রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের একটি বিটুমিন কারখানায় বয়লার বিস্ফোরণে দগ্ধ দুই শ্রমিকের একজনের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের নাম সোহেল রানা (২৪)। এ ঘটনায় আহত অপর শ্রমিক শাওন (১৬) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক।
সোমবার (২৯ জুন) দিবাগত রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সোহেল রানার মৃত্যু হয়। তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সামসুদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গোয়ালন্দ উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে অবস্থিত ‘ঢাকা পাইরোলাইসিস কোম্পানি’ নামের একটি বিটুমিন তৈরির কারখানায় গত বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সোয়া ১০টার দিকে হঠাৎ বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কারখানায় কর্মরত সোহেল রানা ও শাওন দগ্ধ হন।
গুরুতর আহত অবস্থায় তাদের প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে অবস্থার অবনতি হওয়ায় একই দিন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।
আহত শাওন গোয়ালন্দ উপজেলার মৌলভীবাজার গ্রামের চুন্নু মিয়ার ছেলে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) মো. রাশিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বয়লার বিস্ফোরণে দগ্ধ দুই শ্রমিককে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোহেল রানা মারা গেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।




