পাবনার ঈশ্বরদীতে আন্তঃনগর ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ১০০ গ্রাম হেরোইনসহ এক দম্পতিকে আটক করেছে রেলওয়ে পুলিশ পাকশী জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।
শুক্রবার (২৬ জুন) বিকেলে রেলওয়ে পাকশী জেলা পুলিশ সুপার মো. মেহেদী হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
আটকরা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কল্যাণপুর এলাকার মোছা. সাজেমা বেগম (৪২) ও তার স্বামী মো. কাজল আহম্মেদ (৪৩)।
এর আগে বৃহস্পতিবার (২৫ জুন) দিবাগত রাত পনে একটার দিকে ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় প্রবেশ করা আন্তঃনগর ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ওই দম্পতিকে আটক করা হয়।
ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী থেকে ঢাকাগামী আন্তঃনগর ধূমকেতু এক্সপ্রেসে ট্রেনে অভিযান পরিচালনা করা হয়। ট্রেনের ‘জ’ বগির ৭৬ ও ৭৭ নম্বর আসনে বসা ওই দম্পতিকে সন্দেহজনক মনে হওয়ায় তাদের তল্লাশি করা হয়। তল্লাশির সময় সাজেমা বেগমের ভ্যানিটি ব্যাগ থেকে ৫০ গ্রাম এবং কাজল আহম্মেদের প্যান্টের পকেট থেকে ৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। দম্পতির নিকট থেকে উদ্ধার হওয়া হেরোইনের পরিমাণ ১০০ গ্রাম। উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।
ঈশ্বরদী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, আটক স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।




