• ই-পেপার

আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে নিরাপত্তা জোরদার

বগুড়ায় ১৫ ফুট লম্বা ব্যানারসহ ছাত্রলীগকর্মী গ্রেপ্তার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ায় ১৫ ফুট লম্বা ব্যানারসহ ছাত্রলীগকর্মী গ্রেপ্তার
সংগৃহীত ছবি

বগুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর ১৫ ফুট লম্বা একটি ব্যানারসহ আদমদীঘি উপজেলা ছাত্রলীগের কর্মী সাকিব আল হাসানকে (২৯) গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২১ জুন) রাতে আদমদীঘি সদর ইউনিয়নের তালসন গ্রামের কালিবাড়ি মোড়ে একটি চায়ের দোকানের পেছন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাকিব ওই গ্রামের ওছমান আলী খন্দকারের ছেলে। 

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। সোমবার (২২ জুন) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে আদমদীঘি সদর ইউনিয়নের তালসন গ্রামের কালিবাড়ি মোড়ে একটি চায়ের দোকানের পেছনে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী সাকিব আল হাসানসহ ৩৫ জন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মী সমবেত হন। সেখানে তারা আদমদীঘি থানা এলাকাসহ বগুড়া জেলার বিভিন্ন স্থানে নাশকতা, অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড, যানবাহন ভাঙচুর, সরকারি স্থাপনা ক্ষতিসাধন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর পরিকল্পনা করছিলেন। বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রবিবার রাত ৮টার দিকে সেখানে অভিযান পরিচালনা করেন। এ সময় তারা পালিয়ে যাওয়ার চেষ্টাকালে সাকিব আল হাসানকে গ্রেপ্তার করা হয়। 

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান মিয়া বলেন, ‘গ্রেপ্তার সাকিবের কাছ থেকে ১৫ ফুট বাই ৩ ফুট আকারের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি রঙিন ব্যানার উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে পূর্বের একটি নাশকতা মামলা থাকলেও এই ঘটনায় পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা করেছে। সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে|’

প্রসঙ্গত, ২০২৪ সালের ২৫ আগস্ট আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২৫০ জনের নামে বিশেষ ক্ষমতা আইনে নাশকতাসংক্রান্ত একটি মামলা হয়। সেই মামলায় উপজেলা ছাত্রলীগের কর্মী সাকিব আল হাসানও আসামি ছিলেন। 
 

খুলনার পাঁচ অভিযুক্ত সন্ত্রাসী ঢাকায় গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

খুলনা অফিস
খুলনার পাঁচ অভিযুক্ত সন্ত্রাসী ঢাকায় গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
ছবি: সংগৃহীত

খুলনার পাঁচ অভিযুক্ত সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। রবিবার (২১ জুন) ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি রিভলভার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন খুলনা নগরীর সোনাডাঙ্গা থানাধীন শেখপাড়া মেইন রোড এলাকার বাসিন্দা মোহাম্মদ তুষার শিকদার, গোবরচাকার আবরার ফয়সাল বাদিন, শেখপাড়া লোহাপট্টির আল আমিন, সোনাডাঙ্গার নবীনগর এলাকার আসিফ এবং টুটপাড়া জোড়াকল বাজার এলাকার সাজ্জাদ হোসেন সাব্বির। 

সোমবার (২২ জুন) সকালে খুলনা মহানগর গোয়েন্দা কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কেএমপির উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ আহদুজ্জামান। তিনি বলেন, সম্প্রতি খুলনায় সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ সৃষ্টি হওয়ায় মহানগরজুড়ে বিশেষ নজরদারি শুরু করা হয়। চলতি মাসের ১ থেকে ২০ তারিখ পর্যন্ত পরিচালিত বিশেষ অভিযানের অংশ হিসেবেই গোপন তথ্য, গোয়েন্দা নজরদারি এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় আত্মগোপনে থাকা অভিযুক্তদের অবস্থান শনাক্ত করা হয়। পরে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ।

উপ-পুলিশ কমিশনার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা খুলনার বিভিন্ন অপরাধী চক্রের সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ একাধিক মামলা বিচারাধীন। তিনি বলেন, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে গ্রেপ্তারদের দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি রিভলভার এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।

লাকসামে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
লাকসামে ১০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সংগৃহীত ছবি

কুমিল্লার লাকসাম উপজেলায় ১০ কেজি গাঁজাসহ মো. আবদুল হান্নান (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২২ জুন) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার আবদুল হান্নান লাকসাম (পূর্ব) ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর নরপাটি গ্রামের এবাইদুল হক এবুর ছেলে।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২১ জুন) দিবাগত রাতে উপজেলার উত্তর নরপাটি এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় আবদুল হান্নানকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। সোমবার তাকে কুমিল্লার আদালতে হাজির করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বৃদ্ধের
সংগৃহীত ছবি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের (৭০) মৃত্যু হয়েছে। রবিবার (২১ জুন) দিবাগত রাত আনুমানিক পৌনে ৪টার দিকে ঢাকা-খুলনা রেলপথের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের পুকুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থল অতিক্রম করার সময় অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে ভাঙ্গা রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং প্রয়োজনীয় আইনি কার্যক্রম গ্রহণ করে।

ভাঙ্গা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাপুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহটি ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তিনি আরো জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।