। একজন মানুষ ঘণ্টার পর ঘণ্টা সততার কথা বলতে পারেন, কিন্তু একটি সৎ কাজ তার চেয়ে অনেক বেশি শক্তিশালী বার্তা দেয়। কেউ মানবতার গল্প বলতে পারেন, কিন্তু বিপদে এগিয়ে গিয়ে সাহায্য করা মানুষের মনে অনেক গভীর ছাপ ফেলে।

মজার বিষয় হলো, আমরা অনেক সময় কথা বলার ক্ষেত্রে উদার হলেও কাজের ক্ষেত্রে তুলনামূলক সংযত। সমাজ পরিবর্তনের পরিকল্পনা নিয়ে আলোচনা করতে আমরা আগ্রহী, কিন্তু বাস্তবে সেই পরিবর্তনের জন্য সময়, শ্রম বা সম্পদ ব্যয় করতে ততটা আগ্রহী নই। কোনো সামাজিক সমস্যার সমাধান নিয়ে দীর্ঘ বক্তৃতা দেওয়া সহজ, কিন্তু সমাধানের পথে ছোট একটি পদক্ষেপ নেওয়া তুলনামূলক কঠিন।

আজকাল বিভিন্ন অনুষ্ঠানে আরেকটি প্রবণতা লক্ষ করা যায়। প্রায় সবাই কিছু না কিছু বলতে চান। কেউ শুভেচ্ছা জানাতে চান, কেউ অভিজ্ঞতা ভাগ করতে চান, কেউ পরামর্শ দিতে চান। এর মধ্যে অনেক ইতিবাচক দিকও আছে। মানুষ অংশগ্রহণ করতে চায়, নিজেকে যুক্ত রাখতে চায়। কিন্তু কখনো কখনো এটি নিজের অবস্থান এবং উপস্থিতি স্মরণ করিয়ে দেওয়ার এক ধরনের প্রচেষ্টায় পরিণত হয়।

অথচ প্রকৃত দক্ষতা সবসময় বেশি কথা বলার মধ্যে নয়। বরং অল্প সময়ে, সহজ ভাষায় এবং পরিষ্কারভাবে মূল বক্তব্য তুলে ধরতে পারা একটি বড় গুণ। ইতিহাসে এমন অনেক মানুষ আছেন, যারা দীর্ঘ বক্তৃতার জন্য নয়, বরং সংক্ষিপ্ত অথচ অর্থবহ কথার জন্য স্মরণীয় হয়ে আছেন। কারণ মানুষের মনোযোগ একটি সীমিত সম্পদ। দীর্ঘ বক্তব্যে গুরুত্বপূর্ণ বার্তাও হারিয়ে যেতে পারে।

আরো একটি বিষয় আমাদের ভাবা দরকার। আমরা কি সত্যিই শুনতে জানি?

বর্তমান সময়ে মনে হয়, অধিকাংশ মানুষ বক্তা হতে চায়, শ্রোতা নয়। সবাই নিজের কথা বলতে চায়, কিন্তু অন্যের কথা মন দিয়ে শোনার আগ্রহ তুলনামূলক কম। অথচ শোনা একটি গুরুত্বপূর্ণ মানবিক দক্ষতা। একজন মনোযোগী শ্রোতা শুধু তথ্য গ্রহণ করেন না, তিনি অন্য মানুষকে সম্মানও দেন। অনেক সম্পর্ক ভেঙে যায় কথা কম বলার কারণে নয়, বরং কেউ কারো কথা মন দিয়ে না শোনার কারণে।

প্রবীণ বয়সে এই বিষয়টির গুরুত্ব আরো বেশি। দীর্ঘ জীবনের অভিজ্ঞতা অবশ্যই মূল্যবান, কিন্তু সেই অভিজ্ঞতা তখনই কার্যকর হয়, যখন তা বিনয়ের সঙ্গে ভাগ করা হয় এবং নতুন প্রজন্মের কথা শোনার জন্যও সমান আগ্রহ থাকে। জ্ঞান শুধু বলার মধ্যে নয়, শোনার মধ্যেও বৃদ্ধি পায়।

সবশেষে বলা যায়, মানুষের মনোযোগ আকর্ষণ করার জন্য সবসময় দীর্ঘ বক্তব্য প্রয়োজন হয় না। কখনো কখনো একটি সংক্ষিপ্ত বাক্য, একটি সৎ কাজ, একটি সহানুভূতিশীল আচরণ কিংবা একটি মনোযোগী শ্রবণই সবচেয়ে শক্তিশালী বার্তা হয়ে উঠতে পারে।

হয়তো আমাদের সময়ের সবচেয়ে বড় প্রয়োজন আরো কিছু বক্তা নয়, বরং আরো কিছু ভালো শ্রোতা। কারণ যে সমাজে সবাই কথা বলে কিন্তু কেউ শোনে না, সেখানে শব্দ বাড়ে; কিন্তু বোঝাপড়া বাড়ে না।

লেখক : প্রবীণবিষয়ক লেখক, সংগঠক