কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকায় দুই নাইট গার্ডকে অপহরণ করে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৭ জুন) ভোরে রঙ্গীখালী এলাকার একটি মসজিদের সামনে থেকে তাদের তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। আহতরা হলেন রঙ্গীখালী এলাকার বাসিন্দা মাঈনউদ্দিন ও হেলাল উদ্দিন।
ভুক্তভোগী মাঈনউদ্দিন জানান, তারা রঙ্গীখালী বাজারের একটি টমটম গ্যারেজে রাতের পাহারার দায়িত্বে ছিলেন। এ সময় কয়েকজন ব্যক্তির সন্দেহজনক কর্মকাণ্ড তাদের নজরে আসে। বিষয়টি দেখে ফেলায় অস্ত্রের মুখে তাদের তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, আমাদের একটি নির্জন স্থানে আটকে রেখে মারধর করা হয়। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।”
স্থানীয়দের অভিযোগ, এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনায় বাধা হতে পারে এমন আশঙ্কা থেকে ওই দুইজনকে ভয়ভীতি দেখাতে অপহরণ ও নির্যাতন করা হয়েছে। হামলাকারীরা বিভিন্ন মামলার আসামি এবং ভুক্তভোগীদের আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগী হিসেবে সন্দেহ করেই এ ঘটনা ঘটিয়েছে বলেও দাবি করেন তারা।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সাঈদ চৌধুরী জানান, বুধবার দুপুরে গুরুতর আহত অবস্থায় মাঈনউদ্দিনকে হাসপাতালে আনা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও কালশিটের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শক্ত কোনো বস্তু দিয়ে তাকে মারধর করা হয়েছে। অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
অপর ভুক্তভোগী হেলাল উদ্দিন বলেন, “অস্ত্রধারী কয়েকজন লোক আমাদের তুলে নিয়ে যায়। মাঈনউদ্দিনকে লোহার রড দিয়ে বেশি মারধর করা হয়েছে। তার অবস্থা গুরুতর।”
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, “হ্নীলার রঙ্গীখালী এলাকায় দুইজনকে অপহরণের চেষ্টার ঘটনা শুনেছি। ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”




