গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় মো. নাসির মিয়া (৪৬) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৪ জুন) বিকেলে উপজেলার মধুমতি সেতুর টোল প্লাজা এলাকার সড়কের পাশ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নাসির মিয়া ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার মৃত সারোয়ার মিয়ার ছেলে। তিনি ভাইয়ের ব্যবসার সুবাদে দীর্ঘদিন ধরে কাশিয়ানীতে বসবাস করতেন।
স্থানীয় সূত্র জানায়, বিকেলে মধুমতি সেতুর টোল প্লাজা সংলগ্ন সড়কের পাশে নাসির মিয়ার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
তিনি আরো জানান, পরিবার ও স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, নাসির মিয়া মৃগী রোগে আক্রান্ত ছিলেন। তার শরীরে বড় ধরনের কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃগী রোগের খিঁচুনির সময় পড়ে গিয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ।




