কুমিল্লা নগরীর যানজট নিরসনে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা দুই শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে জেলা প্রশাসন ও কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) এর যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। এসময় সিটি করপোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজিয়া রহমান, জেলা প্রশাসন, সিটি করপোরেশন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
অভিযান সূত্রে জানা যায়, শুরুতে নগরীর নিউ মার্কেট এলাকায় যানবাহন চলাকালে বিঘ্ন ঘটায় সড়ক ও ফুটপাত থেকে অবৈধভাবে স্থাপিত দোকান, অস্থায়ী স্থাপনা ও অন্যান্য প্রতিবন্ধকতা অপসারণ করা হয়। পরে নগরীর লির্বাটি মোড়, মনোহরপুর, রাজগঞ্জ এলাকায় অভিযান ভ্রাম্যমান দোকান পাট ও ভ্যান ভেঙে ফেলা হয়।
ফুটপাতে আম বিক্রেতা শাহ জালাল বলেন, আমার মা ধার করে টাকা দিছে আম বিক্রি করতে। আমি একটি ভ্যান ভাড়া করে ফুটপাতে আমি বিক্রি করছিলাম। আমার আমারগুলো মাটিতে ফেলে ভ্যানটা ভেঙে ফেলা হয়েছে। এই কথা বলে তিনি কাঁদতে থাকেন।
অভিযানকে স্বাগত জানিয়ে মনোহরপুর গ্রামের বাসিন্দা মফিজুল ইসলাম কালের কন্ঠকে বলেন, ফুটপাত ও সড়কে স্বাভাবিকভাবে হাটাচলার কোন অবস্থা নেই, দীর্ঘদিন হাজার হাজার মানুষ ভোগান্তির শিকার হয়েছেন। ফুটপাত ও সড়ক দখলমুক্ত হওয়ায় সাধারণ মানুষের চলাচল সহজ হবে এবং নগরীর পরিবেশও উন্নত হবে।
কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু জানান, যেকোন মূল্যে নগরীর যানজট নিরসন করা হবে। আমরা গত দুই মাস ধরে ফুটপাত অবমুক্ত রাখার জন্য প্রচারণা চালিয়েছি। অনেকে কথা শুনেছেন আবার অনেকে শুনেননি। যারা শুনেননি তাদের অবৈধ সব স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে। নগরীর সৌন্দর্য রক্ষা, সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এই ধরনের অভিযান অব্যাহত রাখা হবে।
সিটি করপোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজিয়া রহমান জানান, কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। অবৈধভাবে
তিনি আরও জানান, ফুটপাত ও সড়ক দখল করে পুনরায় কেউ ব্যবসা পরিচালনা চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।




