• ই-পেপার

ইজিবাইকচালক হত্যা মামলায় গ্রেপ্তার ৪, অভিযুক্তদের বাড়িতে আগুন

২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক

নারায়ণগঞ্জ সিটি প্রতিনিধি
২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক
ছবি: কালের কণ্ঠ

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে প্রায় ২০০ বছরের পুরোনো একটি শ্মশান ঘাটের উন্নয়নকাজ রক্ষায় আদালতে দাঁড়িয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। দীর্ঘ সাত মাস ধরে বন্ধ থাকা শ্মশান উন্নয়ন প্রকল্প পুনরায় চালুর লক্ষ্যে তিনি আদালতে উপস্থিত হয়ে শ্মশানের পক্ষে যুক্তি ও প্রয়োজনীয় নথিপত্র উপস্থাপন করেন।

বুধবার (১৭ জুন) বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ তাহমিনা আক্তার পিংকির আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। আম্বার পেপার মিলসের দায়ের করা মামলায় জারি হওয়া ইনজাংশন ও স্থিতাবস্থা আদেশ বাতিলের আবেদন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন।

আদালত সূত্রে জানা যায়, ১৭৯৩ সালে সিদ্ধিরগঞ্জের ৫ নম্বর ওয়ার্ডের আজিবপুর এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী শ্মশান ঘাট ও মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। প্রায় ৩১ শতাংশ জমির ওপর গড়ে ওঠা এ শ্মশানটি সিদ্ধিরগঞ্জের একমাত্র শ্মশান হিসেবে পরিচিত। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১ থেকে ১০ নম্বর ওয়ার্ডের পাশাপাশি, সোনারগাঁ উপজেলার কাঁচপুর ও মদনগঞ্জ এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষ এখানে শেষকৃত্য সম্পন্ন করে থাকেন।

সূত্র জানায়, দীর্ঘদিনের অবকাঠামোগত সংকট দূর করতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন প্রায় দুই কোটি টাকা ব্যয়ে আধুনিক দাহ চুল্লি, গোসল ঘর এবং দ্বিতল অফিস ভবন নির্মাণ প্রকল্প হাতে নেয়। ২০২৫ সালের ১৯ জুন কাজ শুরু হওয়ার পর ৪৮টি পাইলিং পিলার নির্মাণও সম্পন্ন হয়। তবে পরে পারটেক্স গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আম্বার পেপার মিলস হাইকোর্টে মামলা দায়ের করলে আদালতের স্থিতাবস্থা আদেশে উন্নয়নকাজ বন্ধ হয়ে যায়।

শুনানি শেষে প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, হাট-ঘাট, মাঠ ও ধর্মীয় প্রতিষ্ঠান লিজ দেওয়ার কোনো বৈধতা নেই, বিগত আমলে ফ্যাসিস্ট সরকার অবৈধভাবে এই জায়গা লিজ দেয়। প্রায় দুইশ বছরের পুরোনো একটি শ্মশানের সব বৈধ কাগজপত্র ও আদালতের পূর্ববর্তী রায় থাকার পরও একটি শিল্পগোষ্ঠী হাইকোর্টে রিট করে জনস্বার্থ সংশ্লিষ্ট উন্নয়ন কাজ বন্ধ করে দিয়েছে। আমরা আদালতে প্রয়োজনীয় সব নথিপত্র উপস্থাপন করেছি। আশা করছি, ন্যায়বিচার পাব।

সাখাওয়াত হোসেন খান বলেন, ১৭৯৩ সালে প্রতিষ্ঠিত এই শ্মশান ঘাট ও মন্দিরের অস্তিত্ব বিভিন্ন সরকারি তদন্তে প্রমাণিত হয়েছে। সরকারি আইন অনুযায়ী মন্দির, মসজিদ, শ্মশান, রাস্তা-ঘাট বা জনস্বার্থসংশ্লিষ্ট স্থাপনা লিজ দেওয়া যায় না। একটি মিথ্যা দাবির ভিত্তিতে উন্নয়নকাজ আটকে রাখা হয়েছে। আদালতের রায় সত্য ও সাধারণ মানুষের পক্ষে আসবে বলে আমরা আশা করছি।

অন্যদিকে, বিবাদীপক্ষ আম্বার পেপার মিলসের আইনজীবী সময়ের আবেদন করলে আদালত পরবর্তী শুনানির জন্য বৃহস্পতিবার (১৮ জুন) দিন নির্ধারণ করেন।

শ্মশান কমিটির সভাপতি সুভাষ চন্দ্র তরফদার জানান, ১৯৮৯ সালে পারটেক্স গ্রুপ জেলা প্রশাসনের কাছ থেকে ৬ দশমিক ৭৯ একর জমি বন্দোবস্ত নিলেও আবেদনে শ্মশানের ৩১ শতাংশ জমির বিষয়টি উল্লেখ করা হয়নি। পরবর্তীতে এ নিয়ে বিরোধ সৃষ্টি হলে আদালত শ্মশানের পক্ষে রায় দেন। অতীতেও কয়েকবার জমি দখলের চেষ্টা হলেও স্থানীয় হিন্দু সম্প্রদায় ও এলাকাবাসীর প্রতিরোধে তা ব্যর্থ হয়।

শ্মশান কমিটির সদস্য শিশির ঘোষ (অমর) বলেন, এটি শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, হাজারো মানুষের শেষ বিদায়ের স্থান। মানবিক কারণে দ্রুত উন্নয়নকাজ শেষ হওয়া জরুরি।

আম্বার পেপার মিলসের ইনচার্জ নজরুল ইসলাম বলেন, শ্মশানে দাহ কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে এবং আদালতের নির্দেশনা মূলত ভবন নির্মাণসংক্রান্ত বিষয়ে প্রযোজ্য।

স্থানীয়দের অভিযোগ, জনস্বার্থসংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প দীর্ঘদিন ধরে আইনি জটিলতায় আটকে রয়েছে। নির্ধারিত সময়ে কাজ শেষ না হলে বরাদ্দকৃত অর্থ ফেরত যাওয়ার আশঙ্কাও রয়েছে। তাই দ্রুত বিরোধ নিষ্পত্তি করে উন্নয়নকাজ পুনরায় শুরুর দাবি জানিয়েছেন তারা।

স্থানীয় সব ধর্মের মানুষের প্রত্যাশা, আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের মাধ্যমে দীর্ঘদিনের এ বিরোধের অবসান ঘটবে এবং সিদ্ধিরগঞ্জের প্রায় দুই শতাব্দী পুরোনো শ্মশান ঘাট আধুনিক সুবিধাসম্পন্ন অবকাঠামো পাবে।
 

টিউবওয়েল নিয়ে বিরোধ, ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই নিহত

তিতাস-হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
টিউবওয়েল নিয়ে বিরোধ, ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই নিহত
ছবি: কালের কণ্ঠ

কুমিল্লার তিতাস উপজেলায় টিউবওয়েল ব্যবহার নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের কোদালের আঘাতে মো. ইসমাইল মানিক (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (১৭ জুন) বিকেলে উপজেলার কেশবপুর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের মেয়ে রাইসা আক্তার জানান, টিউবওয়েল ব্যবহারের বিষয় নিয়ে বড় ভাই ইসমাইল মানিকের সঙ্গে তার ছোট ভাই রাজিব ইসলাম সাগরের কথা-কাটাকাটি ও ঝগড়া হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে রাজিব কোদাল দিয়ে তার বড় ভাইয়ের ওপর আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরিবারের সদস্যরা দ্রুত ইসমাইল মানিককে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিরুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রাজশাহীতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে দুই ভাই নিহত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে দুই ভাই নিহত
ছবি: কালের কণ্ঠ

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজার এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আপন দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুজন গুরুতর আহত হয়েছেন। 

বুধবার (১৭ জুন) সকাল প্রায় ১১টার দিকে বানেশ্বর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নকুলবাড়িয়া গ্রামের ধোপাপাড়া এলাকার বাসিন্দা আব্দুল খালেক প্রামাণিক (৬৫) ও হাচেন প্রামাণিক (৬৭)। তারা মৃত রিয়াজ প্রামাণিকের ছেলে।

আহতরা হলেন হাতেমের ছেলে লালন ও মৃত জালালের ছেলে লাল্টু। দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

স্থানীয় সূত্র জানায়, নকুলবাড়িয়া এলাকার একটি মসজিদের জন্য মাইক কেনার উদ্দেশ্যে চারজন যাত্রী অটোরিকশাযোগে রাজশাহীর দিকে যাচ্ছিলেন। এদিকে ঢাকা মেট্রো-ট-১২-৭৪৪৪ নম্বরের একটি ক্যারেটবাহী ট্রাক নাটোরের দিকে যাচ্ছিল। বানেশ্বর বাজার এলাকায় পৌঁছালে ট্রাক ও অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং অপর তিনজন গুরুতর আহত হন।

পরে আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় হাচেন প্রামাণিক মারা যান।

পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে গেছেন। ট্রাকটি আটক করা হয়েছে। ঘটনাস্থলে একজন (আব্দুল খালেক প্রামাণিক) নিহত হয়েছেন। আরো তিনজনকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে হাচেন প্রামাণিক মারা যান। 

ফকিরহাটে সরকারি বস্তায় ধান বহন, ব্যবসায়ী গ্রেপ্তার

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
ফকিরহাটে সরকারি বস্তায় ধান বহন, ব্যবসায়ী গ্রেপ্তার
ছবি: কালের কণ্ঠ

বাগেরহাটের ফকিরহাটে সরকারি ট্যাগ লাগানো বস্তায় ধান বহন করার অপরাধে সাধন ঘোষ (৩৮) নামে এক ধান ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ধান বহনকারী ট্রাকসহ ৪৩১ বস্তা ধান জব্দ করা হয়েছে।

বুধবার (১৭ জুন) সকালে এ ঘটনায় ফকিরহাট মডেল থানায় একটি মামলা হয়েছে। গ্রেপ্তার সাধন ঘোষ বটিয়াঘাটার ভাদগাতী এলাকার মৃত পরিতোষ ঘোষের ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার (১৬ জুন) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পালেরহাট এলাকা থেকে ট্রাকসহ বস্তাভর্তি ধান জব্দ করা হয়। ট্রাকে থাকা ৪৩১ বস্তায় সরকারি সিল রয়েছে।

ধান ব্যবসায়ী সাধন ঘোষ বিভিন্ন এলাকা থেকে ধান কিনে বাড়তি সুবিধার জন্য সরকারি বস্তায় ধান নিয়ে খুলনা উদ্দেশ্যে যাওয়ার পথে তা জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানার এসআই মো. হাসানুজ্জামান বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করেন।

ফকিরহাট মডেল থানার ওসি শেখ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সরকারি বস্তায় ধান বহন করার অপরাধে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা ট্রাকসহ বস্তাভর্তি ধান খাদ্য গুদামে রাখা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।’