নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতদলের হামলায় আহত হয়েছেন সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন। রাতে বিদ্যুৎ না থাকায় কয়েকজন বন্ধুর সঙ্গে রাস্তার পাশে বসে ছিলেন। এমন সময় এই হামলা হয়।
শুক্রবার (১৯ জুন) রাতে উপজেলার হাইজাদী ইউনিয়নের ধন্দী ও রাইনাদী-আতাদী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ধন্দী এলাকার বাসিন্দা এবং কুমিল্লার মুরাদনগর উপজেলার এসিল্যান্ড সাকিব হাছান ছুটিতে নিজ বাড়িতে এসেছিলেন। রাতে বিদ্যুৎ না থাকায় কয়েকজন বন্ধুর সঙ্গে বাসার বাইরে রাস্তার পাশে বসে ছিলেন তিনি। এ সময় ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র ডাকাতদল তাদের ওপর হামলা চালায়।
ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে সাকিব হাছান, মুকুল, রাজিব, রুবেল, ফারুক এবং মুকুলের স্ত্রী ডালিয়াকে গুরুতর আহত করে। আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতরা দ্রুত পালিয়ে যায়। পরে আহতদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
জানা গেছে, এ ঘটনার প্রায় এক ঘণ্টা পর পার্শ্ববর্তী রাইনাদী-আতাদী এলাকার সুমন নামে এক ব্যক্তির বাড়িতে হানা দেয় হামলার সঙ্গে জড়িত ডাকাতদলের সদস্যরা। অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে তারা নগদ ২ লাখ ৭০ হাজার টাকা এবং প্রায় ১৪ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ পেলে মামলা নিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




