• ই-পেপার

শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬২

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বৃদ্ধার

অভয়নগর (যশোর) প্রতিনিধি
বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বৃদ্ধার
প্রতীকী ছবি

যশোরের অভয়নগরে মাছের ঘেরের পাড়ে পড়ে থাকা বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহারা বেগম নামে এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৫ জুন) সকালে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের পাথালিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহারা বেগম (৬০) পাথালিয়া গ্রামের মোহাম্মদ মাহামুদের স্ত্রী।

নিহতের ছোট ভাই বাকি বিল্লাহ জানান, শুক্রবার সকাল ৭টার দিকে তার বোন শাহারা বেগম বাড়ির পাশে নিজ মাছের ঘেরে যান। এ সময় ঘেরের পাড়ে পড়ে থাকা বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। প্রায় এক ঘন্টা পর ঘটনাস্থল থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্টে নিহত বৃদ্ধার মরদেহের সুরতহাল সম্পন্ন হয়েছে। ঘটনাটি অপমৃত্যু হিসেবে নথিভুক্ত করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

তাল পাড়তে গিয়ে প্রাণ গেল যুবকের

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি
তাল পাড়তে গিয়ে প্রাণ গেল যুবকের
প্রতীকী ছবি

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বক্তা ইউনিয়নের কালনাজানী গ্রামে তাল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মাহফুজ (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মাহফুজ কালনাজানী গ্রামের আব্দুল মান্নানের একমাত্র ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।

শুক্রবার দুপুরে বাড়ির পাশের একটি তালগাছ থেকে তাল পাড়তে বাঁশ বেঁধে গাছে ওঠেন মাহফুজ। প্রায় ৫০ ফুট ওপরে ওঠার পর বাঁশ ভেঙে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন
দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনার তদন্তে ৭ সদস্যের কমিটি

দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনার তদন্তে ৭ সদস্যের কমিটি

 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পূর্ব পাশে সামাজিক কবরস্থানসংলগ্ন একটি তালগাছ থেকে তালের আঁশড়া (কচি তাল) পাড়ার জন্য গাছের সঙ্গে বাঁশ বেঁধে উঠছিলেন মাহফুজ। প্রায় ৫০ ফুট ওপরে ওঠার পর বাঁশ ভেঙে নিচে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান বলেন, তালগাছ থেকে পড়ে মৃত্যুর বিষয়টি কেউ আমাদের অবহিত করেনি।

দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনার তদন্তে ৭ সদস্যের কমিটি

রাজবাড়ী প্রতিনিধি
দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনার তদন্তে ৭ সদস্যের কমিটি
ছবি: কালের কণ্ঠ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে এসবি সুপার ডিলাক্স পরিবহনের একটি বাস দুর্ঘটনার ঘটনা তদন্তে ৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

শুক্রবার (৫ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ের জুডিশিয়াল মুন্সিখানা শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা পারভীন স্বাক্ষরিত আদেশে দুর্ঘটনার কারণ উদঘাটন, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের লক্ষ্যে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির আহ্বায়ক করা হয়েছে রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে। সদস্য হিসেবে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ফেরিঘাটের সহকারী মহাব্যবস্থাপক, বিআরটিএর সহকারী পরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক এবং দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক। কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

অফিস আদেশে বলা হয়েছে, তদন্ত কমিটি প্রয়োজনে অতিরিক্ত সদস্য কো-অপ্ট করতে পারবে। কমিটিকে ঘটনাস্থল পরিদর্শনসহ প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম সম্পন্ন করে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

আরো পড়ুন

কাকে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী?

কাকে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী?

 

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় সংঘটিত মর্মান্তিক এ দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে দ্রুত তদন্ত কার্যক্রম পরিচালনা করা হবে।

এদিকে, অফিস আদেশের অনুলিপি মন্ত্রিপরিষদ বিভাগ, ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং সংশ্লিষ্ট প্রশাসনিক ও পরিবহন বিভাগের কর্মকর্তাদের কাছে প্রেরণ করা হয়েছে।

ঝিনাইদহের এসপি মাহফুজ আফজালকে প্রত্যাহার

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের এসপি মাহফুজ আফজালকে প্রত্যাহার
মো. মাহফুজ আফজাল। সংগৃহীত ছবি

ঝিনাইদহের পুলিশ সুপার (এসপি) মো. মাহফুজ আফজালকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, তাকে ঝিনাইদহ জেলার জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তার কাছে দায়িত্ব হস্তান্তর করে ৫ জুনের মধ্যে পুলিশ সদর দপ্তরে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে তাকে প্রত্যাহারের কোনো কারণ উল্লেখ করা হয়নি।

এর আগে গত বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঝিনাইদহের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মাহফুজ আফজাল।

তার দায়িত্বকালীন সময়ে জেলায় দুটি রাজনৈতিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ছাড়া সামাজিক বিরোধকে কেন্দ্র করে একাধিক সংঘর্ষ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা এবং সর্বশেষ ধর্ষণচেষ্টার অভিযোগে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যুর ঘটনাও ঘটে।

এসব ঘটনার প্রেক্ষাপটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার মধ্যে তাকে প্রত্যাহারের আদেশ জারি করা হলো। তবে এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।