• ই-পেপার

ভাঙ্গায় সুমন শেখ হত্যা : ১১ জনকে আসামি করে থানায় মামলা

জামিন না পাওয়ায় এইচএসসি পরীক্ষায় বসতে পারল না ভালুকার ইমন

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
জামিন না পাওয়ায় এইচএসসি পরীক্ষায় বসতে পারল না ভালুকার ইমন
ইমন। সংগৃহীত ছবি

রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকায় বৃহস্পতিবার (২ জুলাই) এইচএসসি পরীক্ষার টেবিলে বসতে পারেনি ময়মনসিংহের ভালুকা সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ইমন।

স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, ভালুকা মডেল থানা পুলিশ গত ২২ জুন ইমনকে গ্রেপ্তার করে এবং একটি রাজনৈতিক মামলায় পরদিন আদালতে মাধ্যমে কারাগারে পাঠায়। বৃহস্পতিবার ছিল তার এইচএসসির বাংলা প্রথম পত্র পরীক্ষা। কারাগারে থাকায় সে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি।

তা ছাড়া একই দিন বৃহস্পতিবার উপজেলার ১১টি এইচএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্রে মোট ১৩০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

ইমনের আইনজীবী খোরশেদ আলম জানান, ইমন চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী। পরীক্ষার প্রবেশপত্র এবং রেজিস্ট্রেশন কার্ডসহ বুধবার আদালতে তার জামিন আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন। তাই কারাগারে থাকায় ইমন বৃহস্পতিবার অনুষ্ঠিত এইচএসসি বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশ নিতে পারেনি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, চলতি বছর ভালুকা উপজেলা বিভিন্ন এলাকায় মোট ১১টি পরীক্ষা কেন্দ্রে মোট ২ হাজার ৮২৩ জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়ার কথা থাকলেও এইচএসসির ১০৫ জন, আলিমের ১০ জন এবং কারিগরি ১৫ জন পরীক্ষায় অংশ নেয়নি।

নাচোলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গৃহবধূ নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
নাচোলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গৃহবধূ নিহত
প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নিয়ন্ত্রণ হারানো মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে সাদিয়া ওরফে আফরিন (১৭) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন নিহতের ননদ এবং ওই মোটরসাইকেলের অন্য আরোহি আসমা বেগম (১৮)। তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর ১টার দিকে নেজামপুর ইউনিয়নের স্বপ্নপল্লী দোগাছি মোড় এলাকায় নির্মাণাধীন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আফরিন রাজশাহীর তানোর উপজেলার হাপানিয়া গ্রামের মো. বারিউলের স্ত্রী।

পরিবার সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পালশা গ্রামে মোশারফের বাড়ি থেকে একই মোটরসাইকেলে ৩ জন নাচোল হয়ে হাপানিয়া যাবার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কে ছিটকে পড়ে হতাহতের ঘটনা ঘটে। ঘটনার পর আহতাবস্থায় ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আফরিন মারা যান। মাত্র ৪ মাস পূর্বে আফরিনের বিয়ে হয়।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পুলিশ ঘটনার সংবাদ পাওয়ার পর বিস্তারিত তদন্ত শুরু করেছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

মোরেলগঞ্জে পানগুছি নদীর ফেরি ৩ দিনের জন্য বন্ধ

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
মোরেলগঞ্জে পানগুছি নদীর ফেরি ৩ দিনের জন্য বন্ধ

সংস্কার কাজের জন্য বাগেরহাটের মোরেলগঞ্জে পানগুছি নদীর ফেরি চলাচল শুক্রবার (৩ জুলাই) সকাল থেকে ৩ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সকাল থেকে ফেরিঘাটের উভয় প্রান্তের বেইলি ওঠানো এবং বারইখালী প্রান্তের পন্টুন মেরামতের কাজ শুরু হবে।

সংস্কার শেষে আগামী সোমবার (৬ জুলাই) সকাল ৬টা থেকে পূর্বের ন্যায় ফেরি চলাচল শুরু হবে।

মঙ্গলবার (৩০ জুন) সড়ক বিভাগ বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম বলেন, সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কে মোরেলগঞ্জের পানগুছি নদীর ফেরিঘাটের উভয় প্রান্তের বেইলি পাটাতন ক্ষতিগ্রস্ত হওয়ায় যান চলাচলে অসুবিধা হচ্ছিল। পানগুছি নদীর বারইখালী প্রান্তের পন্টুন মেরামত এবং জোয়ারের সময় সংযোগ সড়ক পানিতে ডুবে যাচ্ছিল। যার কারণে সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংস্কার শেষে সোমবার সকাল ৬টা থেকে আবারও ফেরি দিয়ে যান চলাচল স্বাভাবিক হবে বলে জানান এই কর্মকর্তা।

নোয়াখালী

সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যু
প্রতীকী ছবি

নোয়াখালীর সেনবাগ উপজেলায় সাঁতার শিখতে গিয়ে পুকুরের পানিতে ডুবে রমজান হাওলাদার (১১) নামের চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে উপজেলার ডমুরুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

রমজান হাওলাদার একই এলাকার মো. রাসেল হাওলাদারের ছেলে এবং স্থানীয় মতইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

নিহতের বাবা রাসেল হাওলাদার জানান, স্কুল শেষে বিকেলে বাড়ি ফিরে রমজান তার মাকে জানায়, সে পুকুরে সাঁতার শিখতে যাবে। এসময় সে সঙ্গে দুটি প্লাস্টিকের বোতল নিয়ে ঘর থেকে বের হয়। হঠাৎ একটি কল আসায় তার মা ফোনে ব্যস্ত হয়ে পড়ায় ছেলের সঙ্গে যেতে পারেননি। পরে রমজান একাই পুকুরে যায়। সাঁতার শেখার সময় অসাবধানতাবশত সে পানিতে ডুবে যায়। কিছুক্ষণ পর তার মা পুকুরঘাটে গিয়ে ছেলেকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে পুকুর থেকে রমজানকে উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।

সেনবাগ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।