• ই-পেপার

ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় মানুষের ঢল

চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু
প্রতীকী ছবি

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গাছবাড়িয়া বরুমতি ব্রিজ সংলগ্ন এলাকায় রাস্তা পার হতে গিয়ে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মো. আবুল কাশেম (৮৪) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) রাত ৮টার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. আবুল কাশেম চন্দনাইশ উপজেলা হাশিমপুর ইউনিয়নের ভাই খলিফা পাড়া এলাকার মরহুম আলতাফ হোসেনের ছেলে বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার বরুমতি ব্রিজ সংলগ্ন এলাকায় রাস্তা পার হওয়ার সময় দোহাজারীগামী সিএনজিচালিত অটোরিকশাটি ধাক্কা দেয়।

এতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নেওয়া হলে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. জাওয়াদ জানান, হাসপাতালে আনার আগে আবুল কাশেম মৃত্যুবরণ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন দোহাজারী হাইওয়ে থানার ওসি মো. সালাহ উদ্দিন।

ওসমানী মেডিক্যাল কলেজ ও কিউশু বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক
ওসমানী মেডিক্যাল কলেজ ও কিউশু বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
ছবি : কালের কণ্ঠ

গবেষণা ও স্বাস্থ্যখাতে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ এবং জাপানের কিউশু বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

‘Advancing Healthcare Innovation Through International Research Collaboration’ শীর্ষক এক সেমিনারের মাধ্যমে বৃহস্পতিবার (৪ জুন) ওসমানী মেডিক্যাল কলেজে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. আহমেদ রিয়াদ চৌধুরী।

কিউশু বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলে ছিলেন ডা. নাওকি নাকাশিমা, ডা. রফিকুল ইসলাম মারুফ এবং ডা. আশির আহমেদ।

সেমিনারে সভাপতিত্ব করেন ওসমানী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোস্তফা তৌফিক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক উমর রাশেদ মুনির।

আলোচনায় উভয় প্রতিষ্ঠানের গবেষণা কার্যক্রম, অ্যাকাডেমিক অগ্রগতি এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক তুলে ধরা হয়। বিশেষ করে কমিউনিটি হেলথ, অসংক্রামক রোগ, ডিজিটাল হেলথ, মেডিকেল ইনফরমেটিক্স ও হাসপাতাল ব্যবস্থাপনা বিষয়ে যৌথ গবেষণার সম্ভাবনার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সমঝোতা স্মারকের আওতায় গবেষণা সহযোগিতা, শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়, যৌথ প্রকল্প বাস্তবায়ন এবং স্বাস্থ্যখাতে উদ্ভাবন বৃদ্ধির বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করে।

বক্তারা আশা প্রকাশ করেন, এই সহযোগিতা বাংলাদেশের স্বাস্থ্য গবেষণা ও চিকিৎসা শিক্ষা ব্যবস্থাকে আরও সমৃদ্ধ করবে এবং আন্তর্জাতিক মানে উন্নীত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

খুলনায় গ্রেনেড বাবুর দুই সহযোগীসহ গ্রেপ্তার ৫৯

খুলনা অফিস
খুলনায় গ্রেনেড বাবুর দুই সহযোগীসহ গ্রেপ্তার ৫৯

খুলনা মহানগরীতে অপরাধ নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ যৌথ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৫৯ জনকে গ্রেপ্তার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। অভিযানে চিহ্নিত সন্ত্রাসী গ্রেনেড বাবুর দুই সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ জুন) দিবাগত রাত ১২টা থেকে শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

কেএমপির মিডিয়া সেল জানায়, মহানগর এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, ছিনতাই ও অন্যান্য অপরাধ দমনে পুলিশ কমিশনারের নির্দেশনায় মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ (ডিবি) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

অভিযানে খুলনা থানা এলাকা থেকে ১৩ জন, সোনাডাঙ্গা মডেল থানা থেকে ১৩ জন, লবণচরা থানা থেকে ৬ জন, হরিণটানা থানা থেকে ১ জন, খালিশপুর থানা থেকে ১৬ জন, দৌলতপুর থানা থেকে ৮ জন এবং মহানগর গোয়েন্দা বিভাগ (ডিবি) ২ জনকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে চিহ্নিত সন্ত্রাসী গ্রেনেড বাবুর অন্যতম সহযোগী হিসেবে পরিচিত কসাই লিটন ও রিফাতকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

কেএমপি আরো জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এর দুদিন আগে খুলনা শহরের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এমপি সদর দপ্তরে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। ওই সময় থেকে মাদক কারবারি, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন কেএমপি কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান।

অভিযানে খুলনা মেট্রোপলিটন পুলিশ, র‌্যাব-৬ এবং খুলনাস্থ বিভিন্ন পুলিশ ইউনিট যেমন : খুলনা জেলা, ৩ এপিবিএনসহ যৌথভাবে অংশগ্রহণ করবে। যৌথ অভিযান টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চিহ্নিত তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে প্রয়োজনীয় আইনাগত ব্যবস্থা গ্রহণ করবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়।

তারেক রহমানের নেতৃত্বে স্বনির্ভর হবে বাংলাদেশ : কামরুল হুদা

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
তারেক রহমানের নেতৃত্বে স্বনির্ভর হবে বাংলাদেশ : কামরুল হুদা
ছবি : কালের কণ্ঠ

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা সভাপতি মো কামরুল হুদা বলেছেন, ‘জিয়াউর রহমান যেভাবে স্বনির্ভর বাংলাদেশের ভিত্তি গড়ে দিয়েছিলেন, ঠিক তেমনি তারেক রহমানের নেতৃত্বে একটি আধুনিক, আত্মনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে উঠবে। আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাই।’

শুক্রবার (৫ জুন) সন্ধ্যায় চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়ন (দক্ষিণ) বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

বিএনপির এই নেতা বলেন, ‘জামায়াত ইসলামের নামে ধোঁকাবাজি করে। জামায়াত ইসলামী ধর্মের কথা বলে ভোটের জন্য, তারা ইসলামের জন্য কোনো কিছু করে না। জামায়াত ইসলামী জনগণের দল নয়, তারা একটা গোষ্ঠীর দল।’

কামরুল হুদা আরো বলেন, ‘বাংলাদেশের এখন সবচেয়ে বড় দল বিএনপি। এই দলের কোনো বিকল্প নাই। চৌদ্দগ্রামের হাতকে আরো শক্তিশালী করতে হলে তৃণমূল থেকে আরো শক্তিশালী হতে হবে।’ 

উপজেলা ৫ নম্বর শুভপুর ইউনিয়ন (দক্ষিণ) বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিতুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু, সহ-সভাপতি মো. শাহ আলম (এমএসসি) ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মাইন উদ্দিন মিয়াজিসহ প্রমুখ।