• ই-পেপার

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ শিগগিরই, জানা যাবে যেভাবে

স্থানীয় নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণ না করার আহ্বান শিক্ষামন্ত্রীর

অনলাইন ডেস্ক
স্থানীয় নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণ না করার আহ্বান শিক্ষামন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচনগুলোতে শিক্ষকদের অংশগ্রহণ না করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেন, সরকার যেন এ ব্যাপারে আইন তৈরি করে।

বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইউনেসকো আয়োজিত ‘গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন সিস্টেম ট্রান্সফরমেশন গ্রান্ট অ্যান্ড মাল্টিপিলার গ্রান্ট ফর বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আমি ভাবছি, আগামী দিনের নির্বাচনগুলোতে শিক্ষকরা যেন পার্টিসিপেট (অংশগ্রহণ) না করে এবং সরকার যেন এ ব্যাপারে আইন তৈরি করে, শিক্ষকরা যেন লোকাল গর্ভমেন্ট ইলেকশনে (স্থানীয় সরকার নির্বাচনে) যেন না যায়। যেতে হলে তারা যেন চাকরি ছেড়ে চলে যায়।

তিনি আরো বলেন, শিক্ষকদের প্রশিক্ষণের জন্য, উন্নয়নের জন্য যে বিনিয়োগ করছি সেগুলো যেন সঠিকভাবে ব্যবহার করতে পারি। সেই লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী এগিয়ে যাচ্ছেন। এটার সফলতা আপনাদের সবার ওপর নির্ভর করছে। যেকোনো মূল্যের বিনিময়ে আগামীর বাংলাদেশ গড়তে হবে।

দাতা দেশগুলোকে বাংলাদেশকে সহায়তা দেওয়ার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আমরা সেগুলো যেন সঠিকভাবে ব্যবহার করতে পারি। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন–প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং ইউনেসকো প্রতিনিধিরা। 

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ক্লাস শুরু ১৫ জুলাই

অনলাইন ডেস্ক
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ক্লাস শুরু ১৫ জুলাই
সংগৃহীত ছবি

গুচ্ছভুক্ত (জিএসটি) ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন হতে পারে আগামী ৮ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত। চূড়ান্ত ভর্তি শেষে আগামী ১৫ জুলাই থেকে সব বিশ্ববিদ্যালয়ে একযোগে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু হবে।

গুচ্ছ ভর্তি পরীক্ষার কোর কমিটির (২০২৫-২৬) সদস্য সচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এখন চতুর্থ পর্যায়ের প্রাথমিক ভর্তি সম্পন্ন হয়েছে। আগামী ৪ এবং ৫ জুলাই আরেকটি মেধাতালিকা প্রকাশ করা হতে পারে। সে অনুযায়ী প্রাথমিক ভর্তি সম্পন্নের পর ৮ থেকে ১৩ তারিখ পর্যন্ত চূড়ান্ত ভর্তি চলবে এবং ১৫ তারিখ থেকে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে একযোগে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে।

সারা দেশে এইচএসসি পরীক্ষা শুরু

অনলাইন ডেস্ক
সারা দেশে এইচএসসি পরীক্ষা শুরু
সংগৃহীত ছবি

সারা দেশে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টা থেকে সব বোর্ডের পরীক্ষা শুরু হয়েছে।

প্রথম দিনে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মাদরাসা বোর্ডের অধীনে আলিম কোরআন মাজিদ এবং কারিগরি বোর্ডে এইচএসসির (বিএমটি) বাংলা-২ বিষয়ের পরীক্ষা নেওয়া হচ্ছে।

এইচএসসি/আলিম/এইচএসসি(বিএম/বিএমটি)/এইচএসসি(ভোকেশনাল)/ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় ১১টি বোর্ডে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ২ হাজার ৬৯৭টি এবং পরীক্ষায় অংশগ্রহণকারী মোট প্রতিষ্ঠানের সংখ্যা ৯ হাজার ৪৩৯টি। এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

সব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং শিক্ষা মন্ত্রণালয়ে সিসিটিভি ক্যামেরা মনিটরিং সেল স্থাপন করা হয়েছে। মনিটরিং সেলে বসে বাংলাদেশের যেকোনো প্রান্তের যেকোনো কেন্দ্রের পরীক্ষা মনিটরিং করা যাবে।

কেন্দ্রে দায়িত্বে নিয়োজিত পুলিশ কর্মকর্তার কাছে বডি-ওর্ন ক্যামেরা থাকবে। ফলে পরীক্ষাকেন্দ্রে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার সম্ভাবনা কম থাকবে।

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ

অনলাইন ডেস্ক
এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ
ফাইল ছবি

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের মাধ্যমে এ পরীক্ষা শুরু হবে।

এবার পরীক্ষায় অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী। সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রশ্নপত্রের নিরাপত্তা থেকে শুরু করে পরীক্ষার্থীদের জন্য একাধিক কঠোর নির্দেশনাও এরইমধ্যে জারি করেছে শিক্ষা বোর্ড। কেন্দ্রের ২০০ গজের মধ্যে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

এ বছরের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা চলবে ২ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত। ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে ১৫ আগস্টের মধ্যে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এরইমধ্যে পরীক্ষার রুটিন প্রকাশ করেছে।

নির্ধারিত সূচি অনুযায়ী সকাল ১০টায় শুরু হওয়া পরীক্ষা চলবে বেলা ১টা পর্যন্ত। দ্বিতীয় শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষাকক্ষে আসন গ্রহণ করতে হবে।

এ বছর নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে দেশের ১১টি শিক্ষা বোর্ডে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী ফরম পূরণ করেছেন। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ২ লাখ ৮৬৯ জন। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী বেড়েছে ১৯ হাজার ৪৭২ জন।