শরিয়াহ ভিত্তিক ৫টি ইসলামী ব্যাংকের আমানত সুরক্ষা ও গ্রাহকদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (২৯ জুন) সকালে সম্মিলিত ‘পাঁচ ইসলামিক ব্যাংক ডিপোজিটরস অ্যাসোসিয়েশন’-এর উদ্যোগে এই কর্মসূচির পালন করা হয়।
এদিন সকাল থেকে চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ে সমবেত হতে থাকেন ভুক্তভোগী আমানতকারীরা। সেখান থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের অভিমুখে রওনা হয়। মিছিল শেষে আমানতকারীরা বাংলাদেশ ব্যাংকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
বিক্ষোভ চলাকালীন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক (পরিদর্শন) নুরুল আলমের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে গ্রাহকদের ওপর আরোপিত ‘হেয়ার কাট’ (টাকা কর্তন) প্রত্যাহার, ব্যাংকিং লেনদেন দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা এবং ব্যাংকে রক্ষিত আমানতের পূর্ণ সুরক্ষা নিশ্চিত করা দাবি জানানো হয়।
বাংলাদেশ ব্যাংকের পরিচালক (পরিদর্শন) নুরুল আলমের আমানতকারীদের দাবি-সম্বলিত স্মারকলিপিটি গ্রহণ করেন এবং এটি দ্রুততম সময়ের মধ্যে ঢাকায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর পাঠানোর আশ্বাস দেন। বাংলাদেশ ব্যাংক কার্যালয় থেকে বের হয়ে প্রতিনিধি দল পুনরায় নিউ মার্কেট মোড় পর্যন্ত একটি মিছিল নিয়ে আসে এবং সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
সমাবেশে বক্তব্য দেন অ্যাসোসিয়েশনের সভাপতি মু. আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সিনিয়র সহ-সভাপতি মঞ্জুরুল ইসলাম,অর্থ সম্পাদক আলাউদ্দিন আজাদ এবং সহ-সভাপতি শারমিন আক্তার। তারা বলেন, ‘আমরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে আমাদের দাবি জানিয়েছি। তবে আগামীতে যদি আমাদের এই ন্যায্য দাবির পক্ষে কোনো ইতিবাচক ও ভালো ফলাফল না আসে, তবে পরবর্তীতে আরো কঠোর ও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।’




