শিশুদের সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখতে আরো কঠোর পদক্ষেপ নিয়েছে অস্ট্রেলিয়া সরকার। ১৬ বছরের কম বয়সীদের জন্য চালু করা নিষেধাজ্ঞা কার্যকর করতে ব্যর্থ হলে প্রযুক্তি কম্পানিগুলোকে সর্বোচ্চ ৯৯ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার (আনুমানিক ৮৪০ কোটি ৬০ লাখ টাকা) জরিমানা করা হবে। আগে এই জরিমানার সর্বোচ্চ সীমা ছিল ৪৯ দশমিক ৫ মিলিয়ন ডলার ৪৯.৫ মিলিয়ন ডলার (প্রায় ৪২০ কোটি ৮০ লাখ টাকা)।
শনিবার (২৭ জুন) রয়টার্সের এক প্রতিবেদন এ তথ্য দেয়।
সরকার জানিয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, স্ন্যাপচ্যাট ও টিকটকের মতো প্ল্যাটফর্মকে প্রমাণ দিতে হবে তারা কীভাবে কম বয়সীদের অ্যাকাউন্ট খোলা ঠেকাচ্ছে। এ জন্য দেশটির অনলাইন নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা ই-সেফটি কমিশনারকে আরো বেশি ক্ষমতা দেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, শিশুদের নিরাপত্তার জন্য এই আইন করা হয়েছে। কিন্তু এখনও অনেক শিশু সহজেই সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে। তার অভিযোগ, বড় প্রযুক্তি কম্পানিগুলো আইন বাস্তবায়নে যথেষ্ট দায়িত্বশীল নয়।
সরকারের দাবি, আইন চালুর পর এখন পর্যন্ত ৫০ লাখের বেশি অপ্রাপ্তবয়স্ক অ্যাকাউন্ট বন্ধ বা সীমিত করা হয়েছে। তবে সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, ১২ থেকে ১৫ বছর বয়সী ৮৫ শতাংশ কিশোর-কিশোরী এখনও বিভিন্ন কৌশলে সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে। অনেকেই বয়স বেশি দেখিয়ে বা সেলফির মাধ্যমে বয়স যাচাই পেরিয়ে যাচ্ছে।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম রেডিট এই আইনের বিরুদ্ধে আদালতে মামলা করেছে। প্রতিষ্ঠানটির দাবি, আইনটি মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী। তবে অস্ট্রেলিয়া সরকার জানিয়েছে, তারা আদালতে এই আইনের পক্ষে অবস্থান নেবে।
বিশেষজ্ঞদের মতে, শিশুদের মানসিক স্বাস্থ্য ও অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে শুধু আইন করাই যথেষ্ট নয়। প্রযুক্তি কম্পানিগুলোকেও আরো কার্যকর ব্যবস্থা নিতে হবে।






