পটুয়াখালীর বাউফলে বিয়ের অনুষ্ঠানে খাবার পরিবেশনকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় মুরগির রোস্ট চাওয়াকে কেন্দ্র করে শুরু হওয়া বাগবিতণ্ডা। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। এতে অন্তত তিনজন আহত হয়েছেন।
গতকাল শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার দাশপাড়া ইউনিয়নের মোল্লা বাড়ির পোল এলাকায় এক বিয়ের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। আহতরা হলেন পলাশ মোল্লা (২৯), জুলহাস মোল্লা (২৫) ও রাসেল মোল্লা (২২)।
স্থানীয়রা জানান, বিয়ের অনুষ্ঠানে খাবার পরিবেশনের সময় ছেলে পক্ষের একজন মেহমান কনের পক্ষের এক পরিবেশনকারীর কাছে অতিরিক্ত একটি মুরগির রোস্ট চান। এসময় রোস্টের পরিবর্তে অন্য মাংস পরিবেশন করা নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত তিনজন আহত হন। তাদেরকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা।
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, রাসেল মোল্লার বাম চোখের পাশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।
কনের মামা বাবলু আকনের দাবি, রোস্ট চাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে উত্তেজনা সৃষ্টি হয়। পরে বরপক্ষের ওই ব্যক্তি হামলা চালালে তা সংঘর্ষে রূপ নেয়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে শুনেছি। এখনও লিখিত কোনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




