• ই-পেপার

নৌবাহিনীর ব্যবস্থাপনায় উদযাপিত হলো ‘বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস’

দেশের ৫ জেলায় বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক
দেশের ৫ জেলায় বিজিবি মোতায়েন
সংগৃহীত ছবি

দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় দেশের ৫ জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। জেলাগুলো হলো- কক্সবাজার, মাদারীপুর, শেরপুর, গাজীপুর ও মৌলভীবাজার। সোমবার (২২ জুন) রাতে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে কক্সবাজার, মাদারীপুর, শেরপুর, গাজীপুর ও মৌলভীবাজার জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে আজ সোমবার সন্ধ্যা থেকে ৩০ জুন পর্যন্ত বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবে।

এছাড়া দেশের অন্য জেলাগুলোতে প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিকভাবে মোতায়েনের লক্ষ্যে বিজিবি সদস্যরা স্ট্যান্ডবাই থাকবে।

বিজিবি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সর্বদা প্রস্তুত রয়েছে।

এনআইডির সংশোধন পদ্ধতি সহজ করতে চায় নির্বাচন কমিশন

অনলাইন ডেস্ক
এনআইডির সংশোধন পদ্ধতি সহজ করতে চায় নির্বাচন কমিশন

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন প্রক্রিয়া সহজ করার উপায় খুঁজছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য এনআইডি শাখাকে প্রস্তাব দিতে বলেছে সংস্থাটি। সোমবার (২২ জুন) এনআইডি শাখার কর্মকর্তারা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

কর্মকর্তারা জানান, এনআইডি সেবাসংক্রান্ত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) পুনরায় সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে বিদ্যমান পদ্ধতিতে কোনো ত্রুটি রয়েছে কি না, থাকলে তার সমাধান কী হতে পারে—সেগুলো চিহ্নিত করে একটি প্রস্তাবনা দিতে বলা হয়েছে। এ লক্ষ্যে এনআইডি অনুবিভাগের পরিচালক (প্রশাসন ও অর্থ) এর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

কমিটি এনআইডি সেবা সহজীকরণ এবং বিদ্যমান এসওপি পর্যালোচনা বিষয়ে একটি কর্মশালা আয়োজন করবে। এরপর তারা একটি প্রতিবেদন দাখিল করবে।

বর্তমানে ছয়টি ক্যাটাগরিতে (ক, ক-১, খ, খ-১, গ ও ঘ) এনআইডি সংশোধন কার্যক্রম পরিচালিত হয়। এতে অপেক্ষাকৃত সহজ থেকে জটিল অনুযায়ী ক থেকে ঘ ক্যাটাগরি নির্ধারণ করা হয়। ‘ঘ’ ক্যাটাগরির আবেদন এনআইডি মহাপরিচালক নিজেই সংশোধন করেন। এরপর সচিব ও কমিশনের কাছে আপিলের সুযোগ রয়েছে।

বর্তমানে প্রায় ৮৫ হাজার এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।

এদিকে সারা বছর মৃত ভোটারদের নাম কর্তনের জন্যও এনআইডি মহাপরিচালকের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি মৃত ভোটারদের নাম বাদ দিতে সুপারিশ করবে।

এনআইডি সংশোধন সহজ করতে ইসির ৫ সদস্যের কমিটি

অনলাইন ডেস্ক
এনআইডি সংশোধন সহজ করতে ইসির ৫ সদস্যের কমিটি
সংগৃহীত ছবি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন প্রক্রিয়া আরো সহজ ও কার্যকর করতে বিদ্যমান নিয়ম পরিবর্তনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সে লক্ষ্যে বর্তমান স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) পর্যালোচনা ও সংশোধনের প্রস্তাব তৈরিতে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২২ জুন) ইসির এনআইডি অনুবিভাগের সহকারী পরিচালক জাকির মাহমুদের সই করা এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে। 

চিঠিতে বলা হয়, জাতীয় পরিচয়পত্র সেবা সহজীকরণ ও বিদ্যমান এসওপি পর্যালোচনা বিষয়ে একটি কর্মশালা আয়োজনের লক্ষ্যে কমিটি গঠন করা হলো।

পাঁচ সদস্যের এ কমিটিতে সভাপতি হিসাবে দায়িত্ব পালন করবেন এনআইডি অনুবিভাগের পরিচালক (প্রশাসন ও অর্থ) আর সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন সহকারী পরিচালক (গবেষণা ও উন্নয়ন)।

এতে আরো বলা হয়েছে, এ কমিটি জাতীয় পরিচয়পত্র সেবা সহজীকরণ ও বিদ্যমান এসওপি পর্যালোচনা বিষয়ে একটি কর্মশালা আয়োজনের জন্য প্রস্তাবনা ডিজি এনআইডির কাছে উপস্থাপন করতে হবে।

বাংলাদেশের সমুদ্রসীমার জ্বালানিসম্পদ উত্তোলন করবে সরকার : নৌপরিবহনমন্ত্রী

অনলাইন ডেস্ক
বাংলাদেশের সমুদ্রসীমার জ্বালানিসম্পদ উত্তোলন করবে সরকার : নৌপরিবহনমন্ত্রী
নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি : সংগৃহীত।

নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, বাংলাদেশের সমুদ্রসীমায় নিশ্চিতভাবে জ্বালানি সম্পদ রয়েছে। অফশোর এলাকায় কূপ খনন, খনিজ সম্পদ চিহ্নিতকরণ এবং পরবর্তী সময়ে সেগুলো উত্তোলনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ সোমবার রাজধানীতে বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে নৌমন্ত্রী বলেন, ‘দেশের সমুদ্রসীমায় জ্বালানি সম্পদ পাওয়ার সম্ভাবনা নয়, বরং এর উপস্থিতি নিশ্চিত। তবে অতীতের নীতিগত সীমাবদ্ধতার কারণে এ সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা যায়নি।’

তিনি বলেন, ‘আন্তর্জাতিক আদালতের রায়ের মাধ্যমে বাংলাদেশ বিস্তীর্ণ সমুদ্র অঞ্চলের অধিকার লাভ করলেও সেই সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগানো সম্ভব হয়নি। প্রতিবেশী দেশ ভারত ও মায়ানমার নিজ নিজ সমুদ্রসীমায় অনুসন্ধান চালিয়ে প্রাকৃতিক সম্পদ উত্তোলন করেছে, কিন্তু বাংলাদেশ এ ক্ষেত্রে পিছিয়ে রয়েছে।’

শেখ রবিউল আলম আরো বলেন, ‘দেশের প্রায় ৯২ শতাংশ বৈদেশিক বাণিজ্য চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে পরিচালিত হয়। নেভিগেশন ও নিরাপদ জাহাজ চলাচলের ক্ষেত্রে আন্তর্জাতিক মানের তুলনায় বাংলাদেশ এখনো পিছিয়ে। তবে সক্ষমতা অনুযায়ী এ খাতে উন্নয়নের কাজ চলছে।’

মন্ত্রী বলেন, ‘দেশের প্রায় ১৬ হাজার কিলোমিটার অভ্যন্তরীণ নৌপথ একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। এসব নৌপথ সচল, নিরাপদ, সাশ্রয়ী ও আকর্ষণীয় করে তুলতে হাইড্রোগ্রাফি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যতেও এর প্রয়োজনীয়তা আরো বাড়বে।’

তিনি আশা প্রকাশ করেন যে, বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস দেশের সামুদ্রিক ও নৌসম্পদ চিহ্নিতকরণ এবং সেগুলোর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার বিষয়ে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করবে।