রাজধানীর শাহবাগ এলাকা থেকে ৪০ লাখ জাল টাকাসহ চার জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি’র শাহবাগ থানা পুলিশ। শনিবার (২৭ জুন) রাতে শাহবাগ থানার মোতালিব প্লাজায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন— নাফিজ আহম্মেদ (২৬), মো. রহমত উল্লাহ (২৬), ইয়াকুব আলী চৌধুরী (৩৯) ও রুবেল (৪২)।
পুলিশ জানায়, শনিবার রাতে মোতালিব প্লাজার ৫ তলায় একটি দোকানে কতিপয় ব্যক্তিরা বিপুল পরিমাণ জাল টাকাসহ অবস্থান করছে- গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্য পেয়ে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৪০ লাখ জাল টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে বলে স্বীকার করেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।




