ভারতীয় চলচ্চিত্রে তারকাদের পারিশ্রমিক বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দু। নব্বইয়ের দশকে চিরঞ্জীবী প্রথম ভারতীয় অভিনেতা হিসেবে একটি ছবির জন্য ১ কোটি টাকা পারিশ্রমিক দাবি করেছিলেন, যা সে সময় ব্যাপক আলোচনার জন্ম দেয়। এরপর দীর্ঘ সময় ধরে বলিউডের শীর্ষ তারকারাই সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের তালিকায় আধিপত্য বজায় রেখেছেন। তবে সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ ভারতীয় ‘প্যান-ইন্ডিয়া’ চলচ্চিত্রের সাফল্য সেই চিত্র বদলে দিয়েছে।
বর্তমানে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ভারতীয় অভিনেতা হলেন তেলুগু সুপারস্টার অল্লু অর্জুন। ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবির মাধ্যমে তিনি ভারতীয় সিনেমার ইতিহাসে একক ছবির জন্য সর্বোচ্চ আয় করার নজির গড়েছেন।
জানা গেছে, ছবিটির জন্য অল্লু অর্জুন নির্দিষ্ট পারিশ্রমিকের পাশাপাশি লাভের অংশীদারও ছিলেন। বাণিজ্য বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, ‘পুষ্পা ২’ বিশ্বজুড়ে ১,৭০০ কোটিরও বেশি টাকা আয় করেছে ও ছবিটির মোট মুনাফা ৬০০ কোটির বেশি। সেই লাভের একটি উল্লেখযোগ্য অংশ পেয়েছেন অভিনেতা নিজে। সব মিলিয়ে ছবিটি থেকে তার আয় প্রায় ৩০০ কোটি টাকা বা তারও বেশি বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে।
এই অঙ্ক ভারতীয় চলচ্চিত্রের অনেক বড় বাজেটের ছবির মোট নির্মাণ ব্যয়ের চেয়েও বেশি। উদাহরণ হিসেবে, এক সময়ের সর্বোচ্চ আয়কারী ভারতীয় ছবি ‘বাহুবলী ২’-এর নির্মাণ ব্যয় ছিল ২৫০ কোটিরও কম।
দীর্ঘদিন ধরে ভারতীয় সিনেমার সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের তালিকায় শীর্ষে ছিলেন শাহরুখ খান, আমির খান ও সলমন খান। নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে অমিতাভ বচ্চন ও সঞ্জয় দত্তের পর তাদের উত্থান ঘটে। ধারাবাহিক সাফল্যের ফলে সময়ের সঙ্গে বেড়েছে তাদের পারিশ্রমিকও।
শাহরুখ খানই মূলত ছবির লাভের অংশ নেওয়ার প্রথাকে জনপ্রিয় করে তোলেন। অন্যদিকে, আমির খান প্রথম ভারতীয় অভিনেতা হিসেবে ১০০ কোটির পারিশ্রমিকের মাইলফলক স্পর্শ করেন। ২০১০-এর দশকের শেষ দিকে তিন খানই ছবিপ্রতি ১০০ কোটির বেশি আয় করতেন। ২০২৩ সালে ‘পাঠান’ ও ‘জওয়ান’–এর সাফল্যের পর শাহরুখের পারিশ্রমিক ২০০ কোটির সীমাও অতিক্রম করে।
আরো পড়ুন
আয়ুষ্মান নন, ‘আন্ধাধুন’ ছবির জন্য প্রথম পছন্দ ছিলেন বরুণ
তবে ২০২৪ সালে তালিকার শীর্ষে বড় পরিবর্তন আসে। তামিল সুপারস্টার রজনীকান্ত তার ব্লকবাস্টার ‘জেলার’ ছবির মাধ্যমে ২৫০ কোটিরও বেশি আয় করে শীর্ষস্থান দখল করেছিলেন। কিন্তু কয়েক মাসের ব্যবধানে তাকে ছাড়িয়ে যান অল্লু অর্জুন।
গত পাঁচ বছরে অল্লু অর্জুনকে দেখা গেছে মূলত ‘পুষ্পা’ সিরিজের দুই ছবিতে। এরপর পরিচালক অ্যাটলির নতুন ছবি ‘রাকা’য় অভিনয় করবেন তিনি। অ্যাকশন-অ্যাডভেঞ্চার ঘরানার এই ছবিতে তার সহশিল্পী হিসেবে থাকবেন দীপিকা পাড়ুকোন। ছবিটি ২০২৭ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
সূত্র: আনন্দবাজার ডট কম