• ই-পেপার

মাদক ব্যবসা ছাড়ুন, না হলে এলাকা ছাড়ুন : এমপি আবু তালিব

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
ফটিকছড়িতে মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার
সংগৃহীত ছবি

চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভায় জহুরুল আনোয়ার নামে এক বীর মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২০ জুন) সকালে ফটিকছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর রাঙ্গামাটিয়া এলাকার নিজ বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জহুরুল আনোয়ার  (৭৫) ওই এলাকার মৃত ফজল করিমের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শুক্রবার রাতেও পরিবারের সদস্যদের সঙ্গে খাবার খেয়ে নিজের কক্ষে ঘুমাতে যান জহুরুল আনোয়ার। রাতের কোনো এক সময় তিনি ঘরের সিঁড়ির রেলিংয়ের সঙ্গে গলায় ফাঁস দেন। সকালে পরিবারের লোকজন সিঁড়ির রেলিংয়ের সঙ্গে তার নিথর দেহ ঝুলতে দেখে চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা এসে থানায় খবর দিলে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহতের মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠায়।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান,  প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়ার জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে।

৫৪ বছরের মধ্যে এবার সবচেয়ে ভালো বাজেট দিয়েছে সরকার : হুইপ দুলু

নাটোর প্রতিনিধি
৫৪ বছরের মধ্যে এবার সবচেয়ে ভালো বাজেট দিয়েছে সরকার : হুইপ দুলু
ছবি: কালের কণ্ঠ

বিএনপি যখনই ক্ষমতায় এসেছে শিক্ষাবান্ধব বাজেট দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেছেন, স্বাধীনতার পর গত ৫৪ বছরের মধ্যে এবার সবচেয়ে ভালো বাজেট দিয়েছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। এই বাজেট দেশের কৃষক-শ্রমিকসহ সব শ্রেণি-পেশার মানুষের কল্যাণের বাজেট। 

শনিবার (২০ জুন) বিকেলে নাটোরের বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত গুণীজন সংবর্ধনা, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রুহুল কুদ্দুস তালুকদার বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠার পর থেকেই দেশের শিক্ষক, জ্ঞানীগুণী ও বুদ্ধিজীবী শ্রেণিকে সম্মানিত করেছে।

বড়াইগ্রাম সরকারি অনার্স কলেজের সাবেক অধ্যক্ষ মো. আফসার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস, বড়াইগ্রাম পৌরসভার সাবেক মেয়র ইসাহাক আলী, সাবেক প্রশাসক অ্যাডভোকেট শরীফুল হক মুক্তা, গুণীজন সংবর্ধনা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শফীউল হাসান তিতু, সদস্যসচিব রাশিদুল ইসলাম ও মনির হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে একুশে পদকপ্রাপ্ত বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ও প্রাচ্যকলা বিভাগের সাবেক চেয়ারম্যান ড. আব্দুস সাত্তারকে গুণীজন সংবর্ধনা দেওয়া হয়। 

এ সময় নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, এমদাদুল হক আল মামুন, বিএনপি নেতা দেওয়ান শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।
 

আগস্টে পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চলাচল শুরু হবে : রবিউল আলম

পাবনা প্রতিনিধি
আগস্টে পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চলাচল শুরু হবে : রবিউল আলম
ছবি : কালের কণ্ঠ

আগামী আগস্ট মাসের মধ্যেই ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, সেতু ও নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।

শনিবার (২০ জুন) দুপুরে পাবনা সার্কিট হাউস মিলনায়তনে সরকারি কর্মকর্তা ও সুধী সমাজের সঙ্গে মতবিনিময়সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ‘পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে আন্তর্জাতিক মানের মাল্টি-মোডাল যোগাযোগব্যবস্থা চালু করা হবে। এ ক্ষেত্রে মালিক-শ্রমিকদের সমন্বিত উদ্যোগের মাধ্যমে পরিবহন খাতে শৃঙ্খলা আনার ওপর গুরুত্ব দেওয়া হবে।’

তিনি আরো বলেন, ‘ঢাকা-পাবনা রুটের লোকোমোটিভ প্রস্তুত রয়েছে। আগামী মাসে কোচ পাওয়া গেলে আগস্টেই অগ্রাধিকার ভিত্তিতে পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চলাচল শুরু করা হবে।’ এ ছাড়া ঢাকার সঙ্গে যোগাযোগ সহজ করতে আরিচা-খাসচর সড়ক প্রকল্পের ফিজিবিলিটি স্টাডি ও ডিপিপি প্রণয়নের কাজ চলছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা-৫ (পাবনা সদর) আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, পাবনা-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব মণ্ডল, পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সুফী উল্লাহসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা।

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনার সমর্থক

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনার সমর্থক
সংগৃহীত ছবি

ফুটবল বিশ্বকাপ মানেই সমর্থকদের আবেগ, উন্মাদনা আর নানা ব্যতিক্রমী কাণ্ড। সেই উন্মাদনারই এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন জামালপুরের বকশীগঞ্জ উপজেলার এক আর্জেন্টিনা সমর্থক। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া চ্যালেঞ্জ রক্ষা করতে ব্রাজিলের জয়ের পর মাথা ন্যাড়া করেছেন ফয়সাল আহমেদ জুম্মান (২৩)।

ফয়সাল জেলার বকশীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের সাধুরপাড়া এলাকার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে আর্জেন্টিনা দলের একনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত।

গত শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে তিনি ঘোষণা দেন, হাইতির বিপক্ষে ম্যাচে ব্রাজিল জয়ী হলে তিনি মাথা ন্যাড়া করে এলাকায় ঘুরবেন।

শনিবার (২০ জুন) সকালে অনুষ্ঠিত ম্যাচে হাইতিকে ৩-০ গোলে পরাজিত করে ব্রাজিল। ম্যাচ শেষ হতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া নিজের প্রতিশ্রুতি বাস্তবায়নে এগিয়ে আসেন ফয়সাল। আর্জেন্টিনার জার্সি গায়েই সাধুরপাড়া এলাকায় মাথা ন্যাড়া করেন তিনি। এ সময় স্থানীয় ফুটবলপ্রেমী ও কৌতূহলী মানুষজন ঘটনাটি দেখতে ভিড় করেন। মুহূর্তেই বিষয়টি এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। অনেকেই ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। 

স্থানীয়দের মতে, বিশ্বকাপকে ঘিরে সমর্থকদের মধ্যে এমন বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা ফুটবলপ্রেমেরই বহিঃপ্রকাশ। ফয়সালের এই ব্যতিক্রমী উদ্যোগ এলাকায় বেশ আনন্দ ও কৌতূহলের সৃষ্টি করেছে।

চ্যালেঞ্জ পূরণের পর ফয়সাল আহমেদ জুম্মান বলেন, খেলাধুলা বিনোদনের একটি বড় মাধ্যম। আমি মজা করেই এই চ্যালেঞ্জ দিয়েছিলাম। ব্রাজিল জিতেছে, তাই কথা অনুযায়ী মাথা ন্যাড়া করেছি। প্রতিশ্রুতি দিলে তা রাখতে হয়।