রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে আওয়ামী লীগ বিরোধী একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিল শেষে বিফ্রিং চলাকালে সাংবাদিকদের সঙ্গে কথা কাটাকাটিকে কেন্দ্র করে সাংবাদিকদের ওপর ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে হামলা চালিয়েছে দলটির নেতাকর্মীরা।
এ সময় যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার রাব্বী সিদ্দিকীকেও আক্রমণ করা হয়। এছাড়া দৈনিক সকালের মাল্টিমিডিয়া রিপোর্টার মাহফুজুর রহমান শিশিরকে বেধড়ক মারধর করেন তারা
মঙ্গলবার (২৩ জুন) সকালে ধানমন্ডি ৩২ নম্বরে এ ঘটনা ঘটে।
জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সকাল সাড়ে ৮টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে আওয়ামী লীগ বিরোধী একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ শেষে বক্তব্য দেওয়ার সময় একপর্যায়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। এরপর কয়েকজন সাংবাদিককে এলোপাতাড়িভাবে মারধর করে জামায়াতের নেতাকর্মীরা।
মিছিল শেষে বিফ্রিং চলাকালে সাংবাদিকদের সিনিয়র একজনকে কথা বলার জন্য বলা হয়। এ সময় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা সাংবাদিকদের আওয়ামী লীগের দোসর বলে ট্যাগ করেন। বিষয়টি নিয়ে সাংবাদিকরা প্রতিবাদ জানালে জামায়াতের নেতাকর্মী উত্তেজিত হয়ে সাংবাদিকদের উপর হামলা চালান। এসময় দৈনিক সকাল-এর রিপোর্টার মাহফুজুর রহমান শিশির গুরুতর আহত হন। হামলার ঘটনায় তার মুখ দিয়ে রক্ত পড়তে দেখা যায়। পরে উপস্থিত অন্যান্য সাংবাদিকরা তাকে উদ্ধার করে বাংলাদেশ মেডিকেলে পাঠান।
এ বিষয়ে ধানমন্ডি থানা জামায়াতের কর্মপরিষদের সদস্য মুজিবুর রহমান খান সাংবাদিকদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে অনাকাঙ্ক্ষিত জানিয়ে তিনি বলেন, ‘আমাদের কর্মসূচিতে বহিরাগতরাও ঢুকে গিয়ে এমন কাজ করতে পারে।’





