• ই-পেপার

সালথায় ইউপি চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি বাবু মোল্যা গ্রেপ্তার

ওমরায় গিয়ে ৩ বছর হাসপাতালের শয্যায়, দেশে ফেরার ১ মাস পরই মৃত্যু

ফেনী প্রতিনিধি
ওমরায় গিয়ে ৩ বছর হাসপাতালের শয্যায়, দেশে ফেরার ১ মাস পরই মৃত্যু
ফেনীর পরশুরাম উপজেলার হেদায়েতুল ইসলাম ওরফে মানিক হুজুর।

ওমরাহ হজ পালন করতে গিয়ে সৌদি আরবে অসুস্থ হয়ে পড়েছিলেন ফেনীর পরশুরাম উপজেলার হেদায়েতুল ইসলাম ওরফে মানিক হুজুর (৬৫)। টানা ৩ বছর তিন মাস সেখানকার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বাংলাদেশ সরকারের উদ্যোগে গত ১৩ মে দেশে ফিরেছিলেন তিনি। স্বজনদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটলেও শেষ পর্যন্ত তাকে আর সুস্থ করে ঘরে ফেরানো সম্ভব হয়নি। সোমবার (১৫ জুন) সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত হেদায়েতুল ইসলাম পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের মহেশপুষ্করণী গ্রামের বাসিন্দা। পরিবারে তার স্ত্রী, তিন ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি স্ত্রীকে নিয়ে ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে স্থানীয় আরো কয়েকজনের সঙ্গে সৌদি আরব যান মানিক হুজুর। মক্কায় কয়েকদিন অবস্থানের পর ১২ ফেব্রুয়ারি মদিনায় ফজরের নামাজ আদায়ের সময় দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে মসজিদের ফ্লোরে পড়ে যান তিনি। পরে তাকে মদিনার কিং ফাহাদ হাসপাতালে ভর্তি করা হয়। ৪-৫ মাস সিসিইউ ও আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর তাকে অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর প্রায় ৩ বছর তিন মাস তিনি সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরিবারের দাবি, এই সময়ে তিনি অচেতন অবস্থায় ছিলেন।

সূত্র আরো জানায়, দীর্ঘদিন ধরে তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছিল পরিবার। সর্বশেষ তার মেজো ছেলে আল শাহাদাত মোহাম্মদ হোসাইন ধর্ম মন্ত্রণালয়ে আবেদন করলে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। পরে বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়, বাংলাদেশ হজ মিশন এবং সৌদি সরকারের সহযোগিতায় গত ১৩ মে বিশেষ ব্যবস্থায় তাকে দেশে ফিরিয়ে আনা হয়। দেশে ফেরার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে এক মাসের বেশি সময় চিকিৎসাধীন থাকার পর সোমবার সকালে তার মৃত্যু হয়।

আবুল কালাম নামে এক প্রতিবেশী বলেন, ‘একদম সুস্থ স্বাভাবিক অবস্থায় তিনি স্ত্রীকে সঙ্গে নিয়ে ওমরাহ করতে যান। সেখানে দীর্ঘ সময় অসুস্থ হয়ে অচেতন অবস্থায় (কোমায়) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতালে তার সঙ্গে কেউ থাকার সুযোগ না থাকায় স্ত্রী তখনই দেশে ফিরে আসেন। এলাকার মানুষজন মাঝেমধ্যে গিয়ে দেখে আসতেন। তার ছেলেও সৌদি গিয়ে বাবাকে দেখে এসেছিল। টানা এতদিন একজন মানুষকে চিকিৎসা দেওয়ায় সৌদি সরকার অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। সর্বশেষ বাংলাদেশ সরকারের মধ্যস্থতায় তাকে দেশে ফিরিয়ে আনা হলেও আর ঘরে ফেরা হয়নি। তার মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।’

মৃত মানিক হুজুরের ছেলে আল শাহাদাত মোহাম্মদ হোসাইন বলেন, দীর্ঘ ৩ বছরেরও বেশি সময় পর আমরা বাবাকে দেশে ফিরিয়ে আনতে পেরেছিলাম। আশা ছিল তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন। কিন্তু আল্লাহর ইচ্ছায় তা আর হলো না। আমরা সকলের কাছে তার রুহের মাগফিরাত কামনা করছি। আজ রাত সাড়ে ৯টার দিকে জানাজা শেষে বাবাকে দাফন করা হবে।

চাঁপাইনবাবগঞ্জে ফুটবল খেলার সময় বজ্রাঘাতে যুবক নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে ফুটবল খেলার সময় বজ্রাঘাতে যুবক নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ফুটবল খেলার সময় বজ্রাঘাতে অন্তর আলী (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত অন্তর আলী শিবগঞ্জ পৌর এলাকার চকদৌলতপুর (মণ্ডলটোলা) মহল্লার আব্দুল মান্নানের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে বাড়ির অদূরে একটি মাঠে সমবয়সীদের সঙ্গে ফুটবল খেলছিলেন অন্তর আলী। এ সময় হালকা ঝড়সহ বজ্রবৃষ্টি শুরু হলে বজ্রপাতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পাকুন্দিয়ায় যুবদল নেতাকে শোকজ

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
পাকুন্দিয়ায় যুবদল নেতাকে শোকজ
যুবদল নেতা মো. স্বপন শাহ্র। সংগৃহীত ছবি

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. স্বপন শাহ্রের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারি করেছে উপজেলা যুবদল। সোমবার (১৫ জুন) উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মিজানুর রহমান সুমন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রাকিবুল আলম ছোটনের যৌথ স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য জানা যায়।

চিঠিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন ও সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ায় স্বপন শাহ্রের বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে না, এর লিখিত জবাব আগামী সাত দিনের মধ্যে উপজেলা যুবদলের আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম আহ্বায়কের কাছে জমা দিতে নির্দেশ দেওয়া হলো।

চিঠিতে আরো বলা হয়, যথাসময়ে নোটিশের জবাব দিতে ব্যর্থ হলে স্বপন শাহ্র বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে অভিযুক্ত যুবদল নেতা স্বপন শাহ বলেন, ‘কেন আমাকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে আমি জানি না। তবে আমি ধারণা করছি, গত ফ্যাসিস্ট সরকারের আমলে যারা লুটপাট করে খেয়েছে তারাই এখন বিএনপিতে ঢুকে এমপির নাম ভাঙিয়ে লুটপাট করছে। দলের ভাবমূর্তি নষ্ট করছে। এসব বিষয় নিয়ে আমি প্রায়ই প্রতিবাদ করি। এসব কারণই হয়তো আমাকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে থাকতে পারে।’

এ বিষয়ে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল আলম ছোটন বলেন, ‘তার বিভিন্ন বিতর্কিত কার্যকলাপে দলের অভ্যন্তরে অসন্তোষ বিরাজ করছে। তাই তাকে নোটিশটি দেওয়া হয়েছে।’

আশুগঞ্জে ‘ইভ টিজারের’ কাছে মিলল ইয়াবা, ৬ মাসের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আশুগঞ্জে ‘ইভ টিজারের’ কাছে মিলল ইয়াবা, ৬ মাসের কারাদণ্ড
ছবি : কালের কণ্ঠ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে কলেজছাত্রীকে যৌন হয়রানির (ইভ টিজিং) ঘটনায় আলোচিত যুবক ইমনকে সোমবার দুপুরে ইয়াবাসহ আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আশুগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযান সূত্র জানা যায়, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে আশুগঞ্জ বাজারের একটি দোকানে অভিযান চালানো হয়। এ সময় ইমনকে আটক করে তল্লাশি চালালে তার কাছে চারটি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। অপরাধ স্বীকার করায় তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

উল্লেখ্য, ১৪ জুন আশুগঞ্জ উপজেলা পরিষদের সামনের সড়কে এক কলেজছাত্রীকে ইভ টিজিংয়ের অভিযোগ ওঠে ইমনের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা দেখা দেয়।