• ই-পেপার

বড়লেখা সীমান্তে ভারতীয় মাদক ব্যবসায়ী আটক

বোনের জানাজা শেষে সড়কেই প্রাণ গেল ভাইয়ের

তিতাস-হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
বোনের জানাজা শেষে সড়কেই প্রাণ গেল ভাইয়ের
প্রতীকী ছবি

কুমিল্লার হোমনায় মৃত বড় বোনের বাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় রুপ মিয়া (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১৮ জুন) হোমনা-গৌরীপুর সড়কের বিএডিসি হিমাগারের সামনে অটোরিকশা ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।

নিহত রুপ মিয়া উপজেলার বাঙ্গরা বাজার এলাকার দীঘলদি গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় আহত হয়েছেন হনুফা বেগম (৪২), তার স্বামী বাবুল মিয়া (৪৮) এবং অটোরিকশাচালক তানভির। তানভির হোমনা চৌরাস্তা এলাকার আব্দুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে ঢাকায় রুপ মিয়ার বড় বোন মারা যান। তার জানাজা ও অন্যান্য ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে স্বজনদের সঙ্গে অটোরিকশাযোগে নিজ বাড়িতে ফিরছিলেন রুপ মিয়া। পথে হোমনা চৌরাস্তা থেকে গৌরীপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে তাদের বহনকারী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশার যাত্রীরা গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাদের হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুপ মিয়াকে মৃত ঘোষণা করেন। 

হোমনা থানার ওসি (তদন্ত) দীনেশ চন্দ্র দাশ গুপ্ত জানান, কয়েকদিন আগে নিহতের বড় বোন মারা যান। তার জানাজা ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে বাড়ি ফেরার পথে সিএনজি ও ইজিবাইকের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে রুপ মিয়া নিহত হয়েছেন এবং কয়েকজন আহত হয়েছেন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

২৫ হাজারে শিশু বিক্রি করল বাবা, ৫২ দিন পর উদ্ধার

মাগুরা প্রতিনিধি
২৫ হাজারে শিশু বিক্রি করল বাবা, ৫২ দিন পর উদ্ধার
মাগুরা সদর থানা। সংগৃহীত ছবি

মাগুরা সদর উপজেলা বেরইল পলিতা ইউনিয়ন রামদেরগাতী এলাকায় ২৫ হাজার টাকার বিনিময়ে এক শিশুকে বিক্রি করে দেন বাবা সাগর হোসেন। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে বিক্রির ৫২ দিন পর শিশুটিকে উদ্ধার করে পুলিশ।

উপজেলার মঘি ইউনিয়ন দক্ষিণ বীরপুর গ্রামে শাহাবুরের কাছে শিশুটিকে বিক্রি করেছিলেন সাগর।

বৃহস্পতিবার রাতে পুলিশ সুপার মোল্ল্যা আজাদ হোসেন এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তিনি বলেন, গত ২৭ এপ্রিল ২৫ হাজার টাকার স্ট্যাম্পে লিখিত চুক্তির মাধ্যমে শিশুটিকে বিক্রি করা হয়েছিল।

পুলিশ সুপার বলেন, গত ২৭ এপ্রিল শিশুটির মা তানজিলা খাতুন সন্তানের খোঁজ করতে থাকলে অভিযুক্ত বাবা সাগর হোসেন তাকে নানাভাবে বিভ্রান্ত করার উদ্দেশ্যে মিথ্যা তথ্য দেন। সাগর বলেন, শিশুটিকে জিনে নিয়ে গেছে। জিনের মাধ্যমে ফেরত আনার আশ্বাস দিয়ে প্রায় ২ মাস পার করেন তিনি।

পরে তথ্য-প্রযুক্তির সহযোগিতা ও স্থানীয়দের মাধ্যমে বিক্রি হওয়া শিশুটিকে বৃহস্পতিবার দুপুরে মঘি ইউনিয়ন দক্ষিণ বীরপুর শাহাবুর ও মনিরা খাতুন দম্পতির কাছ থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় উদ্ধার হওয়া শিশুটি তার মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

পিরোজপুরে বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত, আহত ২

আঞ্চলিক প্রতিনিধি, পিরোজপুর
পিরোজপুরে বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত, আহত ২
সংগৃহীত ছবি

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. হারুন বয়াতি (৬৫) নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় এক দম্পতি আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভাণ্ডারিয়া-চরখালী সড়কের চায়না প্রজেক্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হারুন বয়াতি উপজেলার নদমূলা-শিয়ালকাঠী ইউনিয়নের হেতালিয়া গ্রামের বাসিন্দা এবং জিন্নাত আলীর ছেলে। আহতরা হলেন বিজয় শিকদার (২৫) ও তার স্ত্রী রূপা শিকদার (২০)। তাদের ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, মঠবাড়িয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস চায়না প্রজেক্ট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা চরখালীগামী একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ তিনজন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অটোরিকশাচালক হারুন বয়াতির মৃত্যু হয়। আহত বিজয় শিকদার ও তার স্ত্রী রূপা শিকদার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল কর্মকর্তা ডা. জান্নাতুল মাওয়া জানান, হারুন বয়াতিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তার মাথা, কোমর ও পায়ে গুরুতর আঘাত ছিল। প্রাথমিক চিকিৎসা চলাকালে তিনি মারা যান।

দুর্ঘটনার পর বাসের চালক ও সহকারী পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করে থানায় নিয়ে যায়।

ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। জব্দ করা বাসটি পুলিশ হেফাজতে রয়েছে এবং পলাতক চালক ও হেলপারকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

টেকসই ও আধুনিক বাঞ্ছারামপুর বিনির্মাণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ : জোনায়েদ সাকি

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
টেকসই ও আধুনিক বাঞ্ছারামপুর বিনির্মাণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ : জোনায়েদ সাকি
বাঞ্ছারামপুরের উজানচরে জিও ব্যাগ ফেলা হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর ইউনিয়নের রাধানগর এলাকায় তিতাস নদীর ভাঙন রোধে ২০২৫-২৬ অর্থবছরের আওতাধীন জিও ব্যাগ দ্বারা জরুরি অস্থায়ী তীর প্রতিরক্ষা কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে বাঞ্ছারামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রবিউল হাসান ভূঁইয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে এ কাজের উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য জোনায়েদ আব্দুর রহিম সাকি। 

​ভার্চুয়াল বক্তব্যে সাকি বাঞ্ছারামপুরের সামগ্রিক উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে জোনায়েদ সাকি  বলেন, ‘বাঞ্ছারামপুরের জনগণের ভাগ্য উন্নয়নে ও নদীভাঙনের হাত থেকে এলাকা রক্ষায় আমাদের চলমান যেসব উন্নয়ন প্রকল্প রয়েছে, সেগুলোর পরিকল্পনা আমরা ইতিমধ্যে বাস্তবায়নের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাচ্ছি। টেকসই ও আধুনিক বাঞ্ছারামপুর বিনির্মাণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমি বাঞ্ছারামপুরবাসীকে আশ্বস্ত করতে চাই, আগামী কিছুদিনের মধ্যেই এই উপজেলার মানুষ মাঠপর্যায়ে দৃশ্যমান ব্যাপক উন্নয়ন দেখতে পারবে। আমরা অতি শিগগির বাঞ্ছারামপুরকে আরো উন্নত ও একটি সুপরিকল্পিত টেকসই উন্নয়নের ভিত্তির ওপর দাঁড় করাব।’

তিনি আরো বলেন, তিতাস নদীর ভাঙনকবলিত রাধানগরবাসীর দীর্ঘদিনের দাবি ছিল এই তীর প্রতিরক্ষা কাজ। এই জরুরি অস্থায়ী জিও ব্যাগ নিক্ষেপের মাধ্যমে আপাতত ভাঙন রোধ করা হচ্ছে এবং পরবর্তীতে এখানে স্থায়ী ও টেকসই বাঁধ নির্মাণের পরিকল্পনাও সরকারের রয়েছে।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আকাশ দত্ত, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহায় বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মহসিন, উপজেলা বিএনপির সহসভাপতি ও উজানচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আক্তার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুর হাসান মাসুম, সাংগঠনিক সম্পাদক শুকরি সেলিম, ছাত্র বিষয়ক সম্পাদক আবু কালাম, উপজেলা কৃষকদলের সভাপতি উদ্দিন মেহেদীসহ ​অনুষ্ঠানে উজানচর ইউনিয়নের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।