• ই-পেপার

মুঠোফোনের আইএমইআই নম্বর পরিবর্তন চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

মাধবপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
মাধবপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সংগৃহীত ছবি

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অভিযান চালিয়ে ২০১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মিজানুর রহমান (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুন) ভোররাতে উপজেলার চৌমুহনী ইউনিয়নের তুলসিপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার মিজানুর রহমান ওই গ্রামের মৃত নাসির মিয়ার ছেলে।

পুলিশ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মিজানুর রহমানের ওপর নজরদারি চালিয়ে আসছিল আইন-শৃঙ্খলা বাহিনী। এরই মাঝে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোররাতে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় তার বসতঘর তল্লাশি করে ২০১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ ঘটনায় মিজানুর রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

শাপলা ফুল তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
শাপলা ফুল তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

জামালপুরের সরিষাবাড়ীতে বিলে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে সামি নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে উপজেলার ডোয়াইল ইউনিয়নের গ্রামনিখাঁই পেরী বিলে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সামি (৮) গ্রামনিখাঁই এলাকায় ছানোয়ার হোসেনের ছেলে। 

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকালে গ্রামনিখাঁই পেরী বিলে সামিসহ চার শিশু শাপলা ফুল ও ফুলের ডাঁটা তুলতে যায়। এ সময় দুই শিশু সাঁতরে ডাঙায় উঠতে পারলেও অন্য দুই শিশু শাপলার ডাঁটায় প্যাঁচ লেগে বিলের পানিতে ডুবে যায়। সাঁতরে ডাঙায় উঠা শিশুরা স্থানীয়দের খবর দিলে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সামি মারা যায়। আর আহত তাসনিনকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর সদর হাসপাতালে পাঠানো হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আশরাফ হোসেন জানান, পানিতে ডুবে যাওয়া সামি নামে শিশুটি হাসপাতালে আনার আগেই মারা গেছে।

নীলফামারীর ডোমারে সড়কে প্রাণ গেল সেনা সদস্যের

ডোমার (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর ডোমারে সড়কে প্রাণ গেল সেনা সদস্যের
ছবি: কালের কণ্ঠ

নীলফামারীর ডোমারে ধরণীগঞ্জ কালিতলা এলাকায় মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একেএম জাহাঙ্গীর বসুনিয়া (৪০) নামে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেলের অন্য আরোহী স্ত্রী ও খানকা কেরামতিয়া উচ্চ বিদ্যালয়ের আইসিটি শিক্ষক আজিয়া সুলতানা (৩৩) গুরুতর আহত হয়ে নীলফামারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

একেএম জাহাঙ্গীর বসুনিয়া ভোগডাবুড়ী ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা জাকারিয়া বসুনীয়ার ছেলে। তিনি ভোগডাবুড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতিও ছিলেন।

এলাকাবাসী জানায়, সড়ক বিভাগের সংস্কারের কাজ চললেও সতর্কতামূলক দুই পাশে কোনো লাল পতাকা বা সাইনবোর্ড লাগানো হয়নি। তাদের অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

ময়মনসিংহে বিল থেকে যুবকের মরদেহ উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে বিল থেকে যুবকের মরদেহ উদ্ধার
সংগৃহীত ছবি

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার একটি বিল থেকে আলিফ মাহমুদ (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে উপজেলার ভাংনামারী ইউনিয়নের বারুমারি গ্রাম এলাকার একটি বিল থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আলিফ মাহমুদ ঠাকুরগাঁও সদর উপজেলার গোবিন্দনগর এলাকার গোলাম মোস্তফার ছেলে। তিনি গাজীপুরে একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে স্থানীয় এক কৃষক জমি থেকে বেগুন তুলতে গিয়ে গ্রামের সামনের একটি বিলে এক যুবকের মরদেহ ভাসতে দেখতে পান। পরে তিনি স্থানীয়দের মাধ্যমে বিষয়টি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে গৌরীপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

প্রাথমিকভাবে নিহতের পরিচয় জানা না গেলেও পরে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তার পরিচয় শনাক্ত করে। পুলিশ ধারণা করছে, বুধবার রাতের কোনো এক সময়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে মরদেহ ঘটনাস্থলে ফেলে রাখা হয়েছে।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।