• ই-পেপার

প্রতিমন্ত্রীর হস্তক্ষেপে নান্দাইলে সংস্কার হচ্ছে বেহাল সড়ক

‘বর্তমান সরকার শুধু প্রতিশ্রুতিই দেয় না, বাস্তবায়ন করে’

ঝালকাঠি প্রতিনিধি
‘বর্তমান সরকার শুধু প্রতিশ্রুতিই দেয় না, বাস্তবায়ন করে’

বর্তমান সরকার শুধু প্রতিশ্রুতি দেয় না, প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে বিশ্বাস করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী মর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। তিনি বলেছেন, তারেক রহমানের নেতৃত্বের সরকার ইতোমধ্যেই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বৃক্ষ রোপন, খাল-নদী খনন, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের বিষয়ে কাজ শুরু করেছে। তিনি বিভিন্ন অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে বৈঠক করে এগুলো বাস্তবায়ন করছেন। 

শুক্রবার বেলা ১১টায় ঝালকাঠি প্রেস ক্লাবের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী নিযুক্ত হওয়ায় ঝালকাঠি প্রেস ক্লাবের পক্ষ থেকে ড. এসএম জিয়াউদ্দিন হায়দারকে সংবর্ধনা দেওয়া হয়।
 
তিনি আরো বলেন, বিএনপি জ্ঞানভিত্তিক ও উন্নয়ন কেন্দ্রীক রাজনীতিতে বিশ্বাস করে। প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে উন্নয়নের যে পরিকল্পনা করেছে, তা দ্রুততম সময়ের মধ্যেই মানুষের চোখে পড়বে। তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ইউনিয়ন ও পৌরসভার প্রতিটি ওয়ার্ডে স্বাস্থ্যকেন্দ্র তৈরি করা হবে। যাতে মানুষ দিন রাত নিরবিচ্ছিন্ন চিকিৎসাসেবা পায়। 

ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আক্কাস সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মোমিন উদ্দিন, সিভিল সার্জন ডা. হুমায়ুন কবির, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার বায়জিত ইবনে আকবর, খুলনা মেট্রপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি রাশেদুল ইসলাম। 

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আসম মাহামুদুর রহমান পারভেজ। ঝালকাঠি প্রেস ক্লাবের সদস্যদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

ট্রেনের ইঞ্জিন থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার, আটক ১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ট্রেনের ইঞ্জিন থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার, আটক ১
সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যাত্রাবিরতিকালে একটি মালবাহী ট্রেনের লোকোমোটিভ (ইঞ্জিন) থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধারসহ ট্রেনচালক মো. শাহজাহানকে (৫৪) আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাত ১১টার দিকে র‍্যাব-৯ এর একটি দল এ উদ্ধার অভিযান পরিচালনা করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ৬০৩ নম্বর কন্টেইনার ট্রেনটি আখাউড়া আসার পর তল্লাশি চালায় র‌্যাব। শুরুতে বাধা দেন চালক। তবে সুযোগ বুঝে সহকারী চালক পালিয়ে যান। তল্লাশির একপর্যায়ে লোকোমোটিভে লুকানো বস্তা থেকে ১৬ কেজি গাঁজা পাওয়া যায়। এ সময় চালককে আটক করা হয়।

র‌্যাব-৯ এর কম্পানি কমান্ডার মোাহাম্মদ নুরুন্নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফরিদপুরের চরভদ্রাসন

মাদক সেবনের অভিযোগে ২ যুবকের মাথা ন্যাড়া করল এলাকাবাসী

সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
মাদক সেবনের অভিযোগে ২ যুবকের মাথা ন্যাড়া করল এলাকাবাসী
সংগৃহীত ছবি

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুরে মাদক সেবনের অভিযোগে গ্রাম পুলিশসহ দুই যুবকের মাথার চুল কেটে দিয়েছেন এলাকাবাসী। গত বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। 

দুই যুবক হলেন– চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়ন পরিষদের দুই নম্বর ওয়ার্ডের সালেপুর পশ্চিম গ্রামের গ্রাম পুলিশ মো. লালন খান (২৬) ও একই গ্রামের বাসিন্দা শেখ রিয়াজুল (২২)।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, চর হরিরামপুর ইউনিয়নের আব্দুল হাই খানের হাটের একটি দোকানে বিএনপি নেতা মঞ্জুরুল হক ও চর হরিরামপুর ইউনিয়ন পরিষদের দুই নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মোকা মৃধার মাঝখানে গ্রাম পুলিশ লালন খান বসে আছেন। এ সময় লালন খানের হাতে দুটি সিগারেট ছিল। পরে মোবাইলে ভিডিও হচ্ছে দেখে তিনি সিগারেট ফেলে দেন। ওই সময় বিএনপি নেতা মঞ্জুরুল গ্রাম পুলিশকে প্রশ্ন করেন, গাঁজা-ইয়াবা খাস কেন? কই থেকে কিনিস? তোকে শেল্টার দেয় কে? এসব প্রশ্নের কিছু উত্তর নিচু গলায় গ্রাম পুলিশ লালনকে দিতে দেখা যায়। 

ভাইরাল হওয়া অন্য ভিডিওতে দেখা যায়, গ্রাম পুলিশ লালন ও যুবক শেখ রিয়াজুলকে বসিয়ে একটি ট্রিমার দিয়ে লালনের মাথার চুল ন্যাড়া করে দেওয়া হয় এবং রিয়াজুলের কপাল থেকে মাথার উপরের অংশ পর্যন্ত চুল কেটে ন্যাড়া করা হয়। 

এ বিষয়ে চর হরিরামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক খান বলেন, ‘এলাকার ছেলেরা গ্রাম পুলিশ লালনকে গাঁজা সেবনরত অবস্থায় ধরে বাজারে নিয়ে আসে। সেখানে আমি উপস্থিত থাকায় তাকে শাসিয়েছি। তবে চুল যখন কাটা হয় তখন আমি উপস্থিত ছিলাম না।’

চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ‘এই ভিডিও দুটি আমি দেখেছি। কারো বিরুদ্ধে মাদক গ্রহণের অভিযোগ থাকলেই তাকে হেনস্তা করার অধিকার কারো নেই। এটা যারাই করেছেন তারা অন্যায় করেছেন।’

তিনি বলেন, ‘এ ব্যাপারটি নিয়ে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলাপ করেছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
 

মেহেরপুর সীমান্তে ফের ৩ জনকে পুশইনের চেষ্টা

মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুর সীমান্তে ফের ৩ জনকে পুশইনের চেষ্টা
সংগৃহীত ছবি

মেহেরপুরের গাংনী সীমান্তে ফের ৩ জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় বিএসএফ। শুক্রবার ভোরে উপজেলার কাথুলী ইউনিয়নের রাধাগোবিন্দপুর ধলা সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা করে তারা। তবে বিজিবির কঠোর অবস্থান ও স্থানীয়দের প্রতিরোধে তাদের ফেরত নেয় বিএসএফ। 

ধলা বিজিবি ক্যাম্পের কমান্ডার হাবিলদার শিশির কুমার সরকার বলেন, ‘ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার করিমপুর থানার বুড়িপোতা বিএসএফ ক্যাম্পের সদস্যরা গেট খুলে তিনজনকে পুশইনের চেষ্টা করে। বিজিবি ও গ্রামবাসীর সতর্ক অবস্থানের কারণে তারা বাংলাদেশের প্রবেশ করতে পারেনি। পরে বিজিবি এবং বিএসএফের মধ্যে আলোচনার পর ওই তিনজনকে ফেরত নেয় বিএসএফ।’

প্রসঙ্গত, চলতি মাসে মেহেরপুর জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে বিএসএফ তিন দফায় ২০ জনকে পুশইনের চেষ্টা করে। বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধের মুখে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়।