• ই-পেপার

আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী

ভাঙ্গায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ

নারায়ণগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে ১৯২ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জ সিটি প্রতিনিধি
নারায়ণগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে ১৯২ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ড পরিচালনা, সংগঠনকে পুনরায় সক্রিয় করার চেষ্টা এবং সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোহাম্মদ এমদাদুল হক।

পুলিশ জানায়, সোমবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি দক্ষিণপাড়া সাততলা ভবনের সামনের সড়কে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা গোপনে সমবেত হয়ে বৈঠক করছিল। বৈঠকে সংগঠনকে পুনরায় সক্রিয় করা, সরকারবিরোধী কর্মকাণ্ড পরিচালনা এবং নাশকতামূলক পরিকল্পনার উদ্দেশ্যে তারা একত্রিত হয়েছিল।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালালে উপস্থিত ব্যক্তিরা দ্রুত পালিয়ে যায়। এ সময় স্থানীয়দের সহায়তায় মো. নাজিম উদ্দিন উজ্জ্বল (৩৯) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

মামলায় সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক ভূইয়া রাজু, সিদ্ধিরগঞ্জ থানা তাঁতী লীগের সভাপতি লিটন, স্বেচ্ছাসেবক লীগ নেতা জহির, যুব মহিলা লীগ নেত্রী চম্পা ভূইয়াসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের ৪২ জন নেতাকর্মী ও সমর্থককে এজাহারভুক্ত আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরো ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, অভিযুক্তরা নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনা, সংগঠনকে সক্রিয় করার চেষ্টা, সরকারবিরোধী কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে একত্রিত হয়েছিলেন। এসব অভিযোগে সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ (সংশোধিত ২০১৩)-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ এমদাদুল হক বলেন, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনা, সংগঠনকে সক্রিয় করার চেষ্টা এবং সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, মামলায় উল্লিখিত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
 

সাভার-আশুলিয়ায় ছাত্রলীগ ও যুবলীগের ১৪ নেতাকর্মী গ্রেপ্তার

সাভার (ঢাকা) প্রতিনিধি
সাভার-আশুলিয়ায় ছাত্রলীগ ও যুবলীগের ১৪ নেতাকর্মী গ্রেপ্তার
সংগৃহীত ছবি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনার অভিযোগে সাভার ও আশুলিয়া থেকে ছাত্রলীগ ও যুবলীগের ১৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) বিকেলে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস ও ট্রাফিক উত্তর) মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী জানিয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার থেকেই ঢাকা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করা হয় এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কয়েকটি এলাকায় ঝটিকা মিছিল, ব্যানার প্রদর্শন ও দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলনের পরিকল্পনা করা হচ্ছিল। এর পরিপ্রেক্ষিতে সাভারের আমিনবাজার তুরাগ এলাকা থেকে সাতজন এবং আশুলিয়ার তুরাগ নদী সংলগ্ন এলাকা থেকে আরো সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের জান-মালের সুরক্ষায় ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় সাভারে সেনাবাহিনী মোতায়েন করা হয়।

পুলিশ আরো জানায়, এ ঘটনায় সাভার মডেল থানা ও আশুলিয়া থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে পূর্বেও নাশকতা ও হত্যা-সংক্রান্ত মামলার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ
হালুয়াঘাটে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড
সংগৃহীত ছবি

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় মাদকবিরোধী অভিযানে চারজনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যায় দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়।

এর আগে একই দিন বিকেলে উপজেলা পরিষদ হলরুমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ।

আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় আসামিদের এ দণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন— হালুয়াঘাট উপজেলার ঠেঙ্গাবর গ্রামের মৃত আ. গফুরের ছেলে মো. আবুল হাসেম (৬৫), একই গ্রামের জুয়েল ফকিরের ছেলে মো. মাজাহারুল ইসলাম আশিক ফকির (২৪), স্বদেশি গ্রামের মৃত জুমুর আলীর ছেলে মো. রফিকুল ইসলাম (৫৬) এবং একই গ্রামের মৃত আলা উদ্দিনের ছেলে রফিকুল (৩৫)। 

এ বিষয়ে হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন, ‘উপজেলায় মাদক নির্মূলে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে চলবে।’

প্রসঙ্গত, এর আগের দিন সোমবার একই অভিযানে উপজেলার আরো ১১ জনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সৈয়দপুরে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
সৈয়দপুরে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার
সংগৃহীত ছবি

নীলফামারীর সৈয়দপুরে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের (৬৫) মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) উপজেলার ওয়াপদা নতুনহাট নেহালপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, সকালে স্থানীয় এক ব্যক্তি রেললাইনের পাশে এক বৃদ্ধকে মুখ থুবড়ে পড়ে থাকতে দেখে ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে খবর দেয়। পরে সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

পুলিশ জানায়, মরদেহের মাথায় রক্তাক্ত আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি রেল দুর্ঘটনা হতে পারে। তবে কোন ট্রেনের ধাক্কায় বা কিভাবে এ ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

নিহতের পরনে ছিল সবুজ-খয়েরি রঙের চেক লুঙ্গি ও সুরমা রঙের শর্ট পাঞ্জাবি। মরদেহের পাশ থেকে একটি কাপড়ের ব্যাগ উদ্ধার করা হয়, যাতে কয়েকটি জামা-লুঙ্গি, একটি চাদর ও কিছু খুচরা টাকা পাওয়া গেছে।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুলফিকার বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি পিবিআই ও সিআইডি টিম ঘটনাটি তদন্ত করছে এবং বিভিন্ন মাধ্যমে ছবি পাঠিয়ে পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’